০৫:০৩ পি.এম
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘ ৩০ বছরের পথচলা উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
এই অনুষ্ঠানটি সোমবার (৫ অক্টোবর) সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যেখানে সিডিডির বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি, দাতা সংস্থা, অন্যান্য অংশীদার সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাসহ আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করে সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী জানান, সিডিডি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং নেতৃত্বের সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, সিডিডি যেই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, সে পথে অনেক দূর এগিয়েছে, তবে এখনও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের প্রতিষ্ঠা এবং তাদের নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসার জন্য অনেক কাজ বাকি রয়েছে। তিনি সরকারের পাশাপাশি সকলের প্রতি আহ্বান জানান, যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
এরপর সিডিডির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং নির্বাহী উপদেষ্টা এএইচএম নোমান খান প্রতিষ্ঠানের দীর্ঘ যাত্রার খণ্ডচিত্র তুলে ধরেন। অতিথিরা সিডিডির ৩০ বছরের পথচলার স্মৃতিসম্বলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। কেক কাটা শেষে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পটের গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, সমাজভিত্তিক পুনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তিকরণের প্রভাব ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তারেক বলেন, সিডিডি বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলে যেখানে শহুরে সুযোগ-সুবিধা পৌঁছানো সম্ভব নয়, সেখানে সিডিডির মতো সংস্থাগুলোর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য সরকার কাজ করে যাচ্ছে। একেএম তারেক ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সরকার ও অন্যান্য সংস্থার যৌথ অংশীদারিত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
এরপর প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।
এর আগে সকালে সিডিডি কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) সামিট ২০২৬ আয়োজন করে। এই সম্মেলনে অংশ নেন কয়েকশ প্রতিবন্ধী শিশু, যুব এবং তাদের অভিভাবকরা। বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের বিষয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত প্রয়াস একটি অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন