০৬:৫৮ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির নেতারা এই উদ্যোগকে ‘আধিপত্যবাদী ও হিন্দুত্ববাদী নীলনকশার অংশ’ হিসেবে চিহ্নিত করেছেন।
বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সরকারের কাছে এ উদ্যোগের পেছনে কোনো ষড়যন্ত্র বিদ্যমান কি না, তা খতিয়ে দেখার জন্য আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রংপুরের পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণের ষড়যন্ত্রের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি দেশে হিন্দুত্ববাদী ‘সফট-পাওয়ার’ সংহত করতে একটি বিশেষ সম্প্রদায়কে ‘ট্রোজান হর্স’ হিসেবে ব্যবহার করছে।
আরও পড়ুন: এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার
জগন্নাথ হলের সার্বিক অধিকার প্রসঙ্গে তারা উল্লেখ করেন, ঢাবির এই হলটি শুধুমাত্র কোনো একক সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য ইজারা দেওয়া হয়নি। বরং এটি বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যও নির্ধারিত। তাই নির্দিষ্ট একটি সম্প্রদায় এটিকে একক ভোগদখলের সম্পত্তি বানাতে পারে না।
বিবৃতিতে সেক্যুলার ও প্রগতিশীলদের ভূমিকার সমালোচনা করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান বা গরু জবাইয়ের ঘটনায় যারা নীরব থাকেন, তারাই এখন এই মূর্তি নির্মাণের ইস্যুতে নিশ্চুপ রয়েছেন।
হেফাজত নেতারা স্পষ্ট করেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের অনুসারীদের প্রার্থনার অধিকার তারা স্বীকার করেন এবং জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা বরাবরই প্রধান ধর্মীয় উৎসবগুলো উদ্যাপন করে আসছেন। তবে হঠাৎ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লক্ষ্য নিয়ে এত বড় স্থায়ী মূর্তি নির্মাণের পরিকল্পনার পেছনে কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিবর্গ ও আধিপত্যবাদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমান সরকার, রাজনৈতিক দল ও দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থাসমূহের প্রতি জোর দাবি জানান তারা।
আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন