ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

লোকসানের শঙ্কার মধ্যেই আগাম আলু চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা


লোকসানের শঙ্কার মধ্যেই আগাম আলু চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা

কুড়িগ্রামে কৃষকরা দীর্ঘদিন ধরে বাজারে আলুর দাম কম থাকার পরও আগাম আলু চাষে ঝুঁকছেন। প্রতিবছর নতুন আলুর চাহিদা ও তুলনামূলক বেশি দাম পাওয়ার প্রত্যাশায় তারা আগাম জাতের আলু আবাদ করছেন। তবে লোকসানের ঝুঁকি কমানোর জন্য কৃষি বিভাগ গত মৌসুমের তুলনায় এবার কম জমিতে আলু চাষের পরামর্শ দিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কৃষকরা একদিকে বীজ আলু কেটে গজানো অঙ্কুর আলাদা করছেন। অন্যদিকে, হালচাষে প্রস্তুত জমিতে কেউ লাঙল টানছেন, আবার কেউ সারিবদ্ধভাবে তৈরি করা জমিতে আলুর অঙ্কুরিত অংশ পুঁতে দিচ্ছেন। আগাম আলু চাষের জন্য তারা ব্যস্ত সময় পার করছেন।

গত মৌসুমে কুড়িগ্রাম জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ১০০ হেক্টর, তবে বাস্তবে ৭ হাজার ৯০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আগের বছরগুলোর তুলনায় ৮০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ হওয়ায় বাজারে সরবরাহ বেড়ে যায়। ফলে দাম কমে গিয়ে কৃষক ও ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েন।

আরও পড়ুন: দেবীগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট, দাম কমে হতাশ কৃষক

তবে পুরাতন আলুর তুলনায় নতুন আলুর চাহিদা ও দাম বেশি থাকায় এবার কৃষকরা আগাম জাতের ধান কাটার পর ফাঁকা হওয়া জমিতে আলু চাষ করছেন। তাদের আশা, মৌসুমের শুরুতে নতুন আলু বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনবাজার এলাকার আলুচাষি মোহাম্মদ আলী জানান, "গত দুই বছর ধরে আলু চাষে লাভ না হলেও আগাম আলু চাষ করছি। আশা করছি, চলতি বছর নতুন আলু ওঠার সময় ভালো দাম পাওয়া যাবে।"

কুড়িগ্রাম সদরের হরিকেশ এলাকার আলুচাষি ও ব্যবসায়ী এরশাদুল বলেন, "এখনও হিমাগারে পর্যাপ্ত আলু রয়েছে। বাজারে আলুর খুচরা দাম কেজিপ্রতি ১৫ থেকে ১৬ টাকা এবং পাইকারি দাম ১০ টাকা। গত বছর তিন একর জমিতে আলু চাষ করে বড় ধরনের লোকসানে পড়েছি। তাই এবার এক একর জমিতে আলু চাষের পরিকল্পনা থাকলেও এখনও আবাদ শুরু করিনি।"

এদিকে, কৃষি বিভাগ কৃষকদের বেশি লাভের আশায় আলু চাষ করে লোকসানে পড়া কৃষকদের এবার কম জমিতে আলু আবাদের পরামর্শ দিচ্ছে। পাশাপাশি আলুর পরিবর্তে অন্য লাভজনক ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন: বদরগঞ্জে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, "চলতি মৌসুমে জেলায় ৮ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে আলুর আবাদ কমিয়ে অন্য লাভজনক ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।"

চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ২৫০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামের রাজপথে বিএনপি ও জামায়াতের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামের রাজপথে বিএনপি ও জামায়াতের প্রতিবাদ

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চট্টগ্রামে রাতভর পাহারা ও বিক্ষোভ মিছিলের পর সকালে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। গতকাল সোমবার গভীর রাত থেকেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাত জেগে পাহারা দেন ছাত্রদল, এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

কথিত অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব বিভাগের মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে নগরীতে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে যুব বিভাগের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে আয়োজিত র‍্যালিটি নগরীর বহদ্দারহাট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত র‍্যালিতে অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে শামসুজ্জামান হেলালী বলেন, "রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তাঁরা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছে শিবির। নগরের জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও দেওয়ানহাটসহ বেশ কিছু এলাকায় রাত ১টা থেকে ৪টা পর্যন্ত লাঠি হাতে ছাত্রলীগ প্রতিরোধে মহড়া দিতে দেখা যায় ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠনকে। এমনকি নগরে ঘুরে ঘুরে মোটরসাইকেল শোডাউন করেছেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রলীগের জ্বালাও-পোড়াও ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বহদ্দারহাট, জিইসি, টাইগারপাস, নিউ মার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার, একে খান, বন্দর থানা ও ইপিজেডসহ নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানানো হয়েছে, নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ।

এর আগে সোমবার মধ্যরাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া নগরের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এই দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে নগর পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গতকাল রাত থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমাদের টহল ডিউটি বৃদ্ধি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের দুগ্ধজাত পণ্যে বিষাক্ত ধাতুর উপস্থিতি স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের দুগ্ধজাত পণ্যে বিষাক্ত ধাতুর উপস্থিতি স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে

মলয় কুমার দত্ত

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস’-এ প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে দুধ ও দুগ্ধজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, এসব পণ্যে বিষাক্ত ভারী ধাতু এবং রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে।

‘ডুয়াল বার্ডেন অফ কেমিক্যাল অ্যান্ড মাইক্রোবিয়াল হ্যাজার্ডস ইন ডেইরি প্রোডাক্টস ফ্রম ঢাকা, বাংলাদেশ: আ কম্প্রিহেনসিভ ফুড সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাক্রস মার্কেট সিস্টেমস’ শীর্ষক গবেষণাটি আগস্ট মাসে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, বিভিন্ন দুগ্ধজাত পণ্যে, বিশেষ করে পনির ও দইয়ে, সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও পারদের মাত্রা অত্যন্ত বেশি।

কাঁচা দুধে ‘এশেরিকিয়া কোলাই’ (ই. কোলাই) ও ‘সালমোনেলা’ ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা দুগ্ধ সরবরাহ ব্যবস্থায় স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তার দুর্বলতা নির্দেশ করে।

২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই গবেষণাটি পরিচালিত হয়েছে, যেখানে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন বাজার ও উৎস থেকে ৮৪টি দুগ্ধজাত পণ্যের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গবেষণায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

গবেষকরা উন্নত গবেষণাগার প্রযুক্তি যেমন ‘ইনডাক্টিভলি কাপলড প্লাজমা মাস স্পেকট্রোমেট্রি’ (আইসিপি-এমএস) এবং ‘পলিমারেজ চেইন রিঅ্যাকশন’ (পিসিআর) ব্যবহার করে রাসায়নিক ও অণুজীবজনিত দূষণ পরীক্ষা করেছেন।

পনির ও দইয়ে ভারী ধাতুর উদ্বেগজনক মাত্রা

গবেষণার প্রধান ফলাফলের মধ্যে পনিরে সীসার গড় মাত্রা ০.৭৮৪ মিলিগ্রাম/লিটার পাওয়া গেছে, যা গবেষণায় উল্লেখিত অনুমোদিত সীমা (০.০২ মিলিগ্রাম/লিটার)-এর প্রায় ৩৯ গুণ বেশি।

আর্সেনিকের উপস্থিতি পনিরে গড় ৬২.৮৬৪ মাইক্রোগ্রাম প্রতি কেজি এবং দইয়ে ২১.৪৩৮ মাইক্রোগ্রাম প্রতি কেজি ছিল।

পনিরে ক্যাডমিয়ামের মাত্রা ০.০১৯ মিলিগ্রাম/লিটার পাওয়া গেছে, যা নির্দেশিত মানদণ্ড (০.০১ মিলিগ্রাম/লিটার)-এর চেয়ে বেশি। পনিরে পারদের মাত্রা ০.১৫৭ মিগ্রা/লিটার এবং ঘীতে ০.০৪৬ মিগ্রা/লিটার পাওয়া গেছে, যা উভয়ই গবেষকদের উল্লিখিত ০.০১ মিগ্রা/লিটারের মানদণ্ডের চেয়ে অনেক বেশি।

পনিরে নিকেলের এবং দইয়ে তামার উচ্চ মাত্রাও শনাক্ত হয়েছে।

গবেষকরা ভারী ধাতুর দূষণের সম্ভাব্য উৎস হিসেবে দূষিত পশুখাদ্য, দূষিত পানি, শিল্পকারখানার নিঃসরণ, প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম এবং অস্বাস্থ্যকর ব্যবস্থাপনাকে চিহ্নিত করেছেন।

অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা দূষণ বাড়ায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা মন্তব্য করেছেন যে, দুধ দোয়ানো, সংগ্রহ, প্যাকেজিং এবং পরিবহনের সময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করলে অণুজীবজনিত দূষণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

তিনি বলেন, ক্ষুদ্র খামারি এবং স্বতন্ত্র দুধ সরবরাহকারীরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলেন না। পুরো সরবরাহ ব্যবস্থায় পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. গোলাম মোস্তফা আরও বলেন, দুধ রাখার পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, খামারিদের দুধ দোয়ানোর আগে হাত ধোয়ার প্রয়োজন রয়েছে এবং দুধ স্থানান্তর, প্যাকেজিং ও পরিবহনের সময় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা আবশ্যক।

তিনি জোর দিয়ে বলেন, খামার থেকে দুধ সংগ্রহ করা থেকে শুরু করে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াই খাদ্য নিরাপত্তা নজরদারির আওতায় থাকা উচিত।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই গবেষণায় বিভিন্ন বাজার ও উৎস থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়েছে, কোনো নির্দিষ্ট কোম্পানি বা দুগ্ধ ব্র্যান্ডকে লক্ষ্য করে এটি করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, সরকারি নজরদারি জোরদার করা প্রয়োজন

গবেষণা দলের সদস্য বিসিএসআইআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া দুধ ও দুগ্ধজাত পণ্যের ওপর সরকারি নজরদারি, বিশেষ করে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের মাধ্যমে তদারকি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, গবেষণার এই ফলাফল দেখে কর্তৃপক্ষের উচিত নজরদারি বাড়ানো এবং রাসায়নিক ও অণুজীবজনিত দূষণ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

তবে, তিনি এই গবেষণার ফলাফলকে সারা দেশের চিত্র হিসেবে গণ্য না করার পরামর্শ দেন, কারণ গবেষণাটি কেবল ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে সংগৃহীত নমুনার ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে।

তিনি বলেন, ঢাকা অনেক বড় এলাকা হওয়ায় দুগ্ধ পণ্যের নিরাপত্তার সামগ্রিক চিত্র পেতে আরও বেশি নমুনা নিয়ে বড় পরিসরে গবেষণা প্রয়োজন।

শিশুদের জন্য নিরাপদ দুধের গুরুত্বের ওপর জোর দিয়ে ড. ভূঁইয়া বলেন, জনস্বাস্থ্যের স্বার্থে দুগ্ধজাত পণ্যের গুণমান নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

তিনি বলেন, ‘শিশুদের জন্য দুধ প্রয়োজন, আর তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের ৯৯.৯৯ শতাংশ নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত নয়, বরং দুধকে পুরোপুরি নিরাপদ করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা উচিত। এছাড়া, পশু খাদ্য ও কর্মীদের প্রশিক্ষণের দিকেও নজর দেওয়া প্রয়োজন।’

ড. ভূঁইয়া বাণিজ্যিকভাবে উৎপাদিত পশু খাদ্যের ওপর কঠোর নজরদারির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

তিনি সতর্ক করে বলেন, দূষিত পশু খাদ্যের মাধ্যমে খাদ্যশৃঙ্খলে ভারী ধাতু প্রবেশ করতে পারে, যা শেষ পর্যন্ত দুধ ও দুগ্ধজাত পণ্যেও চলে আসতে পারে।

তিনি গবাদি পশুর খাদ্য যেন যথাযথ নিরাপত্তা মানদণ্ড পূরণ করে, তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়গুলোর সমন্বিত তদারকির আহ্বান জানান।

অণুজীবের দূষণ প্রসঙ্গে তিনি বলেন, দুধ দোয়ানোর সময়, সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের পর্যায়ে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মল থেকে আসা ব্যাকটেরিয়া দুধে মিশে যেতে পারে।

তিনি দুগ্ধ খামারের কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের সুপারিশ করেন, যাতে পরিচ্ছন্নতা বজায় রাখা, দুধ নাড়াচাড়া ও প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি উন্নত হয়।

পাশাপাশি, দূষণের সম্ভাব্য উৎসগুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপরও তিনি জোর দেন।

ড. মোস্তফা দুধ রাখার পাত্র নিয়মিত পরিষ্কার রাখা এবং দুধ সংগ্রহ ও বিতরণের পুরো প্রক্রিয়ায় হাত পরিষ্কার রাখার (হ্যান্ড হাইজিন) ওপর গুরুত্বারোপ করেন।

কাঁচা দুধ ক্ষতিকারক ব্যাকটেরিয়ার ঝুঁকিতে বেশি থাকে

গবেষণায় দেখা গেছে, পরীক্ষিত কাঁচা দুধের নমুনার ৮০ শতাংশে ই. কোলাই (ঊ. পড়ষর) ব্যাকটেরিয়া পাওয়া গেছে এবং ২০ শতাংশে সালমোনেলা শনাক্ত হয়েছে।

পনির, দই ও মাঠা, যা এক ধরনের ঐতিহ্যবাহী গাঁজন করা ঘোল— সেগুলোতেও ব্যাকটেরিয়াজনিত দূষণ পাওয়া গেছে। এই ফলাফলগুলো দুধ দোয়ানোর সময় পরিচ্ছন্নতার অভাব, পানির নিম্নমান, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবহনে ত্রুটির ইঙ্গিত দেয়।

মাখন ও ঘিয়ে ই. কোলাই বা সালমোনেলার উপস্থিতি পাওয়া না গেলেও, গবেষকরা সতর্ক করেছেন যে প্রক্রিয়াজাতকরণ বা গাঁজন প্রক্রিয়া মানেই যে তা অণুজীবের দিক থেকে সম্পূর্ণ নিরাপদ, তা নিশ্চিতভাবে বলা যায় না।

ড. মোস্তফা বাড়িতে দুধ পানের আগে তা ফুটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে, যথাযথভাবে নিয়ন্ত্রিত পাস্তুরায়ন পদ্ধতি খাদ্য নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দীর্ঘমেয়াদী সংস্পর্শ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে

গবেষকরা ‘এস্টিমেটেড ডেইলি ইনটেক’ (ইডিআই), ‘হ্যাজার্ড কোশেন্ট’ (এইচকিউ) এবং ‘কার্সিনোজেনিক রিস্ক’ (সিআর)-এর মতো সূচক ব্যবহার করে দূষিত দুগ্ধজাত পণ্য গ্রহণের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করেছেন।

পনিরে সিসার ক্ষেত্রে ‘হ্যাজার্ড কোশেন্ট’ ছিল ১.২৮ এবং আর্সেনিকের ক্ষেত্রে ছিল ১.৩০। উভয় মানই ১-এর সীমা অতিক্রম করেছে, যা গবেষণার ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।

পনিরে থাকা আর্সেনিকের কারণে আজীবন ক্যান্সার হওয়ার সম্ভাব্য ঝুঁকি অত্যন্ত বেশি।

গবেষকরা সতর্ক করেছেন যে দূষিত খাবারের সংস্পর্শে দীর্ঘসময় থাকলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষেত্রে।

তারা কাঁচা দুধের গুণমান নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ, পরিচ্ছন্নতা বৃদ্ধি, সাশ্রয়ী পাস্তুরায়ন প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা এবং দুগ্ধজাত পণ্যের ওপর নিয়মিত নজরদারি চালানোর সুপারিশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে কপ-৩১ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


তুরস্কে কপ-৩১ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশগ্রহণের জন্য তুরস্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। সোমবার (৯ নভেম্বর) তিনি একটি ভিডিও বার্তায় এই তথ্য প্রকাশ করেছেন।

ভিডিও বার্তায় খলিলুর রহমান সম্মেলনে তার তিনটি প্রধান অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, "আমি তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নিয়ে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১-এ যাচ্ছি।" প্রথম অগ্রাধিকার হিসেবে তিনি উল্লেখ করেন, প্যারিস চুক্তির আওতায় আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন জ্বালানি, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাসের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে তিনি ‘জলবায়ু অর্থায়ন’ এর গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, সহনশীলতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সময়মতো এবং নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করবেন।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে মানবসম্পদ ও লোকালয় সুরক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমাদের শেষ অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা।" তিনি জানান, আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করা এবং স্থানীয় কমিউনিটি সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবন সুরক্ষিত করাই তাদের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটির খসড়া তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটির খসড়া তালিকা প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির একটি খসড়া তালিকা প্রস্তুত করেছে। এই প্রস্তাবিত তালিকার ভিত্তিতে, আগামী বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে।

খসড়া তালিকার তথ্য অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি থাকবে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরো দুই দিন রাখা হয়েছে।

ছুটির খসড়া তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৭ শিক্ষাবর্ষে সবচেয়ে দীর্ঘ ছুটি পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ রাখা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে, যেখানে সাপ্তাহিক ছুটি বাদে মোট ২৪ দিন ছুটি থাকবে।

দীর্ঘ এই ছুটির মধ্যে শ্রী শ্রী সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), জামাতুল বিদা (৫ মার্চ), শ্রী শ্রী শিবরাত্রি (৬ মার্চ), শবেকদর (৭ মার্চ) এবং ঈদুল ফিতর (১০ মার্চ) অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এই সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১০ দিন ছুটি উপভোগ করতে পারবেন; যার মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমার দিনটিও অন্তর্ভুক্ত রয়েছে।

বছরের শেষের দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সময় সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

মোট ৭০ দিন ছুটি রাখা হয়েছে ২০২৭ শিক্ষাবর্ষের খসড়া তালিকায়। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে।

এছাড়া, তালিকাটি খসড়া হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%