ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন ববি হাজ্জাজ


সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন ববি হাজ্জাজ

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

তরুণদেরকে রাজনীতি, ধর্ম ও জেন্ডারসহ বিভিন্ন ক্ষেত্রে প্রচলিত ভুল ধারণা দূর করে তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি।

রাজধানীর গুলশানের একটি হোটেলে কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বিজেপি অফিসের সামনে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি পশ্চিমবঙ্গের বিধায়কের

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি করতে চাই, সেখানে সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার, রাজনীতি ও ধর্ম নিয়ে যেসব ভুল ধারণা রয়েছে, তা পর্যালোচনা করে বাস্তবতার নিরীখে সঠিক চিত্র তুলে ধরতে হবে।’

নারীর বহুমাত্রিক পরিচয়ের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, নারীকে কেবল কন্যা, মা বা স্ত্রী হিসেবে না দেখে তার বহুমাত্রিক সক্ষমতাকে মূল্যায়ন করতে হবে। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে শারীরিক শক্তি নয়; যোগ্যতা, অংশগ্রহণ ও জনগণের আস্থাই প্রধান।

প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও পর্যায়ক্রমে মাদ্রাসাগুলোকেও কার্যকর সরকারি মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে।’

দুর্গম অঞ্চলের শিক্ষা নিশ্চিতকরণে বিশেষ উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, হাওরসহ প্রান্তিক এলাকার বিদ্যালয়গুলোর পরিকাঠামো, শিক্ষকদের আবাসন সুবিধা এবং বিশেষ চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা ও কাজ শুরু হয়েছে। এছাড়া, প্রাথমিক বিদ্যালয়ে কিশোরীদের স্যানিটারি সামগ্রী সরবরাহ ও পরিচ্ছন্নতা সচেতনতায় পাইলট প্রকল্প নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

উন্নয়নকর্মী নিশাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, আন্না মিনজ, নুসরাত তাবাসসুম জ্যোতি এবং সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস : ব্রেকিং দ্য সাইলেন্স, জাগো ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, অক্সফাম, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও ওয়াটারএইড—এই সাতটি সংস্থার সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী বছর একই প্রশ্নে এসএসসি ও দাখিলের ১৩ পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


আগামী বছর একই প্রশ্নে এসএসসি ও দাখিলের ১৩ পরীক্ষা

২০২৭ সালে দাখিল ও এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১৩টি বিষয়ের অভিন্ন প্রশ্নপত্র তৈরি করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

দাখিল ও এসএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো―বাংলা ২য় পত্র (১০২), ইংরেজি ১ম পত্র (১০৭), ইংরেজি ২য় পত্র (১০৮), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (১৫৪), গণিত (১০৯), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০), পদার্থবিজ্ঞান (১৩৬), রসায়ন (১৩৭), জীববিজ্ঞান (১৩৮), উচ্চতর গণিত (১২৬), পৌরনীতি ও নাগরিকতা (১৪০), কৃষিশিক্ষা (১৩৪) ও গার্হস্থ্যবিজ্ঞান (১৫১)।

এদিকে বাংলা ১ম পত্রের পরিবর্তিত বিষয় কোড ১০১ হলেও, এসএসসি ও দাখিল পর্যায়ের সিলেবাসের ভিন্নতার কারণে ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

 

তবে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় কোড বহাল থাকবে এবং পূর্বের মতো আলাদা প্রশ্নপত্র তৈরি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


কুড়িগ্রামে নাশকতার অভিযোগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম জিহাদকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাই বাজারের তেল পাম্প সংলগ্ন সড়ক থেকে সামিউলকে গ্রেপ্তার করা হয়। সামিউল ইসলাম জিহাদ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলার রায়কে কেন্দ্র করে ছিনাই বাজারের তেল পাম্পসংলগ্ন সড়কে পেট্রল দিয়ে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় সামিউল ইসলাম জিহাদসহ অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বর্ষে চলছে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


নজরুল বর্ষে চলছে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা

সদর উপজেলা, পটুয়াখালী  ১৬ সেপ্টেম্বর ২০২৬ :জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী সদর উপজেলায়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আবৃত্তি, নজরুলসংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরছে।

আয়োজকরা জানান, নজরুলের সৃষ্টিশীলতা, মানবতাবাদ ও সাম্যের দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

পটুয়াখালী সদর উপজেলা, ১৬ সেপ্টেম্বর ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু ঘটেছে। চলতি বছরে নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৪৪ জনে পৌঁছেছে। সব মিলিয়ে, হামে ও হামের উপসর্গের কারণে মোট ১ হাজার ৪৪ শিশুর প্রাণহানি ঘটেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন মারা গেছে। এই সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১৯৪, চট্টগ্রামে ২৮৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৬৩, খুলনায় ৯৭ এবং রংপুরে ১৭ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২০ হাজার ২৮২ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%