ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বায়ার্ন মিউনিখের একাডেমিতে ভারতীয় কোচ ক্লাইড দিয়াসের যোগদান


বায়ার্ন মিউনিখের একাডেমিতে ভারতীয় কোচ ক্লাইড দিয়াসের যোগদান

গোয়ার ৩৭ বছর বয়সী ক্লাইড দিয়াস, যিনি উয়েফার ‘এ’ লাইসেন্সধারী, বায়ার্ন মিউনিখের একাডেমি কাঠামোয় যুক্ত হয়েছেন। তাঁর নতুন দায়িত্ব তরুণ প্রতিভাদের দক্ষতা উন্নয়ন এবং প্রথম দলের জন্য প্রস্তুত করা।

ভারতীয় ফুটবলের জন্য ইউরোপের অন্যতম বৃহৎ ক্লাবের দরজা নতুনভাবে খুলে গেল। জার্মানির অন্যতম সফল ক্লাব বায়ার্ন মিউনিখের একাডেমিতে যোগ দিয়েছেন ৩৭ বছর বয়সী ভারতীয় কোচ ক্লাইড দিয়াস। উয়েফার ‘এ’ লাইসেন্সধারী এই কোচের নতুন দায়িত্ব তরুণ ফুটবলারদের গড়ে তোলা।

দিয়াস মিউনিখের বিখ্যাত বায়ার্ন ক্যাম্পাসে কাজ করবেন। সেখানে সম্ভাবনাময় তরুণদের কারিগরি দক্ষতা উন্নত করা এবং যুব দল থেকে প্রথম দলের পর্যায়ে উত্তরণের জন্য প্রস্তুত করাই হবে তাঁর কাজের অন্যতম অংশ।

আরও পড়ুন: আমিরাতের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে অনিশ্চয়তা, জাতীয় দলের ম্যাচের কারণে

তরুণ খেলোয়াড়দের বায়ার্নের ফুটবল কাঠামোর সঙ্গে মানিয়ে নেওয়া এবং তাদের সম্ভাবনাকে পরিণত করার ওপরও গুরুত্ব দেওয়া হবে। ইউরোপীয় ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাবের নিজস্ব একাডেমিতে কাজের সুযোগ ভারতীয় কোচের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে যাচ্ছে।

২০১৬ সালে জার্মানিতে পাড়ি জমান দিয়াস। এরপর তিনি দেশটির যুব ফুটবলে বেশ কয়েক বছর কাজ করেছেন। ট্যালেন্টপ্রজেক্ট ও ডিএফআই বাদ আইবলিং প্রকল্পে অনূর্ধ-১৯ দলের দায়িত্ব সামলানোর পাশাপাশি মিউনিখ ফুটবল স্কুল ও কির্শহাইমারেও কাজ করেছেন।

জার্মানিতে যাওয়ার আগে, ভারতীয় গোয়ায় তরুণ ফুটবলার তৈরিতে কাজ করেছেন দিয়াস। কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার জিকোর অধীনে প্রতিভা উন্নয়নের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

উয়েফার ‘এ’ লাইসেন্সধারী দিয়াসের বায়ার্নে যোগ দেওয়ার খবরটি ভারতীয় ফুটবল অঙ্গনে বিশেষভাবে আলোচিত হয়েছে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কোচিং কাঠামোয় ভারতীয় কোচদের কাজের সুযোগ খুব বেশি দেখা যায় না। সেই জায়গা থেকে বায়ার্নের মতো ক্লাবে তাঁর অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবলের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।

আরও পড়ুন: ১৩২ বলে ০ রানে অপরাজিত, তবু তিনিই ম্যাচের নায়ক

বর্তমানে বায়ার্নের মূল দলের দায়িত্ব বেলজিয়ান কোচ ভিনসেন্ট কোম্পানির হাতে রয়েছে। ক্লাবটির একাডেমি দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ফুটবলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। সেই কাঠামোর অংশ হয়েই এবার নতুন অধ্যায় শুরু করলেন ভারতের ক্লাইড দিয়াস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপিআইয়ে মাশুল, রাহুল বললেন-আমেরিকার কাছে মোদি সরকারের নতিস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ইউপিআইয়ে মাশুল, রাহুল বললেন-আমেরিকার কাছে মোদি সরকারের নতিস্বীকার

ভারতে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। দুই হাজার টাকার বেশি নির্দিষ্ট ব্যবসায়ী লেনদেনে এবার মাশুল কাঠামো কার্যকর হতে যাচ্ছে। জাতীয় পেমেন্ট সংস্থা জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে এই ব্যবস্থা চালু হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন যে, আমেরিকার বড় পেমেন্ট সংস্থাগুলোর চাপের কাছে নতি স্বীকার করেই ইউপিআইয়ের এতদিনের শূন্য মাশুল নীতিতে পরিবর্তন আনার পথ তৈরি করা হয়েছে।

রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় অভিযোগ করেন যে, কেন্দ্রীয় সরকার চুপিসারে ইউপিআইয়ের ওপর মাশুল বসানোর রাস্তা তৈরি করেছে। তার দাবি, দুই হাজার টাকার বেশি ব্যবসায়ীদের ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা ব্যবসায়ী মাশুল বসানো হতে পারে। যদিও এ ধরনের লেনদেনের সংখ্যা মোট ইউপিআই লেনদেনের তুলনায় খুবই কম, তবে এর অর্থমূল্য মোট লেনদেনের বড় অংশের আওতায় পড়ে।

রাহুলের প্রশ্ন, সরকার যদি বলে গ্রাহকের কাছ থেকে সরাসরি কোনো মাশুল নেওয়া হবে না, তাহলে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থের বোঝা শেষ পর্যন্ত কে বহন করবেন। তিনি মন্তব্য করেন যে, ব্যবসায়ীরা যদি অতিরিক্ত খরচের মুখে পড়েন, তাহলে পণ্যের দাম বাড়িয়ে সেই অর্থ সাধারণ মানুষের কাছ থেকেই আদায় করা হতে পারে।

রাহুল আরও অভিযোগ করেন যে, আমেরিকার বড় পেমেন্ট সংস্থাগুলো দীর্ঘদিন ধরে ভারতের শূন্য মাশুল নীতির বিরোধিতা করে আসছে। তিনি অভিযোগ করেন যে, ভারত আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করছে। তবে এসব রাহুল গান্ধী ও কংগ্রেসের রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই অভিযোগের সঙ্গে একমত নয়।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইউপিআইয়ের ব্যক্তিগত লেনদেন সম্পূর্ণ বিনা মাশুলে থাকবে। অর্থাৎ একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে যত টাকাই পাঠান না কেন, তার জন্য কোনো মাশুল দিতে হবে না। দুই হাজার টাকা পর্যন্ত ব্যবসায়ীদের দেওয়া অর্থও বিনা মাশুলে থাকবে। ছোট ব্যবসায়ীদের জন্যও শূন্য মাশুলের ব্যবস্থা বহাল থাকবে।

সরকারের হিসাবে, প্রায় ৯৬ শতাংশ ব্যবসায়ীভিত্তিক ইউপিআই লেনদেন এর ফলে প্রভাবিত হবে না। তবে নির্দিষ্ট ব্যবসায়ী লেনদেনে দুই হাজার টাকার বেশি অর্থের ক্ষেত্রে নতুন মাশুল কাঠামো কার্যকর হচ্ছে।

জাতীয় পেমেন্ট সংস্থার ঘোষণা অনুযায়ী, সাধারণ ক্ষেত্রে এই মাশুল ০.৪ শতাংশ হতে পারে এবং একটি লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত সীমা থাকবে। রেল, জ্বালানি, টেলিযোগাযোগ ও বিমার মতো কয়েকটি ক্ষেত্রে আলাদা নির্দিষ্ট মাশুলের ব্যবস্থাও রাখা হয়েছে। এই মাশুল সরাসরি গ্রাহকের কাছ থেকে নেওয়ার কথা নয়।

সরকারের বক্তব্য, ইউপিআই ব্যবস্থার পরিকাঠামো, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের খরচ সামলাতেই এই কাঠামো আনা হয়েছে। ফলে একদিকে সাধারণ মানুষের ব্যক্তিগত লেনদেন বিনা মাশুলে রাখার দাবি করছে কেন্দ্র, অন্যদিকে বেশি অঙ্কের ব্যবসায়ী লেনদেনে মাশুল চালুর সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

লন্ডনের মেয়র স্যার সাদিক খান আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে শপথ গ্রহণ করেছেন। এই শপথের মাধ্যমে তিনি ‘লর্ড খান অব টুটিং’ উপাধি লাভ করেন। তিনি উচ্চকক্ষ থেকে লন্ডনের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বর্তমানে সাদিক খান লন্ডনের মেয়রের তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি লেবার পার্টির নতুন সদস্য লর্ড রবার্তো নেরির সঙ্গে শপথ গ্রহণ করেন। ঐতিহ্যবাহী এই শপথ গ্রহণের সময় তার পরিবারের সদস্য ও কয়েকজন লেবার এমপি উপস্থিত ছিলেন।

সাদিক খান টুটিং এলাকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানে ১১ বছর এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি মানবাধিকার আইন নিয়ে কাজ করতেন এবং পরে গর্ডন ব্রাউনের সরকারের মন্ত্রী ও পরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৬ সালে তিনি প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন এবং ২০০০ সালে বর্তমান মেয়র ব্যবস্থা চালুর পর থেকে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে রয়েছেন। তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়র এবং করোনা মহামারি ও সন্ত্রাসী হামলার মতো কঠিন সময়ে দায়িত্ব পালন করেছেন। গত বছর তিনি নাইট উপাধিও লাভ করেন।

সাদিক খান পিয়ার উপাধি পাওয়াকে নিজের জন্য একটি বড় সম্মান হিসেবে বিবেচনা করছেন। তিনি বলেন, "এই দেশ ও রাজধানী আমাকে সাধারণ এক জীবন থেকে লন্ডনের মেয়র হওয়ার সুযোগ করে দিয়েছে।"

মেয়র হিসেবে তিনি প্রাথমিক স্কুলের সব শিশুর জন্য বিনামূল্যে খাবার নিশ্চিত করা, শহরের বাতাস পরিষ্কার করা, গণপরিবহন উন্নত করা এবং তরুণদের জন্য সুযোগ তৈরির মতো কাজগুলো উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, সবার জন্য একটি সুন্দর, নিরাপদ ও সবুজ শহর গড়ার কাজ তিনি চালিয়ে যাবেন।

এটি উল্লেখযোগ্য যে, হাউস অব লর্ডসের সদস্য হওয়ার পরও সাদিক খানকে লন্ডনের মেয়রের পদ ছাড়তে হচ্ছে না। নিয়ম অনুযায়ী, তিনি একই সঙ্গে মেয়র ও লর্ড হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তার বর্তমান মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত চলবে। তবে তিনি চতুর্থ মেয়াদে এই পদে লড়বেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানাননি।

অতীতে তিনি হাউস অব লর্ডস প্রথা তুলে দেওয়ার পক্ষে কথা বললেও বর্তমানে নিজেই এই পদে আসীন হওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন। তবে, ব্রিটিশ রাজনীতিতে নিজের প্রভাব ধরে রাখতে এই উপাধি তাকে একটি দারুণ সুযোগ প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে তিনজনের দুই মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে তিনজনের দুই মাসের কারাদণ্ড

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধনগর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মাধনগর এলাকার মৃত দুলাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), সাইদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫) এবং মৃত আহাদ আলীর ছেলে সিরাজুল ইসলামকে গাঁজা সেবন এবং হেরোইন রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামীম হোসেন জানিয়েছেন, নলডাঙ্গায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হ'ত্যা'র চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হ
নাটোরের সিংড়ায় জায়গা লিখে না দেওয়ায় ২য় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল লতিফ নামের এক পাষন্ড স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী আব্দুল লতিফ উপজেলার ১১নং ছাটারদিঘী ইউনিয়নের দামকুড়ি পশ্চিম পাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। এই ঘটনায় সোমবার (১৪ই সেপ্টেম্বর) আব্দুল লতিফ সহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রুখশানা খাতুন। অন্যান্য অভিযুক্তরা হলেন, লতিফের প্রথম স্ত্রী সেলিনা বেগম, প্রথম পক্ষের মেয়ে সোহাগী খাতুন ও ছেলে সজিব হোসেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, প্রথম স্বামী মারা যাওয়ার পর ৮ বছরের মেয়েকে নিয়ে সিংড়া খামারু পাড়া এলাকায় বাসা ভারা নিয়ে থাকতেন রুখশানা৷ রেষ্ট্রী অফিসে চাকরি করে তিনি তার সংসার চালাতেন। এসময় পরিচয় হয় অভিযুক্ত আব্দুল লতিফের সাথে। পরিচয় থেকে বিয়ে। বিয়ের পর রুখশানা লতিফকে ১ লক্ষ টাকা দেন ব্যবসার জন্য। হঠাৎ জানতে পারেন গ্রামে লতিফের স্ত্রী ও কলেজ পড়ুয়া ১টি ছেলে ও একটি মেয়ে রয়েছে। শুরু হয় মনোমালিন্য। এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়। পরবর্তীতে সম্পর্কের বিভিন্ন অজুহাত দিয়ে ২য় বার কাবিন করে পুনরায় রুখশানাকে বিয়ে করেন লতিফ। শর্ত পারিবারিক ভাবে রুখশানাকে স্বীকৃতি দিবে। বিয়ের কিছু দিন পর লতিফ রুখশানাকে জানায় তার নামে সিংড়া পৌর এলাকায় ১২ লক্ষ টাকা মূল্যের যে ৩ শতক জায়গা আছে তাকে দলীল করে দিলে তার প্রথম পক্ষের স্ত্রী সন্তান রুখশানাকে মেনে নিবে এবং স্বীকৃতি দিবে। লতিফের এমন প্রস্তাবে রাজি না হওয়ায় শুরু হয় রুখশানার উপর মানুষিক নির্যাতন। এক পর্যায়ে উক্ত জায়গা মেয়ের নামে লিখে দেওয়ার পরিকল্পনা করেন রুখশানা। জানতে পেরে স্ত্রী ও সৎ মেয়েকে মারধর করেন লতিফ এবং রুখশানাকে হুমকি দেয় যদি মেয়ের নামে জায়গা লিখে দেয় তাহলে তাকে তালাক দিবে, তার কর্মস্থল রেষ্ট্রী অফিস থেকে তাকে তারাবে, এমনকি মা মেয়েকে এলাকা ছাড়া করবে। হুমকি উপেক্ষা করে গোপনে  মেয়েকে জায়গাটি লিখে দেন রুখশানা। বিষয়টি জানতে পেরে মোবাইলে মা মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন লতিফ। উত্তেজিত হয়ে রেষ্ট্রী অফিসের কেরানীর মাধ্যেমে পাঠিয়ে দেয় তালাকের কাগজ। শুরু করেন বিভিন্ন জায়গার স্লীনতাহানী। তারই ধারাবাহিকতায়,
 
গত শনিবার (১২ই সেপ্টেম্বর) হাতে ধারালো অস্ত্র (চাপাতি) নিয়ে মা মেয়েকে জিম্মি করে টর্চার সহ হত্যা চেষ্টা করেন লতিফ। ব্যর্থ হয়ে উক্ত জায়গা তার নামে লিখে দেওয়ার জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। সেই সাথে ৭২ ঘন্টা পেরিয়ে গেলে স্কুলে যাওয়ার পথে মেয়েকে কিডন্যাপ ও প্রানে মেরে ফেলার হুমকি দেন।
 
ভুক্তভোগী রুখশানা খাতুন বলেন, লতিফের ভয়ে আমরা মা মেয়ে কঠিন সময় পার পরছি। আমরা নিরাপত্তা চাই। তাই নিরাপত্তা চেয়ে থানা পুলিশের আশ্রয় নিয়েছি এবং অভিযোগটি তদন্ত সাপেক্ষে থানায় সাধারন ডায়েরী হিসেবে গ্রহনের আবেদন করেছি।
 
বিষয়টি নিয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগটির তদন্ত চলছে, প্রমান সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%