ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কর্মীদের জন্য বিশেষ উপহার, ১,৮০০ জনকে আম দিল মসিক প্রশাসন


কর্মীদের জন্য বিশেষ উপহার, ১,৮০০ জনকে আম দিল মসিক প্রশাসন

ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) কর্মরত ১ হাজার ৮০০ জন কর্মীর মাঝে গ্রীষ্মের জনপ্রিয় ফল আম বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শাখায় কর্মরত মাস্টাররোলভুক্ত কর্মচারীদের কাছে গ্রীষ্মের এই ফল উপহার দেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

এমন উদ্যোগে সিটি করপোরেশনের কর্মীরা খুশি হয়েছেন। তারা বলেন, ঈদ কিংবা বৈশাখসহ সকল উৎসবেই বিশেষ খাবারের ব্যবস্থা অথবা বোনাস প্রদান করেন সিটি প্রশাসক। এবার আম উপহার দিয়েও আনন্দ ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই আন্তরিকতায় আমরা খুবই আনন্দিত।

আরও পড়ুন: কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, উৎসবটা সবার জন্য। এখানে যারা কাজ করেন, তারা সকলেই আমার সহকর্মী। সিটি করপোরেশন তো একটি পরিবার। সবার সন্তানরাও যেন মৌসুমি ফল উপভোগ করতে পারে এবং আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছি। আমরা সবাই মিলে পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার জন্য কাজ করে যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের মঞ্চে কার হাসি, কার কান্না জল্পনায় ক্রীড়াঙ্গন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


বিশ্বকাপের মঞ্চে কার হাসি, কার কান্না জল্পনায় ক্রীড়াঙ্গন

জার্মান অর্থনীতি ও গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট, শতভাগ নির্ভুল ভবিষ্যদ্বাণী করার জন্য আবারো আলোচনায় উঠে এসেছেন। তিনি ফুটবল বিশ্বকাপ নিয়ে একটি জটিল পূর্বাভাস মডেল তৈরি করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপের আসরে কোন দেশ কোন দলের কাছে হেরে মাঠ ছাড়বে। এবারের আসরে চ্যাম্পিয়ন হবে কোন দল সে বিষয়েও পূর্বাভাস দিয়েছে তার জটিল সমীকরণের মডেল।

জোয়াকিম ক্লেমেন্টের তৈরি গণিতভিত্তিক মডেল অনুসারে এবারের বিশ্বকাপে যা ঘটতে পারে তা হলো-

১। তিনবার ফাইনালে অংশ নিয়ে হেরে যাওয়া ‘অভাগা দল’ নেদারল্যান্ডস ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের চাম্পিয়ন ট্রফি জিতবে।

২। ক্লেমেন্টের বিশেষ অ্যালগরিদম বলছে, নেদারল্যান্ড ফাইনালে পর্তুগালকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে। ফলে, পর্তুগাল হবে এবারের আসরের রানার্সআপ দল।

৩। ক্লেমেন্টের জটিল মডেলে সেমিফাইনালের চিত্রও তুলে ধরা হয়েছে। মডেলটির তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের কাছে স্পেনের পরাজয় এবং পর্তুগালের কাছে ইংল্যান্ডের পরাজয় ঘটবে।

৪। বিশ্বকাপের আসরের ফেভারিট দলগুলো নিয়েও আভাস দিয়েছে ক্লেমেন্টের জটিল মডেল। এতে উল্লেখ রয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নেবে।

৫। বিশ্বকাপের ফেভারিট দল ব্রাজিল খেলার মঞ্চ থেকে দ্বিতীয় রাউন্ডে ছিটকে পড়বে। ব্রাজিলকে হারিয়ে জাপান একটি চমকপ্রদ জয় পাবে। একই রাউন্ডে স্কটল্যান্ডের কাছে দক্ষিণ কোরিয়ার বিদায়ের ঘটনা ঘটবে।

গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী কেন গুরুত্বপূর্ণ?

জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট টানা তিনবার বিশ্বকাপ ফুটবলের শতভাগ সঠিক পূর্বাভাস প্রদান করেছেন। ২০১৪ সাল থেকে গণিতের জটিল মডেল তৈরি করে প্রথমবার ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন ক্লেমেন্ট। তিনি জানান, খেলা শুরু হওয়ার আগেই তার নিজ দেশ জার্মান চ্যাম্পিয়ন হবে। তার প্রথম ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয়।

এরপর ২০১৮ সালের বিশ্বকাপে গণিতের জটিল মডেল তৈরি করে তিনি জানান, ফ্রান্স বিশ্বকাপ জয়ী হবে। সেবারও তার পূর্বাভাস শতভাগ মিলে যায়। ২০২২ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেবার ক্লেমেন্ট পূর্বাভাস দেন, আর্জেন্টিনার হাতে বিজয়ের ট্রফি উঠবে। তার ভবিষ্যদ্বাণী তখনেও সঠিক প্রমাণিত হয়।

এখন ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হতে যাচ্ছে বিধায়, জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবারও যদি তার পূর্বাভাস শতভাগ সফল হয়, তাহলে টানা ৪ বার শতভাগ সঠিক ভবিষ্যদ্বাণীর ভবিষ্যৎ বক্তা হিসেবে তিনি খ্যাতি অর্জন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার দিনের প্রবল বৃষ্টিতে বিশ্বের বিরল ওরাংওটাংদের ৭ শতাংশ মারা গিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


চার দিনের প্রবল বৃষ্টিতে বিশ্বের বিরল ওরাংওটাংদের ৭ শতাংশ মারা গিয়েছে

গত নভেম্বরের শেষের দিকে সুমাত্রা দ্বীপে আঘাত হেনেছিল সাইক্লোন ‘সেনিয়ার’। ২০২৫ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে চার দিনের টানা অতি বৃষ্টি ও ভূমিধসের কারণে বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির ওরাংওটাং এখন বিলুপ্তির আরও দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, গত নভেম্বরের ওই চরম বৈরী আবহাওয়ার কারণে 'তাপানুলি ওরাংওটাং' প্রজাতির অন্তত ৫৮টি প্রাণী মারা গেছে। বিশ্বজুড়ে চরম বিপন্ন এই প্রজাতির ৮০০টিরও কম প্রাণী বেঁচে ছিল। সেই হিসেবে, মাত্র চার দিনেই এই প্রজাতির প্রায় ৭ শতাংশ প্রাণী ধ্বংস হয়ে গেছে।

বুধবার প্রকাশিত এই গবেষণায় জানানো হয়, এটি একটি রক্ষণশীল হিসাব মাত্র। বৃষ্টির কারণে বনভূমির ক্যানোপির ক্ষতি এবং খাদ্যাভাবের কারণে কতগুলো প্রাণী মারা যেতে পারে, তা এই হিসাবে ধরা হয়নি।

গত নভেম্বরের শেষের দিকে সুমাত্রা দ্বীপে আঘাত হেনেছিল সাইক্লোন 'সেনিয়ার'। ২০২৫ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

গবেষকেরা বলছেন, তাদের এই ফলাফল প্রমাণ করে যে অতি বৃষ্টির মতো চরম প্রাকৃতিক ঘটনাগুলো গ্রেট এপ প্রজাতির অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে।

সাইক্লোনে দ্বীপটির বন্য প্রাণীদের ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা পরিমাপ করা বেশ কঠিন।

বন্য প্রাণী বিশেষজ্ঞ ও সংরক্ষণবিদেরা ঝড়ের পর থেকেই লক্ষ করেছিলেন যে তাপানুলি ওরাংওটাংয়ের দেখা প্রায় মিলছেই না। এর ফলে আশঙ্কা তৈরি হয় যে এই প্রাণীগুলো হয়তো বন্যা ও ভূমিধসে ভেসে গেছে।

বুধবার প্রকাশিত গবেষণার অন্যতম রচয়িতা এবং ব্রুনাইয়ের 'বোর্নিও ফিউচারস'-এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এরিক মেইজার্ড ডিসেম্বরে বিবিসিকে বলেছিলেন, সাইক্লোন সেনিয়ারের কারণে অন্তত ৩৫টি ওরাংওটাং মারা গিয়ে থাকতে পারে। তিনি একে 'এই প্রজাতির জন্য একটি বড় আঘাত' বলে উল্লেখ করেছিলেন।

তবে তার সাম্প্রতিক হিসাবে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮-তে দাঁড়িয়েছে, যা আগের হিসাবের চেয়ে অনেক বেশি।

