০৯:৫২ এম
ইরাকে তেল চোরাচালানের অভিযোগে তদন্ত শেষে প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাসহ নয়জনকে বরখাস্ত করেছেন। শনিবার (১৪ নভেম্বর) এই সিদ্ধান্তটি নেওয়া হয়। তদন্তটি শুরু হয়েছিল জুরফ আল-সাখর এলাকায়, যা ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
বাগদাদ বর্তমানে ইরানের প্রভাব কমানো এবং দেশটির সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের সম্মুখীন। তবে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ইরাকের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি, যিনি যুক্তরাষ্ট্রের সমর্থনে ক্ষমতায় এসেছেন, চলতি সপ্তাহের শুরুতে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর এলাকায় তেল চোরাচালানের অভিযোগের তদন্তের নির্দেশ দেন। এই এলাকা কাতায়েব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যা যুক্তরাষ্ট্রের দ্বারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এআইয়ের সাহায্যে তৈরি গানের জন্য প্রথম পুরস্কার আয়োজন
প্রধানমন্ত্রীর সামরিক মুখপাত্র সাবাহ আল-নুমান জানান, তদন্তের ফলাফলের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিচার বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।
বরখাস্ত হওয়া নয়জনের মধ্যে বাবিল প্রদেশের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের অধীন অয়েল পাইপলাইন কোম্পানির পরিচালক অন্তর্ভুক্ত। তবে সামরিক মুখপাত্র বরখাস্ত হওয়া কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।
তদন্ত সংশ্লিষ্ট একটি কমিটি শুক্রবার কাতায়েব হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে নিয়ে জুরফ আল-সাখর এলাকায় প্রবেশ করে। এর আগে বুধবার ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, গোয়েন্দা নথিতে থাকা স্যাটেলাইট চিত্রে জুরফ আল-সাখর এলাকায় একটি সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য চোরাচালানের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই গোষ্ঠী সেখানকার একটি তেলের পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে তেল চুরি করছিল। সামরিক মুখপাত্র নুমান জানান, তদন্ত কমিটি এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
এদিকে, সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তরের অঙ্গীকার করার পর প্রধানমন্ত্রী আল-জায়েদির সঙ্গে কাতায়েব হিজবুল্লাহর বিরোধ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা আল-জায়েদি বলেছেন, সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণ নিশ্চিত করবেন। যদিও কিছু গোষ্ঠী অস্ত্র জমা দিতে রাজি হলেও কাতায়েব হিজবুল্লাহসহ প্রভাবশালী কয়েকটি সংগঠন তা প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন: মহাকাশে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ভয়েজার ১
ইরাকের জ্যেষ্ঠ রাজনীতিকরা এর আগে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিলেন, অস্ত্র সমর্পণ না করলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত বলে একাধিকবার জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি কাতায়েব হিজবুল্লাহ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক কঠোর বিবৃতি দিয়েছে। একই সঙ্গে তার সরকারের বিরুদ্ধে হুমকিও দিয়েছে সংগঠনটি।
ইরাকের এক জ্যেষ্ঠ রাজনীতিক এএফপিকে বলেন, ‘আল-জায়েদি ও কাতায়েব হিজবুল্লাহর বিরোধ এখন ব্যক্তিগত পর্যায়ে পৌঁছেছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজনৈতিক নেতারা কাজ করছেন বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তেল চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করেছে। নিষেধাজ্ঞা এড়াতে ইরাকি ও ইরানি তেল মিশিয়ে বিক্রি এবং ইরানের তেলকে ইরাকের তেল হিসেবে বাজারজাত করার অভিযোগে দেশটির কয়েকজন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।
আরও পড়ুন: জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ও প্রার্থীরা
দীর্ঘদিন ধরেই ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় ইরানের সমর্থনে এসব গোষ্ঠী হামলার মাত্রা আরও বাড়িয়েছে।
তথ্যসূত্র: আরব নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন