০৪:৩৫ পি.এম
ডান উরুর পুরোনো চোটের সমস্যা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার কারণে ফ্রান্স জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে ক্লাবে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ফ্রান্স বৃহস্পতিবার ইতালির বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচ খেলবে। এরপর রোববার নিজেদের মাঠে তুরস্কের বিপক্ষে খেলবে দলটি। তবে চোটের কারণে চুয়ামেনি এই গুরুত্বপূর্ণ দুই ম্যাচে দলের জন্য উপলব্ধ থাকবেন না।
মঙ্গলবার রাতে এফএফএফ এক বিবৃতিতে জানায়, গত বিশ্বকাপের সময় যে ডান উরুর সমস্যায় ভুগেছিলেন, সেই একই জায়গায় আবারও অস্বস্তি অনুভব করছেন এই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা এবং খেলোয়াড়ের পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করার পর তাকে ক্লাবে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভিনিসিয়ুসের অনুপ্রেরণায় নতুন স্বপ্ন দেখছে দুই পা হারানো জাহের
মঙ্গলবার রাতে দলের সঙ্গে অবস্থান করার পর বুধবার মাদ্রিদে ফিরে যাবেন চুয়ামেনি। এদিকে, তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি ফ্রান্সের পক্ষ থেকে।
ফলে ইতালি ও তুরস্কের বিপক্ষে মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ওয়ারেন জাইরে-এমেরি, আদ্রিয়াঁ রাবিও ও লুকাস দা কুনহা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন