০৫:২৫ পি.এম
মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের ফলে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা সংকটের সমাধানে ওআইসি সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে এবং সক্রিয়ভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৮ অক্টোবর) বাগদাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ৫২তম অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়ক ওআইসির মন্ত্রীপর্যায়ের বিশেষ কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যরাষ্ট্রগুলো। তারা আশা প্রকাশ করেছে যে, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।
আরও পড়ুন: মিরপুর-১০-এ উদ্বোধন হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্পীডি
ইরাকের বাগদাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ৫২তম অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়ক ওআইসির মন্ত্রী পর্যায়ের বিশেষ কমিটির বৈঠকে এই অঙ্গীকার করা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ও মন্ত্রীপর্যায়ের বিশেষ কমিটির কো-চেয়ার হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে ও সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
রোহিঙ্গা সংকটকে মুসলিম উম্মাহর অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সংকট মোকাবিলায় মানবিক ও আইনি কার্যক্রমে সমর্থন দিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থাপিত পাঁচ দফা কর্মপরিকল্পনার গুরুত্বও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: সউদী সরকার নিরলসভাবে সারা পৃথিবীতে কুরআনের খেদমত করে যাচ্ছে: রাষ্ট্রদূত
আইনি কাঠামোর আওতায় ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার জন্য বিশেষ করে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন