১০:০০ পি.এম
সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী শওকত আলী এবং সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে, প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের কন্যা নাছিমা খাতুনের সাথে মাধবকাটির আবুল কাশেমের পুত্র শওকত আলীর বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরপর শওকত আলী দুই লাখ টাকা যৌতুকের জন্য নাছিমা খাতুনকে নির্যাতন করতে শুরু করেন। বাধ্য হয়ে নাছিমা তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেন। কিন্তু এরপরও তার ওপর নির্যাতন অব্যাহত থাকে। এক পর্যায়ে শওকত আলী কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের কন্যা হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। এ সময় নাছিমা খাতুন এবং তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তবে, শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এ নিয়ে নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। ২০১২ সালের ৩০ আগস্ট তাদের পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।
আরও পড়ুন: কুমিল্লায় বিজিডিসিএলের অভিযানে ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
এর একদিন আগে, ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮ টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, শ্যালক শফিকুল ইসলাম এবং হাসিনার মা ছবিরন খাতুন ইটাগাছার ওই ভাড়া বাড়িতে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। নাছিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
মৃত্যুর পূর্বে নাছিমা খাতুন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনার মা ছবিরন খাতুনকে খালাস করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন