ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া


একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান মিয়া এমপি মন্তব্য করেছেন যে, খেলাধূলার মাধ্যমে দেশের আন্তর্জাতিক সুনাম বৃদ্ধি পায়। একজন ভালো খেলোয়াড় সমাজের জন্য রোল মডেল হিসেবে কাজ করে। সমাজের অনেকেই তাকে অনুসরণ করে এবং তার খেলা দেখার জন্য দর্শকদের মধ্যে উদ্দীপনা থাকে। এজন্য তাকে মাদক ও অন্যান্য নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে।

মাদকমুক্ত সমাজ গঠনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী দেশের সমাজ উন্নয়নে নতুন কুঁড়ি, প্রাইম মিনিষ্টার গোল্ডকাপসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলার বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। গত ৯ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলার সুখীপীর মাঠে ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ ময়েন উদ্দিন শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মমিনুল ইসলাম মমিন, দিনাজপুর জেলা রেফারিজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন: আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ শুরু কাল, মাঠে নামছে বাংলাদেশ

একটি তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় চিরিরবন্দর দক্ষিণ পলাশবাড়ি একাদশ ৪-১ গোলে দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশকে পরাজিত করেছে। বিজয়ী দলের ইয়াসিন আলী হ্যাট্রিক করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। খেলাটি ২০ হাজারের বেশি দর্শক উপভোগ করেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ, বিজিবির পাল্টা গুলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর, সীমান্তবর্তী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আত্মরক্ষার্থে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা গুলি চালিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় ৪৭ বিজিবির অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে।

এতে আরো জানানো হয়, ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহল দল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং বাংলাদেশের সীমান্তে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা গুলি করে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির সার্বিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি স্পষ্টভাবে জানায়, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সীমান্ত এলাকায় অননুমোদিত যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে আহ্বান জানানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের মধ্যেও শক্তিশালী হচ্ছে ইসরাইলের অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


যুদ্ধের মধ্যেও শক্তিশালী হচ্ছে ইসরাইলের অর্থনীতি

মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তিন বছর ধরে যুদ্ধের পরিস্থিতি চলছে ইসরাইলের। এ অবস্থায় দেশটির অর্থনীতির গভীর সংকটে পড়ার প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিভিন্ন সূচকে ইসরাইলের অর্থনীতি বর্তমানে বেশ চাঙা অবস্থায় রয়েছে। তবে, অর্থনৈতিক এই সাফল্যের মধ্যেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ভোটাররা উদ্বিগ্ন।

চলতি মাসে ইসরাইলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৭ অক্টোবরের এই নির্বাচনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা প্রচারে প্রাধান্য পাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অবসরপ্রাপ্ত জেনারেল গাদি আইজেনকোট—দুজনেই দাবি করছেন, ইসরাইলিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সবচেয়ে যোগ্য। আইজেনকোট মধ্যপন্থি ইয়াশার দলের নেতা।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার পর গাজায় যুদ্ধ শুরুর প্রথম দিকে দেশটির অর্থনীতির গতি ব্যাপকভাবে কমে যায়। তবে, এরপর ইসরাইল ঘুরে দাঁড়িয়ে সাম্প্রতিক বছরগুলোতে উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী হিসেবে আবির্ভূত হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ছিল ১ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৯ শতাংশে। চলতি বছরের প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২ শতাংশ।

ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে ৪ শতাংশ এবং ২০২৭ সালে ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলোর পূর্বাভাসের তুলনায় এই হার অনেক বেশি।

গত তিন বছরে মার্কিন ডলারের বিপরীতে ইসরাইলি মুদ্রা শেকেলের মান বৃদ্ধি পেয়েছে। মে মাসে মুদ্রাটির বিনিময়মূল্য ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। একই সময়ে দেশটির পুঁজিবাজারেও বড় উত্থান হয়েছে। প্রধান সূচক টিএ-১২৫ বেড়েছে ১১০ শতাংশের বেশি।

এদিকে, ইসরাইলে বেকারত্বের হার ২ দশমিক ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ১ দশমিক ৫ শতাংশ। সামগ্রিক পরিসংখ্যানে অর্থনীতির চিত্র ইতিবাচক হলেও সাধারণ মানুষের উদ্বেগের বড় কারণ জীবনযাত্রার ব্যয়।

প্রযুক্তি খাতের ওপর ভর করে প্রবৃদ্ধি

ইসরাইলের অর্থনীতির এই পুনরুদ্ধারের পেছনে প্রযুক্তি খাতের বড় ভূমিকা রয়েছে। গাজা, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও ইয়েমেনজুড়ে সংঘাত চললেও দেশটির প্রযুক্তি খাত তুলনামূলকভাবে এসব যুদ্ধের প্রভাব থেকে সুরক্ষিত রয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুত বাড়তে থাকায় এ খাতে বিনিয়োগও বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধের পরিস্থিতি চললেও প্রযুক্তি খাতে রেকর্ড পরিমাণ বিনিয়োগ পেয়েছে ইসরাইল। দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় এক-পঞ্চমাংশ আসে এই খাত থেকে।

গত বছর ইসরাইলে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ২৬২০ কোটি ডলারে। ২০২৪ সালের তুলনায় এই বিনিয়োগ ৭৮ শতাংশ বেশি। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেট ও পালো আল্টো নেটওয়ার্কসের ইসরাইলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ ও সাইবারআর্ক অধিগ্রহণ এই বিনিয়োগ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। দুটি অধিগ্রহণই ছিল রেকর্ড পরিমাণের।

চলতি বছরেও দেশটিতে বিদেশি বিনিয়োগ অব্যাহত রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১৪১০ কোটি ডলার, যা এক প্রান্তিকের হিসাবে রেকর্ড।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের পাশাপাশি ইসরাইলের প্রযুক্তি খাত দেশটির প্রতিরক্ষা শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থেকেও সুবিধা পাচ্ছে। প্রতিরক্ষা খাতে ক্রমবর্ধমান চাহিদার কারণে রাডার ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তি সরবরাহকারী শত শত নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্ডার বাড়িয়েছে সামরিক খাত।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিভাগের জ্যেষ্ঠ বিশ্লেষক কেরেন উজিয়েল আল–জাজিরাকে বলেন, কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধির কারণে ইসরাইলের অর্থনীতি ঘুরে দাঁড়ালেও এর মূল চালিকা শক্তি রপ্তানি। বিশেষ করে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে বিশ্ববাজারে ইসরাইল এবং দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা রয়েছে।

উজিয়েলের ভাষ্য, ইসরাইলের প্রযুক্তিপণ্য ও সেবার প্রতি আন্তর্জাতিক চাহিদা বাড়ায় সরাসরি বিদেশি বিনিয়োগ এবং নতুন উদ্যোগে পুঁজি সংগ্রহ বেড়েছে। এতে পুঁজিবাজার চাঙা হয়েছে, সম্পদের মূল্য বেড়েছে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ আফ্রিকার আইনবিদ নাভানেথেম 'নাভি' পিল্লাইকে ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার প্রকাশিত এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস পিল্লাইয়ের ন্যায়বিচার, মানবাধিকার ও জবাবদিহিতার প্রতি আজীবন অঙ্গীকারের প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, 'বিচারপতি নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।'

অধ্যাপক ইউনূস বিচারপতি পিল্লাইয়ের দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের প্রশংসা করে বলেন, তিনি তাঁর জীবন ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করেছেন।

তিনি আরও বলেন, 'বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে, জাতিসংঘে এবং আন্তর্জাতিক বিচারাঙ্গনে তাঁর কাজ প্রমাণ করেছে যে আইনের শাসন ছাড়া শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। তিনি ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় এনেছেন এবং যাঁদের কোনো কণ্ঠস্বর নেই, তাঁদের পাশে দাঁড়িয়েছেন।'

অধ্যাপক ইউনূস বলেন, ‘মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিচারপতি পিল্লাইয়ের অসাধারণ সাহস ও অবিচল সততার স্বীকৃতি।’

তিনি আরও যোগ করেন, 'এটি একই সঙ্গে আমাদের স্মরণ করিয়ে দেয় যে ন্যায়বিচার ও শান্তি একে অপরের পরিপূরক। আমি তাঁর প্রতি আমার আন্তরিক শুভকামনা জানাই।'

শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য বিচারপতি নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় সুলতান সংগ্রহশালা চত্বরে জেলা প্রশাসন, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এস এম সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, মূর্ছনা সংগীত নিকেতনসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের উদ্যোগে সুলতানের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এছাড়া কোরআন খতম, দোয়া মোনাজাত, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, বিএনপি নেতা মুন্সী শাহিন উল্লাহ মোহন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানার রিমি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ হানিফ, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, শিশুস্বর্গের প্রশিক্ষক চিত্রশিল্পী সৌমিত্র মোস্তবী, প্রশিক্ষক চিত্রশিল্পী চিরঞ্জিত রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানাসহ বিভিন্ন পেশার মানুষ।  

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন তিনি।
 
চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। এদিকে, ২০০১ সাল থেকে সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন গুণী চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণ পদক দেয়া হয়। 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%