১০:৪২ এম
আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, কোরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক আকিদা ও আদর্শ অনুসরণ করা জরুরি। ধর্মের নামে প্রচলিত শিরক, বিদআত, কুসংস্কার ও অনৈতিক কর্মকা- পরিহার করে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাজারে শায়িত ব্যক্তিরা সম্মানিত আল্লাহওয়ালা ও নেককার মানুষ। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং তাঁদের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তবে মাজারে সিজদা করা, ঢোল-তবলা বাজানো, শায়িত ব্যক্তির কাছে কিছু চাওয়া কিংবা শরিয়তবিরোধী আচার-অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে না। সব চাওয়া-পাওয়া ও সাহায্য প্রার্থনা একমাত্র মহান আল্লাহর কাছে করতে হবে। নেককার ব্যক্তিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, কিন্তু তাঁদের সরাসরি আহ্বান করা বা তাঁদের কাছে প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করা যাবে না। এছাড়াও, মাজারে অপ্রয়োজনীয় গম্বুজ নির্মাণসহ ধর্মীয় অনুশাসনের সঙ্গে সাংঘর্ষিক সকল কার্যক্রম পরিহার করতে হবে।
চট্টগ্রামবাসীর উদ্দেশে তিনি বলেন, চট্টগ্রাম ইসলাম প্রচার, দ্বীনি শিক্ষা ও অসংখ্য আল্লাহওয়ালার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জনপদ। এ অঞ্চলের মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শ অনুসরণ করে শিরক-বিদআতমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখলে ইনশাআল্লাহ চট্টগ্রাম একদিন আউলিয়াদের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করবে।
আরও পড়ুন: মারমাডিউক পিকথল ইংরেজি কোরআন অনুবাদে ইতিহাস গড়লেন
শনিবার (৭ নভেম্বর) বাদ আছর চট্টগ্রামের ইপিজেড এলাকায় ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাহফিলে পীর ছাহেব কেবলার সফরসঙ্গী ও বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ-নসিহত করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় পীর ছাহেব কেবলা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন