ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লায় বিজিডিসিএলের অভিযানে ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


কুমিল্লায় বিজিডিসিএলের অভিযানে ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ১৮টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় পাঁচজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে স্থাপিত ১৩টি রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের মাজারের দক্ষিণ পাশে এবং দক্ষিণ আকালিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিডিসিএলের অভিযানের তথ্য অনুযায়ী, দুটি স্পট পরিদর্শন করে ৯২ ডিবি (আবাসিক) গ্যাস ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে দুটি সংযোগ (৪ ডিবি), অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে তিনটি সংযোগ (৯ ডিবি) এবং অবৈধ বুস্টার ব্যবহারের দায়ে একটি সংযোগ (১ ডিবি) বিচ্ছিন্ন করা হয়। এছাড়া নকশাবহির্ভূত স্থানে গ্যাস ব্যবহারের একটি সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন: মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব পাহাড় গড়ার প্রত্যয় মন্ত্রী সাচিং প্রু জেরীর

অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ১১টি আইডল রাইজার শনাক্ত করা হয়। এর মধ্যে অভিযান পরিচালনার অংশ হিসেবে মোট ১৩টি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়েছে।

অভিযানে অবৈধ গ্যাস ব্যবহার, অনুমোদনবহির্ভূত চুলা স্থাপন, বুস্টার ব্যবহার ও নকশাবহির্ভূত স্থানে গ্যাস ব্যবহারের বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। জ্বালানি খাতের অপচয় রোধ, অবৈধ গ্যাস সংযোগ নির্মূল এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিডিসিএল সূত্রে জানা গেছে।

অভিযানে বিজিডিসিএলের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, প্রকৌশলী অম্লান কুমার দত্ত, প্রকৌশলী মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, মোহাম্মদ রাকিব হোসেন, মোহম্মদ মোস্তাফিজুর রহমান, মো. আছিবুর রহমান, রাসেল মিয়া, মিজানুর রহমান, মো. শরিফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: বামনা প্রেসক্লাব পুনর্গঠন: সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলসিঁড়িতে হ্যান্ডওভার হলো ড্রিমার সাদমীম গার্ডেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


জলসিঁড়িতে হ্যান্ডওভার হলো ড্রিমার সাদমীম গার্ডেন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের জলসিঁড়ি আবাসন প্রকল্পের প্রথম আবাসিক ভবন ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠান (হ্যান্ডওভার সিরিমনি) সম্পন্ন হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ তারিখে একটি অনাড়ম্বর ও আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাট মালিকদের কাছে তাঁদের স্বপ্নের আবাসনের চাবি বুঝিয়ে দেওয়া হয়।

জলসিঁড়ি আবাসনের সেক্টর-১১, রোড-৪১০-এর ১১ নম্বর প্লটে নির্মিত ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ একটি আধুনিক জি প্লাস এইট (G+8) ভবন। প্রতিটি ইউনিটের আয়তন ২,৮৫০ বর্গফুট, যা উত্তর-দক্ষিণমুখী (নর্থ-সাউথ ওপেন) এবং পর্যাপ্ত আলো ও বাতাসের প্রবাহ নিশ্চিত করে। বাসিন্দাদের আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রার কথা মাথায় রেখে ভবনটির ছাদে (রুফটপ) একটি আকর্ষণীয় সুইমিং পুলসহ নানাবিধ আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে।

অনুষ্ঠানে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের সিইও এবং ফাউন্ডার ইসমাইল হোসেন জুয়েল বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জলসিঁড়ি আবাসনে আমাদের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ নির্ধারিত মান বজায় রেখে হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়, বরং আধুনিক ও নিরাপদ জীবনযাত্রার একটি অনন্য পরিবেশ নিশ্চিত করা। আমাদের ২৩টি প্রজেক্টের মধ্যে চলমান ১৭টি প্রকল্পও একই মান ও প্রতিশ্রুতি বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে একে একে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রকল্পের ভূমি মালিক (ল্যান্ড ওনার) মেজর মো. সাব্বির হাসান (অব.) তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের কাজের মান, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি রক্ষার আন্তরিকতায় আমি অত্যন্ত সন্তুষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে এত সুন্দর ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ভবন হস্তান্তর করায় আমি প্রতিষ্ঠানের সিইও এবং ফাউন্ডার ইসমাইল হোসেন জুয়েলসহ পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, জলসিঁড়ি আবাসন এলাকায় তালিকাভুক্ত ৪৯২টি প্রকল্পের মধ্যে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের এককভাবে ২৩টি প্রকল্প রয়েছে, যা প্রতিষ্ঠানটিকে এই আবাসনের শীর্ষ অবস্থানগুলোর একটিতে (৭ম স্থান) নিয়ে এসেছে। এর মধ্যে ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ প্রথম প্রকল্প হিসেবে সফলভাবে হস্তান্তর করা হলো। বর্তমানে প্রতিষ্ঠানটির আরও ১৭টি প্রকল্পের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা পর্যায়ক্রমে গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের ভূমি মালিকগণ (ল্যান্ড ওনার), ফ্ল্যাট মালিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইপিএল নিলামে ইতিহাসের প্রথম বাবা-ছেলে জুটি মোহাম্মদ নবী ও হাসান ঈসাখিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


আইপিএল নিলামে ইতিহাসের প্রথম বাবা-ছেলে জুটি মোহাম্মদ নবী ও হাসান ঈসাখিল

আইপিএলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং তাঁর ছেলে হাসান ঈসাখিল ২০২৭ সালের আইপিএল মিনি-নিলামের জন্য নিবন্ধন করেছেন। তাঁরা ইতিহাসের প্রথম বাবা-ছেলে জুটি হিসেবে নিলামের তালিকায় স্থান করে নিয়েছেন।

আইপিএল ২০২৭-এর মিনি-নিলাম আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। এই নিলামে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৪১ বছর বয়সী নবী এবং ২০ বছর বয়সী হাসান। নবীর ভিত্তিমূল্য ১ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে, আর হাসানের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৭৫ লাখ রুপি।

তবে নিবন্ধন করলেই নিলামে অংশগ্রহণ নিশ্চিত নয়। প্রায় ১ হাজার ২২০ জন ক্রিকেটারের প্রাথমিক তালিকা থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো বাছাই করে চূড়ান্ত নিলাম তালিকা তৈরি করবে। ফলে বাবা ও ছেলে দুজনেরই নিলামে থাকা নিশ্চিত নয়, এটি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর নির্ভর করবে।

নবী আফগানিস্তান ক্রিকেটের একজন পরিচিত মুখ, যিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। অন্যদিকে, ব্যাটার হাসান এখনো তাঁর ক্যারিয়ার গড়ার প্রক্রিয়ায় রয়েছেন। যদিও বাবা-ছেলে একসঙ্গে একই নিলামে থাকবেন, তাঁদের দুজনকে একই আইপিএল দলে দেখা যাবে কি না, সেটি এখন দেখার বিষয়।

এর আগে ২০২৫-২৬ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবী ও হাসান একসঙ্গে ব্যাটিং করেছেন। সেই ম্যাচে তাঁরা মিলে ৫৩ রানের জুটি গড়েন, যেখানে হাসান ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

এখন আইপিএলের নিলামে বাবা-ছেলের একসঙ্গে নাম ওঠার অপেক্ষা। যদি দুজনই চূড়ান্ত তালিকায় স্থান পান, তাহলে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একই নিলামে অংশগ্রহণ করবে কোনো বাবা ও ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. এস এম শামীম রেজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. এস এম শামীম রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম শামীম রেজা। এই পরিবর্তনের মাধ্যমে প্রায় আড়াই বছর পর বিভাগটি নিজেদের শিক্ষকদের মধ্যে থেকে চেয়ারম্যান পেল।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ড. এস এম শামীম রেজার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ জুন থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের পাঁচজন ডিন পর্যায়ক্রমে বিভাগটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিভাগীয় কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে উপাচার্যের নির্দেশনায় নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বিগত পাঁচজন ডিন বিভাগের নিজস্ব শিক্ষককে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সুযোগ পাননি কিংবা সেই পরিস্থিতি তৈরি হয়নি। তিনি উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে এ হস্তান্তর সম্পন্ন করতে পারা ডিন অফিসের একটি সাফল্য।

তিনি আরও বলেন, উপাচার্যের নির্দেশনায় সম্পন্ন এ দায়িত্ব হস্তান্তর বিভাগের নেতৃত্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অধ্যাপক মাহবুবুর রহমান আশা প্রকাশ করেন যে, নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশাসনিক নেতৃত্বে ধারাবাহিকতা ফিরে আসবে। একই সঙ্গে শিক্ষা, গবেষণা, বিভাগীয় পরিকল্পনা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।

অধ্যাপক ড. এস এম শামীম রেজা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের গোল্ডস্মিথস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে মিডিয়া এডুকেশন এবং স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) অ্যানথ্রোপোলজি অব মিডিয়া বিষয়ে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব মালয়েশিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (আইকেমাস) এশিয়া ফেলোশিপ লাভ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ওসলো বিশ্ববিদ্যালয়, কাসেতসার্ট বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্ট থেকে বৈশ্বিক গণমাধ্যম নীতি ও আইন, আন্তর্জাতিক উন্নয়ন, কৌশলগত যোগাযোগ ও ব্লু ইকোনমি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ ও ডিপ্লোমা সম্পন্ন করেন।

তাঁর গবেষণার ক্ষেত্রের মধ্যে গণমাধ্যম নীতি ও নিয়ন্ত্রণ, কমিউনিটি সম্প্রচার ও পাবলিক স্ফিয়ার, মিডিয়া ও তথ্য সাক্ষরতা, সামাজিক পরিবর্তন ও উন্নয়নের জন্য যোগাযোগ, টেলিভিশনের ইতিহাস ও সংস্কৃতি, শিশু ও গণমাধ্যম এবং পাবলিক ডিপ্লোমেসি অন্তর্ভুক্ত। শিক্ষকতায় আসার আগে তিনি বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজ ও গণমাধ্যম উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।

অধ্যাপক শামীম রেজা অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ, শেভনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, কোডিকারা অ্যাওয়ার্ড, ফোর্ড এশিয়া ফেলোজ অ্যাওয়ার্ড, ইন্টারনিউজ ফেলোশিপ ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাই গ্র্যান্টস লাভ করেছেন। বর্তমানে তিনি ম্যানিলাভিত্তিক এশিয়ান মিডিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের (এমিক) বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বামনা প্রেসক্লাব পুনর্গঠন: সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


বামনা প্রেসক্লাব পুনর্গঠন: সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা

দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতা ও বিভিন্ন বিতর্কের অবসান ঘটিয়ে বামনা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়ে আলোচনা শেষে আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বামনা প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুর রহমান মন্টু, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আ. হালিম, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা।

বক্তব্য রাখেন বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, বেগম ফাইজুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, মো. নাসির উদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম আকন, মো. বাছির মোল্লা, ফেরদৌসী আক্তার রিনা, মাসুদ রেজা ফয়সল, ইকবাল কুরাইশি বাবু, মো. কামরুজ্জামান, ফোরকান মাহমুদ, মো. মিরাজ হোসাইন চৌধুরী, রিয়াদুল ইসলাম রিয়াদ, সিদ্দিকুর রহমান মান্না, নাসির উদ্দিন জমাদ্দার, সজীব হোসেন মুন্না ও আসাদুল ইসলাম আসাদসহ অন্যান্য উপস্থিত সাংবাদিকরা।

সভায় বক্তারা মন্তব্য করেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি, মানুষের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। এ ক্ষেত্রে একটি শক্তিশালী, কার্যকর ও গ্রহণযোগ্য প্রেসক্লাবের প্রয়োজনীয়তা অপরিসীম।

বক্তারা আরও উল্লেখ করেন, অতীতের বিভিন্ন বিতর্ক, মতবিরোধ ও সাংগঠনিক জটিলতার কারণে বামনা প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে একাধিক কমিটি গঠনের ঘটনায় সাংগঠনিক স্থবিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে প্রেসক্লাবের ঐতিহ্য, পেশাগত পরিবেশ ও সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যক্তিগত বলয়, বিভাজন ও মতবিরোধের ঊর্ধ্বে উঠে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় জানানো হয়, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরীফের উদ্যোগে বামনা প্রেসক্লাব পুনর্গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাবকে একটি সুসংগঠিত, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বামনা প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আগামী সাত কর্মদিবসের মধ্যে নির্ধারিত আবেদন ফরমের সঙ্গে নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা নিয়োগপত্র, প্রকাশিত সংবাদের কপি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা জানান, আবেদন ও দাখিল করা কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সাংবাদিকদের মতামত ও পেশাগত যোগ্যতা বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করে আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এই পুনর্গঠন উদ্যোগের মাধ্যমে বামনা প্রেসক্লাবের দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতার অবসান ঘটবে। ফিরে আসবে পারস্পরিক আস্থা, পেশাগত শৃঙ্খলা ও ঐক্যের পরিবেশ। একই সঙ্গে বামনায় সাংবাদিকতার মানোন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনে প্রেসক্লাবটি আবারও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%