মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৩ এম
রংপুরের বদরগঞ্জে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থানে জমি প্রস্তুত, চারা রোপণ এবং পরিচর্যার কাজের পাশাপাশি কোথাও কোথাও আগাম উৎপাদিত সবজি সংগ্রহ ও বাজারজাত করার কাজ চলছে। গত মৌসুমে আগাম সবজি চাষ করে লাভ হওয়ায় এবারও কৃষকরা আশাবাদী। মৌসুমের শুরুতে তুলনামূলক ভালো দাম পাওয়ার প্রত্যাশায় শীতের আগেই সবজি চাষে ঝুঁকছেন তারা।
যমুনেশ্বরী নদীর তীরবর্তী জামুবাড়ি, দামোদরপুর, মধুপুর, লোহানীপাড়া, কাচাবাড়ি, কালুপাড়া ও কুতুবপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, করলা, পটল, লাউ, মুলা, টমেটো, মিষ্টিকুমড়া, চালকুমড়া, গাজর ও বিভিন্ন জাতের শাকের আবাদ হচ্ছে। এসব সবজি স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার হেক্টর জমিতে। ইতোমধ্যে ৯৯১ হেক্টর জমিতে সবজির আবাদ সম্পন্ন হয়েছে। কৃষকদের আগ্রহ অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে সবজি চাষের কর্মযজ্ঞ। কোথাও কৃষকরা চারা রোপণ করছেন, কোথাও পরিচর্যায় ব্যস্ত। আবার কোনো কোনো জমি থেকে উৎপাদিত সবজি তুলে বাজারজাত করছেন। ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকাররা সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। এতে পরিবহন খরচ ও বাজারে পণ্য নিয়ে যাওয়ার ভোগান্তি কমছে কৃষকদের।
বদরগঞ্জ পৌরসভার জামুবাড়ি এলাকার কৃষক আবদুল হাকিম (৫০) জানান, তিনি এবার ২০০ শতাংশ জমিতে ফুলকপি, ৪০ শতাংশে বেগুন, ৫০ শতাংশে আগাম আলু এবং ২০ শতাংশ জমিতে বিভিন্ন জাতের শাকের আবাদ করেছেন। গত বছর ২০০ শতাংশ জমিতে ফুলকপি চাষ করে প্রায় দেড় লাখ টাকা লাভ করেছিলেন। এবারও অনুকূল আবহাওয়া ও ভালো বাজারদর পেলে একই রকম লাভের আশা করছেন তিনি।
আবদুল হাকিম বলেন, ‘সবজি চাষ করে আমাদের সংসারে সচ্ছলতা এসেছে। এখন আর সবজি বিক্রির জন্য হাটবাজারে যেতে হয় না। পাইকাররা ক্ষেত থেকেই সবজি কিনে নিয়ে যান। এতে সময় ও খরচ দুটোই কমে।’ তবে কৃষি বিভাগের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষি অফিস থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। কেউ কখনো খোঁজখবরও নেননি।’
কালুপাড়া ইউনিয়নের ফুলপুকুর এলাকার কৃষক ফারুক মিয়া জানান, এ ইউনিয়নে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হয়। স্থানীয়ভাবে উৎপাদিত সবজি পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
উপজেলার কাচাবাড়ি এলাকার কৃষক শাহাজান সরকার (৫৫) বলেন, চলতি মৌসুমে ৩০ শতাংশ জমিতে বেগুন চাষ করেছেন তিনি। এ পর্যন্ত দুই দফায় প্রায় ১৪ মণ বেগুন তুলে আড়তে বিক্রি করেছেন। প্রতি মণ বেগুনের দাম পেয়েছেন ১ হাজার ৭৫০ টাকা। জমিতে আরও তিন থেকে চার দফা বেগুন তোলার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘অন্য ফসলের তুলনায় সবজি চাষে লাভ বেশি। এখন ঢাকার পাইকাররা জমি থেকেই সবজি কিনে নিয়ে যান। এতে সময় ও পরিবহন খরচ বাঁচে।’
দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের কৃষক আতিকুর রহমান (৪০) জানান, তিনি ৩০ শতাংশ জমিতে করলার আবাদ করেছেন। তার মতে, তুলনামূলক কম জমি ও পুঁজি দিয়েও সবজি চাষ শুরু করা যায়। অল্প সময়ের মধ্যে উৎপাদিত সবজি বিক্রির উপযোগী হওয়ায় নিয়মিত আয়ের সুযোগ তৈরি হয়।
স্থানীয় কৃষকদের মতে, আগাম সবজির সরবরাহ কম থাকায় মৌসুমের শুরুতে দাম তুলনামূলক ভালো পাওয়া যায়। তবে উৎপাদন খরচ, আবহাওয়া ও বাজারদরের ওঠানামা কৃষকদের লাভের ওপর প্রভাব ফেলতে পারে।
বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.সেলিনা আফরোজ বলেন, বদরগঞ্জ সবজি চাষের জন্য একটি পরিচিত উপজেলা। এখানে ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন ধরনের সবজির উল্লেখযোগ্য আবাদ হচ্ছে। আগাম সবজি উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি কৃষকরাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। সবজির উৎপাদন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আগাম জাতের সবজি চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মারা যান।
নিহত ব্যক্তির নাম কালাচাঁন শেখ, যার বয়স ৩৪ বছর। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের পুত্র। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মৃত্যুর কারণ হিসেবে আগুনের বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট উল্লেখ করা হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেখানে কর্মরত উপপরিদর্শক (এসআই) শম্পা জানান, অগ্নিকাণ্ডে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরগুনায় রাতের আঁধারে একাধিক সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে, সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে এই তৎপরতা চালানো হয়। এর ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান টেস্ট পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত সংবাদ অনুযায়ী, বরগুনা সরকারি জেলা স্কুল এবং বরগুনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়সহ অন্তত অর্ধশত স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। বেতাগী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা কার্যালয়, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। একই রাতে বামনা উপজেলার রামনা শের-ই-বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং পাথরঘাটা সরকারি কলেজেও তালা দেওয়ার খবর পাওয়া গেছে। একই ধরনের ঘটনা জেলার পাথরঘাটা, আমতলী ও তালতলীতেও ঘটেছে বলে জানা গেছে।
বরগুনার বেতাগী ও অন্যান্য এলাকায় জেলা পরিষদসহ প্রায় ৩০টি সরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে নাম প্রকাশে বাণিজ্যক একজন অভিভাবক বলেন, "শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিভাবকদের প্রত্যাশা, দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠানের তালা খুলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করা, চলমান পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া এবং ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।"
বরগুনা জেলা স্কুলের একজন ছাত্রঅভিভাবক মো. নাসির উদ্দিন বলেন, "রাজনৈতিক কর্মসূচি যার যার বিষয়, কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব ও বাধা থেকে মুক্ত রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ক্লাসরুমে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে। সিলিং ফ্যান ভেঙে পড়ার ফলে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
৯ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমির হামজা গুরুতর আহত হয়েছে। সে দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। আহত আমির হামজাকে দ্রুত হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। একই সময়ে, একই ক্লাসের অর্ক নামের আরেক শিক্ষার্থীও আহত হয় এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যান ভেঙে শিক্ষার্থীদের পাশে পড়ে যায়। চলন্ত ফ্যানের পাখার আঘাতে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমির হামজার নাকে এবং চোখে গুরুতর আঘাত লাগে। একই সময়ে অর্ক নামের আরেক শিক্ষার্থীও আঘাতপ্রাপ্ত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল কাজল জানান, বিদ্যালয়ের টিম সেটের ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে এবং সামান্য বৃষ্টিতে পানি পড়ে। পূর্বে কিছু মেরামত করা হলেও তা কার্যকর হয়নি। ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এই পুরাতন জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।
প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক লুৎফর রহমান জানান, আজ অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয় শ্রেণীর ক্লাসের ফ্যান ভেঙে নিচে পড়ে যায়। ফ্যানের পাখার আঘাতে দুজন ছাত্র আহত হয়। বিদ্যালয়ের এই ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই ভবনটি মেরামতের জন্য আবেদন করা হয়েছে। ভবনটি দ্রুত মেরামত করা প্রয়োজন, অন্যথায় আবারও এ ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে এর আগে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বাজেট দুইবার এসেছিল, কিন্তু জমি সংক্রান্ত জটিলতার কারণে সেই টাকা ফেরত চলে গেছে। বিদ্যালয়ের ভিতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রাথমিক এবং হাই স্কুলের যৌথ ব্যবহারের জন্য তিনটি রুম আমাদের প্রাইমারি স্কুলের জন্য বরাদ্দ ছিল, কিন্তু হাই স্কুল কর্তৃপক্ষ তা ব্যবহার করতে দিচ্ছে না। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি যাতে শিক্ষার্থীরা ওই ভবনে ক্লাস করতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আজ কথা হয়েছে।
উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানের জরাজীর্ণ টিনশেড ভবনটি ১৯৮৬ সালে নির্মাণ করা হয়। বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দুই শতাধিক। তবে শিক্ষকদের দাবি, এই জরাজীর্ণ ভবনের কারণে অতীতের তুলনায় ছাত্র-ছাত্রীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রায় দুই বছর পর আবারও কোচের দায়িত্বে ফিরেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেজ। ৪৯ বছর বয়সী এই সাবেক স্ট্রাইকার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব রিয়াল ওভিয়েদোর প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৮ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে।
সোমবার (৯ নভেম্বর) রাউলের নাম নতুন কোচ হিসেবে ঘোষণা করে ওভিয়েদো। সিনিয়র পর্যায়ে এটি তার প্রথম প্রধান কোচের দায়িত্ব। আগামী শনিবার (১৪ নভেম্বর) জিরোনার বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হবে তার নতুন অধ্যায়।
খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে রাউল ১৬ বছর কাটিয়েছেন। ক্লাবটির জার্সিতে ৭৪১ ম্যাচ খেলে তিনি ৩২৩ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ১৩৭ গোল করিয়েছেন।
অবসরের পর রিয়ালের যুব একাডেমিতে কোচিং শুরু করেন তিনি। পরে ক্লাবটির 'বি' দলের দায়িত্ব পালন করেন ছয় বছর। ২০২৫ সালের জুনে সেই দায়িত্ব ছাড়ার পর তিনি আর কোনো দলের কোচ হননি।
১৩ ম্যাচে ৯ নম্বরে অবস্থান করা ওভিয়েদো সোমবার আগের কোচ হুলিয়ান কায়েরোকে বরখাস্ত করে। এবার রাউলের কাঁধে রয়েছে দলটির ভাগ্য বদলানোর দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