ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা


মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

ঢাকার মিরপুর ১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এই ঘটনা রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে ঘটে।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: মিরপুরে উদ্ধার হলো ২০টি ককটেল ও ৪১টি মশাল লাঠি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্বিয়ায় রেলস্টেশন দুর্ঘটনার দুই বছর পূর্তি উপলক্ষে ছাত্র আন্দোলনের স্মরণসভা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


সার্বিয়ায় রেলস্টেশন দুর্ঘটনার দুই বছর পূর্তি উপলক্ষে ছাত্র আন্দোলনের স্মরণসভা

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : সার্বিয়ার নোভি সাদ শহরের রেলস্টেশন ধসে ১৬ জনের মৃত্যুর দুই বছর পূর্তি উপলক্ষে রোববার হাজার হাজার মানুষের সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই দুর্ঘটনাই দেশটিতে সরকারবিরোধী ছাত্র আন্দোলনের সূচনা করেছিল, যা শেষ পর্যন্ত এক সপ্তাহ আগে ডানপন্থী ক্ষমতাসীন দলের পতন ঘটাতে সহায়তা করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই বছর আগে সার্বিয়ার নোভি সাদ শহরের সংস্কার করা রেলস্টেশনের কংক্রিটের ছাউনি ধসে ১৬ জন মারা যান। নিহতদের মধ্যে ছিল দুই বোন, একজন ছয় বছর এবং অন্যজন ১০ বছর বয়সী।

দুর্ঘটনার পর সার্বিয়ার বিভিন্ন স্থানে শোকের আবহ সৃষ্টি হয়। একই সঙ্গে রেলস্টেশনটির সংস্কারকাজে ব্যয়িত কয়েক মিলিয়ন ইউরোর বিষয়ে প্রশ্ন উঠতে থাকে। এর ফলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ২০০০ সালে সাবেক স্বৈরশাসক স্লোবোদান মিলোসেভিচের পতনের পর এটি ছিল অন্যতম বৃহৎ গণবিক্ষোভ।

দুর্ঘটনায় ২৭ বছর বয়সী ছেলে স্তেফানকে হারানো দিয়ানা হ্রকা এএফপিকে বলেন, “যেখানে ঘটনাটি ঘটেছিল, সেখানে ফিরে যাওয়া খুবই কষ্টের।”

তিনি আরও বলেন, “প্রতিবার সেখানে ফিরে যাওয়া আগের চেয়েও কঠিন হয়ে ওঠে।”

এবারের বার্ষিকী এমন একটি সময়ে পালিত হচ্ছে, যখন আগাম নির্বাচনের ফল ঘোষণার মাত্র এক সপ্তাহ পেরিয়েছে।

নির্বাচনে বিজয়ী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আবারও সেই স্থানটিতে ফিরে আসছেন, যেখান থেকে তাদের আন্দোলনের সূচনা হয়েছিল।

দুর্ঘটনায় ছেলেকে হারানোর পর দিয়ানা হ্রকা নিজেই আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠেন।

তিনি বলেন, ন্যায়বিচারের দাবিতে চলমান আন্দোলন তাকে আশার আলো দেখিয়েছে।

গত দুই বছরের অভিজ্ঞতা তুলে ধরে হ্রকা বলেন, “মানুষের সমর্থন আমার কাছে অনেক বড় বিষয় ছিল।”

তিনি অশ্রুসিক্ত কণ্ঠে আরও বলেন, “যারা আমাকে সমর্থন করেছেন, যারা আন্তরিকভাবে চান আমরা সবাই একসঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা করি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তবে ছেলের মৃত্যুর ঘটনায় এখনো কাউকে দায়ী করে শাস্তির আওতায় আনা হয়নি।

দুর্ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবিতে সার্বিয়াজুড়ে লাখো মানুষ রাজপথে নেমে আসেন। এই আন্দোলনই গত রোববারের নির্বাচনে ছাত্র আন্দোলন-সমর্থিত জোটের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২৫০ আসনের পার্লামেন্টে ছাত্র-সমর্থিত তালিকাটি প্রায় ১৪০টি আসনে জয় পেয়েছে। ফলে তারা এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

দিয়ানা হ্রকা আশা করছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এই বড় পরিবর্তনের ফলে রেলস্টেশন দুর্ঘটনার তদন্ত আরও গতিশীল হবে।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এই মুহূর্তে আমাকে বাঁচিয়ে রাখার একমাত্র প্রেরণা হলো— একদিন ন্যায়বিচার পাওয়া যাবে, এই বিশ্বাস।”

নির্বাচনে পরাজয় মেনে নিয়ে আলেকজান্ডার ভুচিচের দল ক্ষমতা ছাড়ার কথা স্বীকার করার পর থেকেই ছাত্র আন্দোলনের নেতারা দুর্নীতি ও আলোচিত হত্যাকাণ্ডের একাধিক তদন্তে অগ্রগতি দাবি করে আসছেন।

একই সঙ্গে বিদায়ী সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প নিয়েও নতুন করে তদন্তের আহ্বান জানিয়েছেন তারা।

পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের দাবিও জানিয়েছে ছাত্র আন্দোলন।

নোভি সাদের রেলস্টেশন দুর্ঘটনা নিয়ে একাধিক তদন্ত চললেও এখনো কোনো মামলার বিচার শুরু হয়নি।

দুর্ঘটনার কয়েক দিন পর পদত্যাগ করা সাবেক নির্মাণমন্ত্রী গোরান ভেসিচের বিরুদ্ধে ২০২৫ সালে আরও ১২ জনের সঙ্গে জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টির অভিযোগে মামলা করা হয়।

এ ছাড়া প্রকল্পের অর্থায়ন নিয়ে পৃথক একটি দুর্নীতির তদন্তেও সন্দেহভাজন হিসেবে রয়েছেন ভেসিচ। ওই তদন্তে আরেক সাবেক মন্ত্রী তোমিস্লাভ মোমিরোভিচসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

রেলস্টেশন সংস্কারকাজে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থের সম্ভাব্য অপব্যবহারের অভিযোগও আলাদাভাবে তদন্ত করছে ইউরোপীয় পাবলিক প্রসিকিউটরস অফিস।

দিয়ানা হ্রকা বলেন, “এখন যদি আমরা দায়ীদের কারাগারে পাঠাতে পারি, তাহলে এমন ঘটনা আর কখনো ঘটবে না।”

ছেলেকে হারানো এই মা আরও বলেন, “আমি আশা করি, কোনো মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে এত বিপুলসংখ্যক মানুষকে রাজপথে নামতে হওয়ার ঘটনা এটাই শেষবার। আমার একমাত্র চাওয়া এটুকুই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফয়’স লেক ঘুরে মুগ্ধ হলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


ফয়’স লেক ঘুরে মুগ্ধ হলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

চট্টগ্রাম শুধুমাত্র ব্যবসা-বাণিজ্যের জন্য পরিচিত নয়, বরং এটি প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের একটি অনন্য স্থানও। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ফয়’স লেকের নৌকাবিহার করে মুগ্ধ হয়েছেন।

তিনি শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই মন্তব্য করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ফয়’স লেকে নৌবিহারের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘চট্টগ্রাম মানেই শুধু ব্যবসা-বাণিজ্য নয়! নৌকায় চড়ে শতবর্ষী ফয়’স লেক ঘুরে দেখার এবং বাংলাদেশের সৌন্দর্য ও ঐতিহ্যের প্রেক্ষাপটে এর বিশেষ অবস্থান সম্পর্কে জানার অভিজ্ঞতা ছিল দারুণ উপভোগ্য। অপূর্ব!’

ফয়’স লেক চট্টগ্রামের একটি ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র। রাষ্ট্রদূতের এই ভ্রমণে ফয়’স লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য নতুনভাবে প্রকাশ পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার দেশ জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


আমার দেশ জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান অভিযোগ করেছেন যে দৈনিক আমার দেশ পত্রিকাটি আওয়ামী লীগের এক ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্যের প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত হচ্ছে। তিনি জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগও করেছেন।

রবিবার (১ নভেম্বর) ফেসবুকের একটি পোস্টে এ তথ্য জানান রাশেদ খান। তিনি পোস্টে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ‘আমার দেশ’ পত্রিকায় তার কোনো বক্তব্য প্রচার না করার জন্য সম্পাদক মাহমুদুর রহমান নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তখন তিনি তথ্য উদঘাটন করে জানতে পারেন যে পত্রিকাটি আওয়ামী লীগের এক পদধারী নেতা ও বড় ব্যবসায়ী এবং ডামি এমপির কোম্পানির অর্থায়নে চলছে।

তিনি আরও জানান, প্রথমে অবাক হয়ে মাহমুদুর রহমানকে হোয়াটসঅ্যাপে ছবি ও তথ্য-প্রমাণ পাঠান। কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে যান। রাশেদ খান ভাবছিলেন, হয়তো বিষয়টি তার অজানা। তাই তিনি বারবার টেক্সট করে তথ্য-প্রমাণ পাঠিয়েছেন। কিন্তু মাহমুদুর রহমান পুরো বিষয়টি এড়িয়ে যান এবং তার কল গ্রহণও বন্ধ করে দেন।

রাশেদ খান বলেন, পরবর্তীতে আমার দেশ পত্রিকার একজন দায়িত্বশীলের সঙ্গে কথা বললে তিনি বলেন, "ভাই, আমাদের তো পত্রিকা চালাতে হয়!" এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। এই ঘটনার পর মাহমুদুর রহমানের চরিত্র তার কাছে উন্মোচিত হয়ে যায়। পত্রিকা চালানোর জন্য তিনি গণ-অভ্যুত্থানের বিরোধীপক্ষের সঙ্গে আপস করতে জানেন।

তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে তিনি ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ হওয়ায় আমার দেশ পত্রিকার মিথ্যা বয়ান ছিঁড়ে ফেলেছেন। কিন্তু কিছু মিডিয়া প্রচার করছে যে তিনি ফেসবুক লাইভে আমার দেশ ছিঁড়ে ফেলেছেন। তিনি স্পষ্ট করেন, "আমি কোনো ফেসবুক লাইভ করিনি। আমি ফরমাল ভিডিও আকারে প্রতিবাদ পাঠিয়েছি।"

রাশেদ খান বলেন, "আমার কোনো যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারে। কিন্তু একটি পত্রিকা আমাকে আওয়ামী লীগ ট্যাগিং করে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হয়েছি মর্মে বিভ্রান্তিমূলক লিড নিউজ করতে পারে না।" তিনি অভিযোগ করেন, প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণ হয়ে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এমনটি করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, "মূলত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের ঘটনায় মিয়া গোলাম পরওয়ারকে সেভ করতে ও জামায়াতের পক্ষে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাতে পরিকল্পিতভাবে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আমার এক হওয়ার অপতথ্য প্রচার করেছে আমার দেশ পত্রিকা।"

তিনি জানান, যেহেতু আমার দেশ পত্রিকা বর্তমানে জামায়াতের রাজনৈতিক মুখপাত্র হিসেবে তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে, তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মী হিসেবে সেটির জবাব না দিলে মিথ্যা বলতে বলতে একসময়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করে ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামে যুবদলের ব্যানার উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


আসামে যুবদলের ব্যানার উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ

ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি গ্রামে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা বাংলাদেশের বিএনপির যুবসংগঠন জাতীয়তাবাদী যুবদলের একটি ব্যানার পাওয়া গেছে। শুক্রবার নারায়ণপুর থানার অন্তর্গত লেটেকুজান গ্রামের একটি ধানখেতে বেলুনগুলো দেখতে পান স্থানীয় এক কিশোর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সকালে পাশের মাঠে গরু চরানোর সময় কিশোরটি বেলুনগুলো দেখতে পায়। পরে সেগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।

বেলুনের সঙ্গে লাগানো ফ্লেক্স ব্যানারে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় একই ধরনের দলীয় ব্যানারযুক্ত বেলুন ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ধলপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেটেকুজান গ্রামে যায়। পরে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

এই সময় পুলিশ জানায়, ব্যানার ও বেলুনগুলো কোথা থেকে উড়ে এসেছে এবং কীভাবে ভারতের এই গ্রামে পৌঁছেছে, তা জানতে তদন্ত শুরু করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%