কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:১৪ পি.এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারি রাস্তার ইট রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা মাও. গোলাম কুদ্দুসের নেতৃত্বে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১ নম্বর বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া এলাকায় নদীকূল ঘেঁষা রাস্তা থেকে ইট তুলে ট্রলারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার রাস্তা থেকে আনুমানিক ১ লাখ ইট তুলে নেওয়া হয়েছে। কিছু ইট স্থানীয় কয়েকটি বাড়িতেও পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা বাবুল শেখ শনিবার (১৯ সেপ্টেম্বর) এলাকাবাসীর পক্ষে থানায় লিখিত অভিযোগ দেন। এতে মাও. গোলাম কুদ্দুসসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত মাও. গোলাম কুদ্দুস বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা আমার লোক। তবে এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।
উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান বলেন, গোলাম কুদ্দুস আমাদের দলের সমর্থক। তবে আমি শুনেছি, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, রাস্তাটি এলাকাবাসীর চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি জানি না।
আলফাডাঙ্গা থানার এসআই রতন কুমার মণ্ডল বলেন, আমি সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছিলাম। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তা ঠিক করার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে রাস্তা ঠিক না করলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলফাডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আল-আমিন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছে। রাস্তা ঠিক করার জন্য সংশ্লিষ্টদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা ঠিক না করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের বড়াইগ্রামে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার, লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সংসদ সদস্য-৬১, নাটোর-৪ (বড়াইগ্রাম গুরুদাসপুর-) বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী।
সভায় সহকারী শিক্ষিকা সীমা রাণীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান,
মতবিনিময় সভায় শিক্ষকরা বলেন, শিক্ষার মানোন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়; শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। একটি সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের আরও দায়িত্ববান ও আন্তরিক ভুমিকা পালনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন জাতির উন্নয়নে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলতে পারলেই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন নিয়মিত পাঠদানের পড়া যখন শিক্ষক হিসেবে আপনি পড়ে যাবেন তখন ক্লাসে শিক্ষার্থীদের বুঝাতে আপনার সহজ হবে,শিক্ষার্থীরাও ক্লাসের প্রতি মনোযোগী হবে তবেই একজন মেধাবী ছাত্র তৈরি করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটনসেবায় বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফারের সমাহার নিয়ে জমে উঠেছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই পর্যটন মেলা আজ শনিবার শেষ দিনেও সকাল থেকেই ভ্রমণপ্রেমী ও দর্শনার্থীদের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শনিবার মেলা প্রাঙ্গণে দেখা যায়, আইসিসিবির তিনটি হলজুড়ে দর্শনার্থীদের আনাগোনা। শীত মৌসুমকে সামনে রেখে বিভিন্ন হোটেল, রিসোর্ট ও ট্যুর অপারেটরদের দেওয়া বিশেষ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় প্যাকেজ গ্রহণ করতে বুথগুলোতে ভিড় করছেন ভ্রমণপিপাসুরা।
বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি বুথে পর্যটনসেবার প্রচার ও বুকিং চলছে।
হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস এবং বিদেশি মিশনগুলোর প্রতিনিধিরা ঘুরতে আসা মানুষদের সামনে তাদের নিজ নিজ অফার তুলে ধরছেন।
ভ্রমণের অফারের পাশাপাশি র্যাফেল ড্র, বিটুবি সেশন এবং প্রতিদিন সন্ধ্যার সাংস্কৃতিক পরিবেশনাও মেলায় আলাদা মাত্রা যোগ করেছে।
এর আগে গত সোমবার রাজধানীর ক্রাউন প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেছিলেন পর্যটন বিচিত্রার সম্পাদক ও এটিএফের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, দেশের অঞ্চলভিত্তিক পর্যটন যেমন হাওর, সুন্দরবন, নৌ-পর্যটন, অ্যাডভেঞ্চার ও পরিবেশ পর্যটনের সম্ভাবনাকে তুলে ধরাই এবারের মেলার অন্যতম মূল লক্ষ্য। এছাড়া পর্যটন খাতে নারী উদ্যোক্তা ও কমিউনিটি ট্যুরিজমের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিটুবি সেমিনার ও নেটওয়ার্কিংয়ের সুযোগ রাখা হয়েছে।
মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করছে।
মেলা প্রাঙ্গণে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, এক ছাদের নিচে দেশ-বিদেশের পর্যটন গন্তব্য সম্পর্কে জানতে পারা এবং শীতের ভ্রমণের জন্য আগাম ছাড় পাওয়ার সুযোগটি তাদের বেশ উৎসাহিত করেছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত বছরের এই দিনে (১৯ সেপ্টেম্বর) ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ পৃথিবীর মায়া ত্যাগ করেন, লাখো ভক্তকে কাঁদিয়ে। তার গানে মুগ্ধ হয়ে রয়েছে বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য শ্রোতা। প্রিয় এই শিল্পীর প্রয়াণ দিবসে প্রকাশিত হলো তার কণ্ঠে গাওয়া নতুন গান ‘ফেলে আসা’। এই গানে জুবিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের গায়িকা রত্না সাহা।
দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর, জুবিনের প্রয়াণ দিবসে বিশেষ গানটি প্রকাশ করেছেন রত্না। গানটির কথা লিখেছেন কলকাতার জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুরকার হিসেবে দায়িত্ব পালন করেছেন আসামের সংগীত পরিচালক রিজওয়ান ইয়াসিন। সংগীতায়োজন করেছেন শুভায়ু ভট্টাচার্য।
‘ফেলে আসা’ গানের ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। এতে অভিনয় করেছেন তারেক জামান তানজ ও ফাইজা ইসলাম। শিশুশিল্পী হিসেবে রয়েছেন রুদ্রনীল দত্ত, তূর্যনিনাদ দত্ত ও শ্রেষ্ঠা তুলসিয়ান।
রত্না সাহা জানালেন, প্রিয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে জুবিন গার্গের সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। জুবিনের গান শুনে বেড়ে ওঠা এই গায়িকার কাছে প্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলানো ছিল দীর্ঘদিনের স্বপ্ন। একসময় সেই স্বপ্ন পূরণও হয়। তবে গানটি প্রকাশের আগেই না ফেরার দেশে চলে যান জুবিন।
রত্না সাহা বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান যে এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি। আমি জুবিন গার্গ দাদার গান শুনে বড় হয়েছি। স্বপ্ন ছিল তার সঙ্গে একটি গান গাইব। সেটা করতে পেরে অনেক খুশি। তবে তিনি বেঁচে থাকলে হয়তো এই সময় তার অনুভূতি জানতে পারতাম। সেটা আমার জন্য একটা বড় আক্ষেপ। তারপরও তিনি আমার জন্য যে উপহার রেখে গেছেন, এটাই আমার সংগীতজীবনের অনেক বড় পাওয়া।’
ফরিদপুরে জন্ম নেওয়া রত্না সাহার সংগীতের সঙ্গে পরিচয় ছোটবেলাতেই ঘটে। তার মা পেশাদার শিল্পী না হলেও সংগীতের প্রতি ছিল গভীর ভালোবাসা। মায়ের কণ্ঠে ভজন, কীর্তনসহ নানা ভক্তিমূলক গান শুনতে শুনতে সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় রত্নার। মাকেই তিনি নিজের প্রথম সংগীতগুরু মনে করেন।
২০২৪ সালে ‘এ কেমন মায়া’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্না সাহা। এরপর একক ও দ্বৈত—দুই ধরনের গানেই নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এ পর্যন্ত তার কণ্ঠে প্রকাশ পেয়েছে ৫৬টি মৌলিক গান। আকাশ সেন, কাজী শুভ ও মাহতিম শাকিবের মতো শিল্পীদের সঙ্গেও গান করেছেন তিনি।
তবে ‘ফেলে আসা’ রত্না সাহার সংগীতজীবনের সংখ্যার তালিকায় যুক্ত হওয়া নিছক আরেকটি গান নয়। এটি তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণের স্মৃতি, আর জুবিন গার্গের সঙ্গে তৈরি হওয়া এক বিশেষ সংগীত-অধ্যায়ের স্মারক। গানটি প্রকাশ পেয়েছে ‘রত্না সাহা’ ইউটিউব চ্যানেলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি অবৈধ ইটভাটায় ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির বৈঠকে সারা দেশে বৈধ ও অবৈধ ইটভাটার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্মাণকাজে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের সুপারিশও করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ধলু, মো. আব্দুল মান্নান এবং সুলতানা জেসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কমিটি সূত্র জানায়, বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের ফলে পরিবেশের ক্ষতি না হওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। সরকারি নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারের সুপারিশ করা হয়। পরিবেশ দূষণ কমাতে নির্মাণকাজে প্রচলিত পোড়ামাটির ইটের ওপর নির্ভরতা কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অবৈধ ইটভাটায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থায়ন না হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হবে। এই উদ্দেশ্যে কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশে বর্তমানে কতগুলো বৈধ ও অবৈধ ইটভাটা রয়েছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা তৈরির মাধ্যমে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পথ তৈরি হবে বলে কমিটি মনে করছে।
বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর অগ্রগতি, ব্যয় ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য কমিটির সামনে উপস্থাপন করতে বলা হয়েছে। গত ১৬ বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের ব্যবহার সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। বরাদ্দের অর্থের ব্যবহার ও বিভিন্ন প্রকল্পের ব্যয় পর্যালোচনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেট ব্যয়ের পরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