সাইক্লোনের কয়েক সপ্তাহ পর ত্রাণকর্মীরা জানান, মধ্য তাপানুলি জেলার পুলো পাক্কাত গ্রামে কাদা ও কাঠের ধ্বংসস্তূপের নিচে অর্ধেক চাপা পড়া একটি মৃতদেহ পেয়েছেন তারা। এটি একটি তাপানুলি ওরাংওটাংয়ের মৃতদেহ বলেই তাদের ধারণা।

ওই এলাকায় একটি মানবিক সাহায্য দলের সঙ্গে কাজ করা ডিকি চন্দ্র বলেন, গত কয়েক দিনে আমি অনেক মানুষের মৃতদেহ দেখেছি, কিন্তু বন্য প্রাণীর মৃতদেহ এই প্রথম দেখলাম। ওরা আগে ফল খেতে এই জায়গায় আসত। কিন্তু এখন মনে হচ্ছে এটা তাদের কবরস্থান হয়ে গেছে।

মেইজার্ড জানান, তিনি চন্দ্রের পাঠানো মৃত ওরাংওটাংয়ের ছবিগুলো দেখেছেন।

তিনি বলেন, আমাকে সবচেয়ে বেশি যা নাড়া দিয়েছে তা হলো, এর মুখের সব মাংস ছিলে গিয়েছিল। যখন কয়েক হেক্টর বনভূমি বিশাল ভূমিধসে ধসে পড়ে, তখন শক্তিশালী ওরাংওটাংও অসহায় হয়ে পড়ে এবং এভাবেই পিষ্ট হয়।

তিনি আরও বলেন, ওই সময় বনের ভেতরের অবস্থা নিশ্চয়ই নরকের মতো ছিল।

বিলুপ্তির ঝুঁকি ও সংরক্ষণ

গবেষকেরা জানিয়েছেন, সাইক্লোন সেনিয়ার একটি অস্বাভাবিক ঘটনা হলেও এর পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে।

তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে ওই এলাকায় অতি বৃষ্টির মাত্রা ও তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, যা তাপানুলি ওরাংওটাং এবং তাদের আবাসস্থলের জন্য বড় হুমকি।

গবেষণায় দেখা গেছে, মাত্র ২০১৭ সালে আবিষ্কৃত এই প্রজাতিটি যদি প্রতিবছর তাদের মোট জনসংখ্যার ১ শতাংশের বেশি হারাতে থাকে, তবে তারা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।

ইন্দোনেশিয়া সরকার সাময়িকভাবে সুমাত্রার সংরক্ষিত বনাঞ্চল বাতাং তোরু এলাকায় খনন, পাম তেলের বাগান এবং জলবিদ্যুৎ প্রকল্পের মতো বড় ধরনের উন্নয়নকাজ বন্ধ রেখেছে। এর ফলে গবেষকেরা এই প্রজাতির পরিবেশগত ঝুঁকি আরও ভালোভাবে মূল্যায়নের সুযোগ পেয়েছেন।

গবেষকেরা উল্লেখ করেছেন, সেনিয়ারের এই ধ্বংসযজ্ঞ প্রমাণ করে যে এই প্রজাতি কতটা ঝুঁকির মধ্যে রয়েছে।

তারা প্রতিবেদনে লিখেছেন, তাপানুলি ওরাংওটাং আজ যে সংকটের মুখে, তা জলবায়ু অস্থিতিশীলতা, জীববৈচিত্র্য হ্রাস এবং অন্যান্য ঝুঁকির এক সমন্বয়। এই হুমকি মোকাবিলায় এখন সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

টিকে থাকা ওরাংওটাংগুলোকে রক্ষায় দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

তারা বলেন, দেশের ভেতরে সুরক্ষা জোরদার, জলবায়ুর প্রভাব মোকাবিলায় পরিকল্পনা এবং বৈশ্বিক আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে আমরা আধুনিক যুগে কোনো গ্রেট এপ প্রজাতির প্রথম বিলুপ্তি ঠেকাতে পারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


যশোর আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

ঢাকার পর এ বার যশোর আদ-দ্বীনে ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলার ফলস্বরূপ ইমরান (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে হাসপাতালের সামনে রোগীর স্বজন এবং প্রতিবেশীরা বিক্ষোভ করতে শুরু করেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে যশোরের পুলেরহাট এলাকার আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। এই ঘটনার কারণে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মৃতের স্বজন এবং স্থানীয় জনতা একাধিকবার বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত ইমরান যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া গাজীপাড়ার শওকত আলী বিশ্বাসের ছেলে। তিনি মূলত একজন মাছ ব্যবসায়ী এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।

