১১:০৪ পি.এম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করার জন্য এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে একটি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিস টোক ইউনিয়ন শাখার উদ্যোগে ১৯ জুন শুক্রবার বিকালে টোক রনেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়, যা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মাদক বিরোধী কর্মসূচিতে শতস্ফুর্তভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মী, আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক, এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: জোরারগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৪, কারাদণ্ড ৫ মাদকসেবীর
র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন এবং "চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে", "সবারই চাই, মাদকমুক্ত টোক চাই" ইত্যাদি স্লোগানের মাধ্যমে সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করার আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মাদক একটি জাতীয় সমস্যা এবং এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনের জন্য শুধু প্রশাসনের উপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক এবং ধর্মীয় সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সুস্থ, সুন্দর এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণের জন্য মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
এ লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস টোক ইউনিয়ন শাখার এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন