ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

দেশ-বিদেশে পাটের বাজার সম্প্রসারণে সরকারের উদ্যোগ, বৈদেশিক মুদ্রা বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে


দেশ-বিদেশে পাটের বাজার সম্প্রসারণে সরকারের উদ্যোগ, বৈদেশিক মুদ্রা বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : সরকার দেশে উৎপাদিত পাটকে সর্বোচ্চ মূল্য সংযোজিত পণ্যে রূপান্তর করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি রেশম, তাঁত এবং পাটপণ্যসহ তৈরি পোশাকের বাইরের সম্ভাবনাময় খাতগুলোর বিকাশের জন্যও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, এই লক্ষ্যে জেডিপিসি এবং পাটখাতের বেসরকারি উদ্যোক্তাদের সংগঠনগুলোর সমন্বয়ে একটি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

আজ রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত ছয় দিনব্যাপী ‘বহুমুখী পাটপণ্য মেলা’ ও নতুন বিক্রয় কেন্দ্র ‘জেপিডিসি এক্সপ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

মন্ত্রী জানান, রপ্তানিতে মূল্য সংযোজন না থাকলেও পাটকে পর্যায়ক্রমে স্লাইভার, প্যাকেজিং এবং ব্লেন্ডেড ফাইবারসহ বিভিন্ন উচ্চমূল্যের পণ্যে রূপান্তরের মাধ্যমে কাঁচা পাটের মূল্য কয়েকগুণ বাড়ানো সম্ভব।

বাণিজ্য মন্ত্রী আরও জানান, গত বছর বাজারের সর্বোচ্চ পর্যায়ে প্রতি টন কাঁচা পাটের দাম ছিল প্রায় দেড় লাখ টাকা বা প্রায় ১২শ’ মার্কিন ডলার। একই পরিমাণ পাট প্যাকেজিং পণ্যে রূপান্তর করা হলে এর মূল্য প্রায় ২৪শ’ থেকে ২৫শ’ মার্কিন ডলারে উন্নীত হতে পারে। আবার পাটের সঙ্গে কটন বা অন্যান্য ফাইবার মিশিয়ে ব্লেন্ডেড ফাইবারসহ উচ্চমূল্যের পণ্য উৎপাদন করা গেলে প্রতি টনে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্য অর্জনের সুযোগ রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে যে পরিমাণ পাট উৎপাদিত হয়, তার সর্বোচ্চ অংশকে মূল্য সংযোজিত পণ্যে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এর মাধ্যমে পাট থেকে বৈদেশিক মুদ্রা ও রাজস্বের সর্বোচ্চ আহরণ সম্ভব।

বাণিজ্যমন্ত্রী বলেন, রেশম, তাঁত ও পাটজাত পণ্যের বিকাশে সহায়ক কর্মসূচির অংশ হিসেবে প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে জেডিপিসিতে স্থায়ী শোরুম চালু করা হচ্ছে।

আরও পড়ুন: ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

তিনি আরও বলেন, প্রদর্শনী ও মেলা আয়োজনের মাধ্যমে দেশীয় ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছেও এসব পণ্যের পরিচিতি বাড়ানোই সরকারের উদ্দেশ্য।

মন্ত্রী জানান, এসব পণ্যের মধ্যে বিপুলসংখ্যক হাতে তৈরি পণ্য রয়েছে। সেগুলো মূলত ক্ষুদ্র শিল্পের উৎপাদন হিসেবে বাজারে আসছে। সরকার আগামী দিনে এসব খাতকে আরও বিকশিত পর্যায়ে নিয়ে যেতে চায় এবং সে লক্ষ্যেই নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেনসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী বলেন, মেলার মাধ্যমে স্থানীয় বাজারে দেশীয় পণ্যের প্রচার বাড়ানো, পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার সম্প্রসারণ এবং পলিথিনের ব্যবহার থেকে মানুষকে নিরুৎসাহিত করাই অন্যতম লক্ষ্য। পাশাপাশি দেশের জিআই পণ্য, বহুমুখী পাটপণ্য, রাজশাহী সিল্ক এবং তাঁতসহ বস্ত্র খাতের বিভিন্ন পণ্য জনগণের কাছে আরও পরিচিত করে সেগুলোর ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

আরও পড়ুন: গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তিনি জানান, জেডিপিসির উদ্যোগে প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে এ ধরনের মেলা আয়োজন করা হয়। আর ‘জেডিপিসি এক্সপ্রেস’ স্থায়ী বিক্রয় ও প্রদর্শন কেন্দ্র হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। এখানে বহুমুখী পাটপণ্যের পাশাপাশি তাঁত ও রেশমের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে। ভবিষ্যতে দেশের আরও গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের শোরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনেও দেশীয় পণ্যের শোরুম বা ডিসপ্লে সেন্টার স্থাপন করা হবে। উদ্যোক্তা এবং গণমাধ্যমের সহযোগিতায় দেশীয় পণ্যকে বিশ্ববাজারে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সরকার কাজ করতে চায়।

জেডিপিসি প্রাঙ্গনে আয়োজিত ছয় দিনের বহুমুখী পাটপণ্য মেলা ৮ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জন্য উন্মুক্ত রাখা হবে।

অন্যদিকে, নতুন চালু হওয়া বিক্রয় কেন্দ্র ‘জেডিপিসি এক্সপ্রেস’ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সপ্তাহজুড়েই খোলা থাকবে।

আরও পড়ুন: সিজেপির দুই মুখপাত্র এক সপ্তাহ পর মুক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি ব্যাংক ৬ জেলায় ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার পদে নিয়োগ দেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


সিটি ব্যাংক ৬ জেলায় ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার পদে নিয়োগ দেবে

দ্য সিটি ব্যাংক পিএলসি ‘ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ৭ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে।

এক নজরে দ্য সিটি ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি

তথ্যের ধরন: বিবরণ

প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি

পদের নাম: ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ৩ বছর

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছর

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ৩ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী ও সিলেট জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বে অব বেঙ্গল কনভারসেশনে অংশগ্রহণ করছেন জন্নাত উল আফরিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


বে অব বেঙ্গল কনভারসেশনে অংশগ্রহণ করছেন জন্নাত উল আফরিন

আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এ অংশগ্রহণ করছেন পটুয়াখালীর বদরপুরের তরুণ আইন শিক্ষার্থী জন্নাত উল আফরিন স্নিগ্ধা।

এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপটি ৩ থেকে ৫ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ।

বর্তমানে জন্নাত উল আফরিন স্নিগ্ধা ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। বিওবিসি ২০২৬-এর পোস্টারে তাকে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আইন গবেষণা সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির প্রকাশিত তথ্যেও তার নাম এলএলবি শিক্ষার্থী হিসেবে পাওয়া যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা মো. আবদুর রব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তাদের স্থায়ী বাসস্থান পটুয়াখালীর বদরপুরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম মন্তব্য করেছেন যে, তিনি জামায়াতে ইসলামীর নেতা নন, বরং সহযোগী সদস্য। তিনি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং প্রাথমিক সহযোগী সদস্যের ফরম পূরণ করেছেন।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেছেন, রংপুর বিভাগ দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল। এই অঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনাসহ ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি দেশের আপত্তির কারণে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে না।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা জামায়াত কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এ উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, "আওয়ামী লীগের মতো বিএনপিকেও পালিয়ে যেতে হবে। কারণ দেশের জনগণ জুলুম-অত্যাচার আর সহ্য করবে না। চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ। বিএনপি আওয়ামী লীগের পথ বেছে নিয়েছে।"

তিনি আরও বলেন, "আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না। অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কারণে দেশে অস্থিরতা বিরাজ করছে। সরকার এখন সংবিধানের দোহাই দিয়ে যা ইচ্ছা তাই করছে।"

রংপুর বিভাগের উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বড় বড় উন্নয়ন প্রকল্পে এ অঞ্চল বৈষম্যের শিকার হয়ে আসছে। তিনি বলেন, "শুধু দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সমান বরাদ্দ দিলে এ বৈষম্য দূর হবে না। পিছিয়ে থাকা অঞ্চলের বাস্তবতা বিবেচনায় বিশেষ বরাদ্দ ও পৃথক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে হবে।"

রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, মধ্যপাড়া কঠিন শিলা খনির দ্বিতীয় প্রকল্প বাস্তবায়ন, সৈয়দপুর বিমানবন্দর আধুনিকায়ন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, সড়ক, সেতু ও কালভার্টসহ অবকাঠামোর উন্নয়ন এবং রেল যোগাযোগ আধুনিকায়ন।

এছাড়া, রংপুর বিভাগে গ্যাস সরবরাহ চালু, দ্রুতগতির ট্রেনের সংখ্যা বৃদ্ধি, সৈয়দপুর রেলওয়ে কারখানাকে পূর্ণাঙ্গ উৎপাদন সক্ষমতায় ফিরিয়ে আনা, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, প্রতিটি উপজেলায় সরকারি মহিলা কলেজ স্থাপন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিকায়ন এবং রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানান এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, "এছাড়া বিভাগের জেলা শহরগুলোকে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের আওতায় আনার কথাও বলেন তিনি।"

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, "দীর্ঘদিন ধরে এ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তিস্তা অববাহিকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, নদীভাঙন ও পরিবেশ বিবেচনায় নিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে।"

মধ্যপাড়া কঠিন শিলা খনির দ্বিতীয় প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "দেশে কঠিন শিলার চাহিদার তুলনায় স্থানীয় উৎপাদন সীমিত। দ্বিতীয় প্রকল্প বাস্তবায়ন হলে কর্মসংস্থান সৃষ্টি, আমদানি নির্ভরতা কমানো এবং উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের সুযোগ তৈরি হবে।"

সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, "উত্তরাঞ্চলের মানুষের রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য বিমানবন্দরটির সক্ষমতা বাড়ানো জরুরি। একইভাবে রংপুর বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়ন, ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং সৈয়দপুর রেলওয়ে কারখানাকে কার্যকর উৎপাদন ব্যবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তিনি।"

সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার নিয়েও বক্তব্য দেন এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছিল। এর বাস্তবায়ন নিয়ে কোনো বিরোধ থাকলে রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় তা সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনো রাজনৈতিক পক্ষের স্বার্থে ব্যবহৃত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।"

সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াতের সংসদ সদস্য, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মার্কিন অধ্যাপক

বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র: ক্যারল ক্রিস্টাইন ফেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র: ক্যারল ক্রিস্টাইন ফেয়ার

যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার মন্তব্য করেছেন যে, বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র।

তিনি শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি সেশনে প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

ক্যারল ক্রিস্টাইন ফেয়ার উল্লেখ করেন, বাংলাদেশকে ঘিরে বড় শক্তিগুলোর স্বার্থে ভারসাম্যহীনতা বিদ্যমান। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে চীন ও ভারতের যে মাত্রায় আগ্রহ রয়েছে, যুক্তরাষ্ট্রের ততটা আগ্রহ নেই। এর পেছনে বড় কারণ হলো এসব দেশের নিজেদের মধ্যে প্রতিযোগিতা।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে তা নেই।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাংলাদেশকে ঘিরে প্রতিযোগিতা চলছে—এমন ধারণার বিষয়ে মার্কিন এই অধ্যাপক বলেন, “আমি আসলে সে ধরনের কোনো প্রতিযোগিতা দেখি না। বরং এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সম্পূর্ণভাবে হাল ছেড়ে দেওয়াটাই আমি দেখতে পাচ্ছি।”

চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাধা দিতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় না যে, চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে।”

তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই শুনেছি, বাংলাদেশ সেটাই করবে, যা তার নিজের স্বার্থের জন্য সবচেয়ে ভালো।”

মক্কা প্যাক্টে বাংলাদেশের আগ্রহ

এদিকে, মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে বাংলাদেশে তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান জানান, এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলে তিনি মনে করেন।

তবে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে মন্তব্য করতে অপারগতা জানান তিনি।

তুরস্কের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, “আমি এখন আর তুরস্ক সরকারের হয়ে কাজ করি না। আমি একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত। তাই প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী করবে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে আমি জানি যে এ ব্যাপারে বাংলাদেশের আগ্রহ রয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%