ইমরানের পরিবারের বক্তব্য অনুযায়ী, তীব্র জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ইমরানকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। এই সময় জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক সুপান্ত ভৌমিক তাকে ভর্তি করে পুরুষ মেডিসিন ওয়ার্ডে পাঠান। সেখানে কর্তব্যরত সহকারী রেজিস্টার ডা. রাহাত ও মেডিকেল অফিসার ডা. মুন্নি রোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই একের পর এক ইনজেকশন প্রয়োগ করেন।

ইমরানের খালাতো ভাই ইসমাইল হোসেন অভিযোগ করেন, প্রথম ইনজেকশন দেওয়ার পর থেকেই ইমরান তীব্র অস্বস্তি অনুভব করতে শুরু করেন। এই বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসকদের জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেননি। তারপরে পরবর্তী ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে ইমরানের মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। তখন রোগীকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়, সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে ভুল ইনজেকশন ও চিকিৎসকদের অবহেলায় ইমরানের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে তার স্বজন, প্রতিবেশী এবং স্থানীয় লোকজন হাসপাতালে সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে বিচার এবং শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

ভুক্তভোগীদের দাবি, এই হাসপাতালে চিকিৎসা অবহেলার কারণে রোগীদের মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে একাধিকবার ভুল চিকিৎসায় রোগী মৃত্যু এবং সিজার, অপারেশনসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের কেউ কেউ ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কিন্তু কোনো সুফল পাননি।

এই ঘটনার পরে মৃতের বাবা শওকত আলী বিশ্বাস যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করেছেন।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদ হোসেন। তিনি দাবি করেন, রোগীকে নিয়ম মেনেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোগীকে গ্যাসের ইনজেকশন, এন্টিবায়োটিক ইনজেকশন এবং স্যালাইন দেওয়া হয়েছে। পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি ঘটলে জীবন রক্ষাকারী শেষ ইনজেকশন 'হাইসোমাইড' রোগীর শরীরে পুশ করা হয়।

ডা. ইমদাদ দাবী করেন, এর বাইরের কোনো ওষুধ ব্যবহার করা হয়নি। রোগী জ্বরের ইতিহাস নিয়ে ভর্তি হলেও অন্যান্য শারীরিক সমস্যার কারণে কার্ডিয়াক অ্যারেস্টের ফলে মারা গেছেন।

মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্ত ছাড়া অন্য কোনো উপায় নেই উল্লেখ করে তিনি প্রাথমিকভাবে হৃদরোগের কারণে মৃত্যুর কথা জানান।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেছেন, ‘রাতে মোবাইল ফোনের মাধ্যমে এই বিষয়টি জানলাম। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। শুক্র ও শনিবার সরকারি ছুটি। রোববার অফিস খুললে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার পর হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন। মৃতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, যশোর শহরের রেল রোডে আদ-দ্বীন হাসপাতালের গোড়াপত্তন হয়েছিল। এই হাসপাতালে একসময় অনিয়ম এবং ভুল চিকিৎসার কারণে নিয়মিত রোগী মৃত্যুর অভিযোগ উঠতো। বিক্ষুব্ধ লোকেরা এখানে অনেকবার ভাঙচুরও করেছেন। আলো-বাতাসের সংকট থাকে এবং হাসপাতালটি মূলত প্রসূতি ও শিশুদের জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়া প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা করার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


পটিয়া প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা করার ঘটনা

চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এসএম রেজা রিপনকে প্রধান আসামি করে ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে হামলার শিকার হওয়া দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় এজাহারভুক্ত আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুন দুপুরে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেসক্লাবের কার্যক্রমে অবস্থান করছিলেন। এ সময় এসএম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল প্রেসক্লাবে প্রবেশ করে। পরে তারা আমিরীকে ক্লাব থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করে।

হামলার শিকার সাংবাদিক আবেদুজ্জামান আমিরী দাবি করেন, ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শীর্ষক প্রতিবেদনের কারণে তিনি দীর্ঘদিন ধরে হুমকি ও ক্ষোভের মুখে ছিলেন। ওই প্রতিবেদনের কারণে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে মামলাটি রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%