০৫:২১ পি.এম
নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনী একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যা নৌপরিবহন খাতে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন ও যৌথ উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে।
সোমবার (৯ নভেম্বর) নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডাইরেক্টর, নেভাল অপারেশন এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশিরও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে আড়াই হাজার মামলা দায়ের
বক্তারা অনুষ্ঠানে উল্লেখ করেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা ও দক্ষতা বিনিময়ের সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।
তারা আরো বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নীল অর্থনীতির বিকাশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করার পাশাপাশি দেশের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: নতুন পাসপোর্ট করবেন যেভাবে ও খরচ কত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন