ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: অভিযুক্ত শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ


রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: অভিযুক্ত শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত হওয়ার পর সাত দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হলেও গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি কিছু ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। তবে অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, হামলার পরেও অভিযুক্তরা অনলাইন ও অফলাইনে বিভিন্নভাবে হুমকি প্রদান করে চলেছে। এর ফলে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

এদিকে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

তাদের অভিযোগ, হামলার ভিডিও ফুটেজ, ছবি ও অন্যান্য তথ্যপ্রমাণ প্রশাসন ও পুলিশের কাছে থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতাকর্মী হওয়ায় অভিযুক্তদের গ্রেপ্তারে গড়িমসি করা হচ্ছে বলেও তাদের দাবি। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

অভিযুক্তদের পরিচয় শনাক্ত হওয়ার পরও গ্রেপ্তার না করায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসান বলেন, ‘সাংবাদিকদের মারধরের ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এটি পুলিশের একটি বড় ব্যর্থতা। ঘটনার অভিযুক্তদের সব ধরনের ডকুমেন্ট থাকার পরেও কেন তাদের আটক করা হচ্ছে না, এটি একটি বড় প্রশ্ন। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা দ্রুত তাদের আটক করুন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই, আপনারা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত তাদের শাস্তির আওতায় নিয়ে আসুন।’

আরও পড়ুন: মুফতি সনদ পাগরি গ্রহন করলেন তালাশ বিডি এর স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অশ্রুসিক্ত চোখে মাথায় সম্মানের পাগড়ি: ইলমের সুউচ্চ শিখরে মুফতি খায়রুল ইসলাম যুক্তিবাদী

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, ‘সন্ত্রাসীরা চিহ্নিত হলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না। সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতাকর্মী হওয়ায় প্রশাসন তাদের ধরছে না। প্রশাসন স্পষ্টভাবে সন্ত্রাসীদের পক্ষ নিচ্ছে। যদি সন্ত্রাসীরা অতি দ্রুত গ্রেপ্তার না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে।’

এর আগে গত ৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হন সাংবাদিকেরা। এতে ক্যাম্পাস সাংবাদিক জাহিদুল ইসলাম, মাঈনুল ইসলাম রাজু, আরিফ উজ জামান কোরবান ও নূর আহসান মৃদুল আহত হন। এ ঘটনায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন।

ঘটনার পরদিন হল প্রশাসন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে হামলার পর থেকেই অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন সাংবাদিকেরা। মামলায় আসামিদের নাম উল্লেখ না থাকায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও বিভিন্ন তথ্যপ্রমাণ বিশ্লেষণে হামলায় জড়িত হিসেবে যাদের শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ও আইন বিভাগের ২০১৩–১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এম আহসান হাবীব, ছাত্রদলকর্মী ও অর্থনীতি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী বিশাল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম, সহদপ্তর সম্পাদক ও সংগীত বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম অথী, সহসভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের ২০১৩–১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম, সহসভাপতি ও আইবিএর ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকবীর আহমেদ ইমন, সহসাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ সাজহারুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী তানিম রহমান।

আরও পড়ুন: নড়াইলের শেখহাটি ইউনিয়নের সার ডিলারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের কাছে প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়। এতে শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, কর্মী বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়। এ ছাড়া আরও চারজনের বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করেছে কমিটি। তবে এসব সুপারিশের পরও মামলায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

এর আগে হামলার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে শাখা ছাত্রদলের তিন নেতাকর্মীকে পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে আরও ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এদিকে পুলিশ জানায়, তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও কাজলা পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মোস্তাক জানান, তদন্ত এখনো চলছে। ভুক্তভোগীদের মেডিকেল সনদের জন্য আবেদন করা হয়েছে। সনদ সংগ্রহের পর সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করতে হবে। পুরো প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেন,

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি পুলিশ এখনো তদন্ত করছে। তবে আমাদের সিন্ডিকেটের বিষয়টির ডেট ঠিক করেছি। যদিও বন্ধের পরে ডাকব ভেবেছিলাম। তবে আগেই ডেকেছি, যাতে যত দ্রুত সম্ভব এটি সুরাহা হয়। বাকি গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আমি প্রক্টরের সঙ্গে কথা বলেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় প্রকাশ করল উপজেলা বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় প্রকাশ করল উপজেলা বিএনপি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন নিয়োগ পাওয়া ১৫ জন সার ডিলারের রাজনৈতিক পরিচয়, দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্য প্রকাশ করেছে উপজেলা বিএনপি। রবিবার (১১ অক্টোবর) দুপুরে দলীয় প্যাডে প্রস্তুত করা তালিকাটি নাগেশ্বরী সাংবাদিক ইউনিয়নের কাছে সরবরাহ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।

দলীয় প্যাডে গোলাম রসুল রাজা উল্লেখ করেন, সার ডিলার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। সার ডিলার নিয়োগ সরকারের প্রশাসনিক দপ্তরের মাধ্যমে সম্পন্ন হয় এবং এ নিয়োগে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তবে নতুন নিয়োগ পাওয়া ডিলারদের রাজনৈতিক পরিচয়, দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্য তালিকায় তুলে ধরা হয়েছে।

তালিকা অনুযায়ী, নাগেশ্বরী পৌরসভার মেসার্স ফারাজি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু তাহেরকে বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। দলীয় প্যাডে বলা হয়েছে, তিনি বিভিন্ন সময়ে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

রামখানা ইউনিয়নের মেসার্স শামীম রেজা জুয়েল ট্রেডার্সের স্বত্বাধিকারী শামীম রেজা জুয়েল ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য বলে তালিকায় উল্লেখ রয়েছে। তিনি রামখানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মাসুদ পারভেজের ছোট ভাই।

রায়গঞ্জ ইউনিয়নের মেসার্স ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম নাগেশ্বরী মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি বলে দলীয় প্যাডে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি বিএনপির সক্রিয় কর্মী বলেও এতে দাবি করা হয়েছে।

হাসনাবাদ ইউনিয়নের মেসার্স কামাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আ. আজাদ আলীকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদের বড় ভাই এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। বেরুবাড়ী ইউনিয়নের কোহিনুর ট্রেডার্সের স্বত্বাধিকারী কোহিনুর বেগম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শফি মোল্লার স্ত্রী এবং ইউনিয়ন বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বলে তালিকায় উল্লেখ রয়েছে।

ভিতরবন্দ ইউনিয়নের মেসার্স সায়েম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রতন মিয়াকে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর বাবা আব্বাস আলী চান মেম্বার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি বলে দলীয় প্যাডে বলা হয়েছে। কেদার ইউনিয়নের মেসার্স আলমগীর ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. ইয়াসমিন খাতুন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব প্রভাষক মোহাম্মদ আলীর স্ত্রী।

কচাকাটা ইউনিয়নের মেসার্স ক্বারী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুর রহমানের সঙ্গে উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. শহিদুল ইসলাম আলমের পারিবারিক সম্পর্কের কথা তালিকায় উল্লেখ করা হয়েছে। বল্লভেরখাস ইউনিয়নের মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুর রশিদ সরকারকে ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আলমগীরের বাবা বলেও তালিকায় উল্লেখ রয়েছে।

