১০:২০ এম
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আবারও রাজপথে নেমেছে লাখো মানুষ ফ্রান্সে। শনিবার, দেশটির বিভিন্ন শহরে তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্যারিস ও লিওনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থী সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলোর জোটের দাবি অনুযায়ী, শনিবারের বিক্ষোভে দেশজুড়ে প্রায় পাঁচ লাখ মানুষ অংশগ্রহণ করেছে। এর মধ্যে প্যারিসে উপস্থিত ছিলেন দুই লাখ। তবে ফ্রান্সের কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সারা দেশে বিক্ষোভকারীর সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজার, যেখানে প্যারিসে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নেন।
প্যারিসে বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ থাকলেও, শনিবারের মূল কর্মসূচির শেষের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে ময়লার পাত্র ও রাস্তার আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
আরও পড়ুন: মণিপুরে বিক্ষোভে উত্তাল, ভয়াবহ সংঘাতে নিহত ৫
বিক্ষোভের কারণে দেশের গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে। প্যারিসের গণপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএটিপি তাদের ওয়েবসাইটে জানায়, শনিবার শহরের ৪০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে ওঠে যে, শ্বাস নিতে কষ্ট হওয়ায় সংবাদকর্মীদের নিরাপদ স্থানে সরে যেতে হয়।
লাউডস্পিকারে ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ। অন্যথায় আরও কাঁদানে গ্যাস ছোড়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় আহত ব্যক্তিদের চিকিৎসাকর্মীরা সরিয়ে নেন। অন্যদিকে, কয়েকজন বিক্ষোভকারী পুলিশের সামনে হাত তুলে নিজেদের শান্তিপূর্ণ অবস্থান জানান দেন।
প্যারিসের উপকণ্ঠে কালো পোশাক ও মুখোশ পরা কয়েক ডজন ব্যক্তি হাতুড়ি দিয়ে ফুটপাতের পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অন্তত একটি অগ্নিসংযোগকারী বস্তু নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে।
আরও পড়ুন: ট্রাম্পের ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের বিক্ষোভে দেশজুড়ে অন্তত ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন