ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

জাপান মস্কোয় পাঠাল জ্যেষ্ঠ কূটনীতিক, সাংবাদিক মুক্তির আলোচনা


জাপান মস্কোয় পাঠাল জ্যেষ্ঠ কূটনীতিক, সাংবাদিক মুক্তির আলোচনা

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক এক সাংবাদিকের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চলতি সপ্তাহে মস্কোয় একটি জ্যেষ্ঠ কূটনীতিক পাঠিয়েছে জাপান।

বুধবার টোকিও এ তথ্য প্রকাশ করে।

রুশ কর্তৃপক্ষ গত সপ্তাহে জানায়, বিরোধপূর্ণ কিছু দ্বীপের নিকটবর্তী দেশের সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপে এক জাপানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বিক্ষোভের মধ্যেই সৌদি সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

পরে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়। তিনি হলেন হোক্কাইডো শিমবুন সংবাদপত্রের সাংবাদিক ইউকি ইমাই। রাশিয়ার ভূখণ্ডে ‘গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ড পরিচালনার’ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জাপান এ অভিযোগ অস্বীকার করেছে। তবে, ইমাইয়ের মুক্তি নিশ্চিত করার বিষয়ে তারা এখনও কিছু করতে পারেনি।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপবিষয়ক দেশটির শীর্ষ কূটনীতিক কিমিতাকে নাকামুরা মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়াবিষয়ক বিভাগের প্রধান লিউদমিলা ভরোবিওভার সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন: স্ত্রীকে সুনামিতে হারিয়ে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘রাশিয়ায় আটক জাপানি নাগরিকের সঙ্গে কনস্যুলার কর্মকর্তাদের যত দ্রুত সম্ভব সাক্ষাতের সুযোগ দেওয়া ও তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমরা অনুরোধ জানিয়েছি।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রাশিয়ায় জাপানের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে, ইমাইয়ের সংবাদপত্রটি জোর দিয়ে বলেছে, তারা সরকারের কাছ থেকে স্বাধীনভাবে কাজ করে।

এদিকে, প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করেছে টোকিও। একই সঙ্গে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোকে ইমাইয়ের সঙ্গে ‘ন্যায্য ও নিরপেক্ষ আচরণ’ করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: কুয়েতে ডিজেল পাচারের মামলায় পৌর কর্মকর্তা ও ভারতীয় নাগরিকের ৭ বছরের কারাদণ্ড

রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি দেশের নাগরিককে গ্রেফতার করেছে। দেশটি এসব দেশকে ‘বন্ধুভাবাপন্ন নয়’ বলে অভিহিত করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পশ্চিমা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

কিহারা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

জাপানের উত্তর-পূর্ব উপকূলের অদূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে দেশ দুটির মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলছে। দ্বীপগুলো সাখালিনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এ ছাড়া, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান।

আরও পড়ুন: পাকিস্তানে প্রতি ৩ জনে ১ জন মানসিক রোগী: জরিপ

কিহারা বলেন, ‘জাপান-রাশিয়া সম্পর্ক বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’

এ বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি আরও বলেন, ‘ঠিক এ কারণেই বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ও মালদ্বীপের ২০ দফা সমঝোতা, বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


পাকিস্তান ও মালদ্বীপের ২০ দফা সমঝোতা, বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য

পাকিস্তান ও মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে ২০টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আগামী দুই বছরের মধ্যে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩.৯ মিলিয়ন ডলার থেকে বৃদ্ধি করে ২০০ মিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। গত ১১ বছরের মধ্যে এটি মালদ্বীপের প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উল্লেখ করেন যে, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা, পুলিশ প্রশিক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্যপ্রযুক্তি খাতে অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাকিস্তান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মালদ্বীপকে গাছ লাগানোর কার্যক্রমে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দুই দেশের ছয় দশকের বন্ধুত্বের ভিত্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক (SAARC)-কে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ফিলিস্তিনের অধিকারের প্রতি দুই দেশের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। সোর্স: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে ৫ কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


যে ৫ কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক

বিশ্বের বিভিন্ন দেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করে জনপ্রিয়তা অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। তবে প্রতিবেশী দেশ ভারতে প্রতিষ্ঠানটি এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেনি। নিরাপত্তা উদ্বেগ, স্যাটেলাইট টার্মিনালের অপব্যবহার, স্পেকট্রাম ব্যবহারের মূল্য নির্ধারণ, দীর্ঘ নিয়ন্ত্রক প্রক্রিয়া এবং দেশীয় টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসায়িক স্বার্থের দ্বন্দ্ব—এই সব বিষয় মিলিয়ে ভারতে স্টারলিংকের যাত্রা জটিল হয়ে উঠেছে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ভারতে স্টারলিংকের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল জাতীয় নিরাপত্তা। দেশের বিভিন্ন স্থানে অবৈধ কর্মকাণ্ডে স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল ব্যবহারের অভিযোগের কারণে নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

ভারতের মণিপুরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের কাছ থেকে সক্রিয় স্টারলিংক টার্মিনাল উদ্ধারের ঘটনা এ উদ্বেগকে আরও বাড়িয়েছে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাদক পাচারের একটি মামলায় ‘স্টারলিংক মিনি’ ব্যবহারের তথ্যও সামনে এসেছে। এসব ঘটনায় স্যাটেলাইট ইন্টারনেটের সরঞ্জাম অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে।

বিভিন্ন দেশে টার্মিনালের অপব্যবহারের অভিযোগ

ভারতের বাইরেও বিভিন্ন সংঘাতপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় স্টারলিংকের সরঞ্জাম অপব্যবহারের অভিযোগ রয়েছে। সুদান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধক্ষেত্র, মিয়ানমারের সাইবার প্রতারণা চক্র এবং ইয়েমেনের মতো অঞ্চলে বিধিনিষেধ এড়িয়ে কালোবাজারে স্টারলিংক কিট ব্যবহারের অভিযোগও এসেছে।

এসব ঘটনা ভারতে সেবাটি চালুর আগে সরঞ্জাম বিতরণ, ব্যবহারকারীর পরিচয় যাচাই এবং নিরাপত্তা নজরদারি জোরদারের প্রয়োজনীয়তা বাড়িয়েছে।

টার্মিনালের অবস্থান শনাক্তের ঝুঁকি

স্টারলিংক টার্মিনালের অবস্থান শনাক্ত করা সম্ভব কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোবাইল অ্যাডভারটাইজিং আইডি বা এমএআইডির মতো প্রযুক্তি ব্যবহার করে গোপনে ব্যবহৃত কিছু টার্মিনালের অবস্থান শনাক্ত করা সম্ভব হতে পারে।

এ ধরনের প্রযুক্তির ব্যবহার, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং এর সম্ভাব্য নিরাপত্তাগত প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর ক্ষেত্রে তথ্যের সুরক্ষা ও নজরদারির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

স্পেকট্রাম ব্যবহারের মূল্য নির্ধারণ

নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি স্যাটেলাইট ইন্টারনেট পরিচালনার জন্য প্রয়োজনীয় স্পেকট্রাম বরাদ্দ ও মূল্য নির্ধারণও স্টারলিংকের জন্য বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সরকারি নীতিমালা, মূল্য নির্ধারণ এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

এসব বিষয়ে সিদ্ধান্ত ও প্রয়োজনীয় অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগায় ভারতে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রক্রিয়াও জটিল হয়ে পড়েছে।

দেশীয় টেলিকম কোম্পানির সঙ্গে স্বার্থের দ্বন্দ্ব

ভারতের দেশীয় টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে স্টারলিংকের ব্যবসায়িক স্বার্থের সংঘাতও আলোচনায় রয়েছে। ইলন মাস্কের অভিযোগ, দেশীয় টেলিকম প্রতিষ্ঠানগুলো নিজেদের বাজারের আধিপত্য ধরে রাখতে প্রভাব খাটিয়ে স্টারলিংকের প্রবেশে বিলম্ব ঘটাচ্ছে।

তবে ভারত সরকার এ অভিযোগ নাকচ করে জানিয়েছে, অন্যান্য প্রতিষ্ঠানের মতো স্টারলিংককেও দেশের প্রচলিত আইন, নীতিমালা ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

কবে চালু হতে পারে স্টারলিংক?

সব মিলিয়ে, ভারতে স্টারলিংকের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর পথে জাতীয় নিরাপত্তা, টার্মিনালের ব্যবহার নিয়ন্ত্রণ, স্পেকট্রাম ব্যবস্থাপনা, সরকারি অনুমোদন এবং বাজার প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এসব জটিলতা কাটিয়ে প্রয়োজনীয় অনুমোদন ও শর্ত পূরণ করতে পারলেই ভারতে স্টারলিংকের বাণিজ্যিক যাত্রা শুরু করার পথ সহজ হতে পারে। তবে ঠিক কবে সেবাটি দেশটিতে পূর্ণাঙ্গভাবে চালু হবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট অনুমোদন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেক ছাড়ার নির্দেশ, আবারও অবরোধের ঘোষণা পর্যটকদের জন্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


সাজেক ছাড়ার নির্দেশ, আবারও অবরোধের ঘোষণা পর্যটকদের জন্য

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে। তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া এবং প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। তারা জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। তবে এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সংগঠন দুটি। সেদিন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মো. সালমান প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। পরে শর্তসাপেক্ষে অবরোধ স্থগিত করা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে ১৫ অক্টোবর আবারও অবরোধ পালন করা হয়। দুর্গাপূজা উপলক্ষে পরে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়।

যৌথ বিবৃতিতে সংগঠন দুটির নেতারা অভিযোগ করেন, জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানে রয়েছেন। শতাধিক সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। গ্রামবাসীদের মুঠোফোন কেড়ে নেওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতার কারণে জুমচাষীরা নিজেদের জমিতে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কার করতে যেতে পারছেন না।

বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, সেনাবাহিনীর অভিযান কার্যকর ভূমিকা রাখছে না। সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের বিরুদ্ধে প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে। নেতারা বলেন, এলাকার মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র সদস্যদের তৎপরতা বন্ধে তাঁদের কথিত অবস্থান থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

এদিকে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি। বিবৃতিতে জানানো হয়, অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুমকি ও অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


হুমকি ও অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব : ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে, একই সঙ্গে অবরোধ ও হুমকি দিয়ে আবার আলোচনার আশা করা যায় না।

তিনি বলেন, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে প্রথমে তাদের দেশের অধিকারের স্বীকৃতি দিতে হবে এবং সব ধরনের জবরদস্তি ও আগ্রাসন বন্ধ করতে হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, "সব পথ বন্ধ করে দিয়ে এবং হুমকি প্রদর্শন করে অন্যদিকে আবার আলোচনার দাবি জানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করার প্রবণতা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন। ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, মার্কিন প্রশাসন অতীতে তাদের করা চুক্তি থেকে সরে এসেছে (রিপোজ করেছে)। তিনি বলেন, "আমার মতে, কোনো চুক্তি খুব হালকাভাবে করা উচিত নয়। কিন্তু একবার চুক্তি স্বাক্ষরিত হলে, তার শেষ পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত—এমনকি চুক্তির শর্ত নিজের অনুকূলে না গেলেও।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%