সন্তোষপুর ইউনিয়নের মেসার্স খালেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমানকে নিজের ঘনিষ্ঠ আত্মীয় ও বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন পৌর বিএনপির সদস্যসচিব মো. আজিজুল হক। নেওয়াশী ইউনিয়নের মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুর রহমানকে নির্দলীয় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বামনডাঙ্গা ইউনিয়নের মেসার্স রিদম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রওশন আলী খান নাগেশ্বরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আফরোজা বেগমের স্বামী বলে দলীয় প্যাডে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আফরোজা বেগমের সঙ্গে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের পারিবারিক সম্পর্কের কথাও এতে তুলে ধরা হয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের মেসার্স ইয়াকুব আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ইয়াকুব আলী ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি বলে তালিকায় উল্লেখ রয়েছে। কালীগঞ্জ ইউনিয়নের মেসার্স দিপালী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্রী দিপু চন্দ্র সরকারকে বিএনপি-সমর্থিত পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। অন্যদিকে, নুনখাওয়া ইউনিয়নের মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনকে নির্দলীয় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

উপজেলা বিএনপির সরবরাহ করা তালিকায় ১৫ জন সার ডিলারের রাজনৈতিক পরিচয়, দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।

তবে তালিকায় উল্লেখ করা রাজনৈতিক পরিচয় ও পারিবারিক সম্পর্কের তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ বেলায় ৩ উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


শেষ বেলায় ৩ উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে

সেঞ্চুরির সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে তিন অঙ্কের রান স্পর্শ করতে পারেননি নাজমুল হোসেন শান্ত (৮২) এবং মুশফিকুর রহিম (৮১)। দিনের শেষ ভাগে দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ের পর নাইটওয়াচম্যান হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও বাংলাদেশের হাতে রয়েছে।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে, যা তাদের ৩২৯ রানের লিড দিয়েছে। দিনের শেষ সেশনে শান্তর দল ৯৯ রান যোগ করতে সক্ষম হয়েছে, তবে ৩ উইকেট হারিয়েছে। মূলত শান্ত ও মুশফিকের মধ্যে গড়া ১৫৯ রানের জুটি দলকে বড় লিডের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও দুজনের বিদায়ে কিছুটা হতাশা নিয়ে দিন শেষ করতে হয়েছে বাংলাদেশকে।

মুশফিক ১৪৮ বলে ৯টি চারের সাহায্যে ৮১ রান করে জিয়া-উর-রেহমানের বলে স্লিপে ক্যাচ দেন। এরপর কাইস আহমেদের ঘূর্ণিতে বোল্ড হন শান্ত, যিনি ১৯১ বলে ৫টি চারের সাহায্যে ৮২ রান করেন।

নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৬ বলে ১ রান করে এলবিডব্লিউ হন। লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ অপরাজিত থেকে দিন শেষ করেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হয়। এতে শান্তর দল ১০৬ রানের লিড পায়। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেন হাসান মাহমুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমিতাভের জন্মদিনে ‘জলসা’র সামনে ভক্তদের উদযাপন ও উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


অমিতাভের জন্মদিনে ‘জলসা’র সামনে ভক্তদের উদযাপন ও উৎসব

বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তার বাসভবন ‘জলসা’র সামনে ভক্তদের জমায়েত ঘটে। রবিবার, প্রিয় তারকার জন্মদিনের উপলক্ষে অনুরাগীরা ব্যানার, গান এবং নাচের মাধ্যমে উৎসব পালন করেন। অমিতাভের প্রতি ভালোবাসার কারণে প্রজন্মের পর প্রজন্মের অসংখ্য ভক্ত তাকে একনজর দেখার জন্য বাড়ির সামনে ভিড় করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কিছু ভক্ত অমিতাভের জনপ্রিয় গানে কণ্ঠ মেলাচ্ছেন, আবার কেউ তার পর্দার পরিচিত সাজপোশাকের অনুকরণ করছেন। এক ভক্তকে ১৯৭৮ সালের ব্যবসাসফল সিনেমা ‘ডন’-এর পোশাকে ‘মে হু ডন’ গানটি গাইতে দেখা যায়। তার হাতে ছিল ৮৪ সংখ্যাটি লেখা একটি বড় পোস্টার। অন্যান্য ভক্তরাও নাচে-গানে যোগ দেন।

এই আয়োজনে শিশুদের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। আরেকটি ভিডিওতে ভক্তদের অমিতাভ ও তার পরিবারের ছবি সংবলিত বিশাল পোস্টার হাতে ছবি তুলতে দেখা যায়। বয়স আশি পেরোলেও, প্রিয় অভিনেতার প্রতি অনুরাগীদের ভালোবাসা যে এতটুকু কমেনি, জন্মদিনের এই আয়োজন তারই প্রমাণ।

দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে অমিতাভ বচ্চন নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। পর্দায় ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে পরিচিত এই অভিনেতা আজও সমান জনপ্রিয়। তার জন্মদিন উপলক্ষে ‘জলসা’র সামনে ভক্তদের জমায়েত এখন কেবল একটি উদ্‌যাপন নয়, বরং তারকা ও অনুরাগীদের মধ্যে গড়ে ওঠা এক বিশেষ ঐতিহ্য।

শুধু জন্মদিনেই নয়, প্রতি রবিবার মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা অমিতাভকে একনজর দেখতে তার বাসভবনের সামনে জড়ো হন। অনেক সময় তিনি বাড়ির বাইরে এসে খালি পায়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। এর কারণ ব্যাখ্যা করে একবার তিনি নিজের ব্লগে লিখেছিলেন, ভক্তদের সম্মান জানানো তার কাছে মন্দিরে যাওয়ার মতোই পবিত্র একটি বিষয়।

অমিতাভ বচ্চনের জন্ম ১৯৪২ সালের ১১ অক্টোবর। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এর সঞ্চালকের ভূমিকায়। এছাড়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার পরবর্তী কিস্তিতে অশ্বত্থামা চরিত্রে তাকে আবারও দেখা যাওয়ার কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের নতুন অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের নতুন অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই দিনের ব্যবধানে ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠে এসেছে। এবার ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে র‍্যাগিং, মানসিকভাবে হেনস্তা ও অপমানজনক আচরণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রবিবার (১১ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রী তাসনীম ফাতিনের মা রোকশানা পারভিন বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছয় শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ইতমিনান, আসফাকুল, অভি, লাবিব, সাইমা ও হিমুর নাম রয়েছে।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) বিভাগের একটি শ্রেণিকক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র‍্যাগিং করা হয়। এ সময় তাসনীমের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাকে মানসিকভাবে হেনস্তা করা হয়। এর ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরে বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিভাগের নবীন শিক্ষার্থীরা সিনিয়রদের মাধ্যমে নিয়মিত র‍্যাগিং ও অপমানজনক আচরণের শিকার হচ্ছেন। তাদের কটূক্তি করা, জোর করে বিভিন্ন ধরনের হাসি দিতে বলা, পাঁচ সেকেন্ডের মধ্যে পরিচয় দিতে বাধ্য করা এবং সিনিয়র শিক্ষার্থীদের সালাম না দিলে বকাঝকা করার অভিযোগও আনা হয়েছে।

এছাড়া, অন্য বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা কিংবা তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশ নিলেও নবীনদের বকাঝকা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি সিনিয়র শিক্ষার্থীদের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ও মেসেজ দিতেও নবীনদের চাপ দেওয়া হয় বলে দাবি করেছেন অভিযোগকারী।

অভিযোগে এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ জানানোর কারণে কোনো শিক্ষার্থী যাতে প্রতিশোধমূলক আচরণ বা পুনরায় হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করারও অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমার কাছে কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে। তবে এটি সঠিক নাকি ভুল, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। বিষয়টি আরও ভালোভাবে যাচাই করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমার কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার মতো মনে হচ্ছে। তবে যাচাই-বাছাই ছাড়া কাউকে অভিযুক্ত করা ঠিক হবে না।’

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল ‘গণতন্ত্র হলে’ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্রীদের ডেকে নিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষাবর্ষের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা শহরের মোজাহিদ ক্লাব এলাকার এসোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%