মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩৫ পি.এম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি প্রতিভা বিকাশের সুযোগ প্রদানের গুরুত্ব তুলে ধরেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করা আবশ্যক।
আজ সংসদ ভবনের শপথ কক্ষে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে, ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। ভবনটির নকশা প্রণয়ন করেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক এখানে এসে এসব তথ্য ও দলিল ব্যবহার করেন।
ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করতে হবে। তোমাদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
হুইপ জি. কে. গউছ সম্পর্কে ডেপুটি স্পিকার মন্তব্য করেন, ‘আপনাদের প্রাণপ্রিয় নেতা, জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। অনেক কষ্ট করে তিনি আপনাদের সংসদে নিয়ে এসেছেন। আপনারা বর্তমানে যে কক্ষে বসে আছেন, এটি সংসদ সদস্যদের শপথ গ্রহণের কক্ষ। এখানে আসতে পারা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই সংসদ আপনাদেরই সংসদ। আমি আশা করি, আপনাদের মধ্য থেকেই একদিন অনেকে দেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন।’
ডেপুটি স্পিকার শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে একদিন জাতীয় সংসদে রচনা প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আগ্রহও প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার জন্য তাঁরা ডেপুটি স্পিকার ও হুইপ আলহাজ্ব জি. কে. গউছের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উন্নত চিকিৎসা, তুলনামূলক কম খরচ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অনেকেই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করেন। তবে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পূর্বে হাসপাতাল ও চিকিৎসকের যোগ্যতা যাচাই করা, চিকিৎসার খরচ, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং অন্যান্য বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতা চিকিৎসার নামে প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আগে ছয়টি সতর্কসংকেত তুলে ধরা হয়েছে। এ বিষয়ে পরামর্শ প্রদান করেছেন মেডিক্যাল ট্যুরিজম প্রতিষ্ঠান কিউর মি অ্যাব্রডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদিত্য ওজা।
১. চিকিৎসায় নিশ্চিত ফলাফলের প্রতিশ্রুতি
কোনো চিকিৎসা বা অস্ত্রোপচারের ফলাফল শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়। রোগীর শারীরিক অবস্থা, রোগের ধরন এবং চিকিৎসার প্রতিক্রিয়া অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে। তাই চিকিৎসার পূর্বে রোগীর ইতিহাস বা শারীরিক অবস্থা না জেনে নির্দিষ্ট ফলাফলের নিশ্চয়তা দিলে সতর্ক হওয়া উচিত। বিশ্বাসযোগ্য চিকিৎসক বা হাসপাতাল চিকিৎসার সম্ভাব্য ফলাফল, ঝুঁকি ও সীমাবদ্ধতা সম্পর্কে আগেই জানিয়ে দেবেন।
২. অস্বাভাবিক কম খরচের প্রস্তাব
বিদেশে চিকিৎসার জন্য কোনো প্রতিষ্ঠান অস্বাভাবিক কম খরচের প্রস্তাব দিলে শুরুতেই আকৃষ্ট হওয়া উচিত নয়। প্রাথমিক খরচের হিসাবের বাইরে চিকিৎসকের পরামর্শ ফি, ওষুধ, থাকা-খাওয়া, পরবর্তী চিকিৎসা অথবা জটিলতা দেখা দিলে অতিরিক্ত ব্যয় যুক্ত হতে পারে। তাই বুকিং বা অর্থ পরিশোধের আগে চিকিৎসার সব খরচের বিস্তারিত লিখিত হিসাব চেয়ে নেওয়া উচিত।
৩. হাসপাতাল ও চিকিৎসকের যোগ্যতা যাচাই না করা
বিদেশে চিকিৎসার জন্য হাসপাতাল নির্বাচনের পূর্বে সেটির স্বীকৃতি ও অনুমোদন যাচাই করা অত্যন্ত জরুরি। জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) বা ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডার্সের (এনএবিএইচ) মতো স্বীকৃত প্রতিষ্ঠানের সনদ আছে কি না, তা দেখা যেতে পারে।
একইভাবে চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত নিবন্ধন ও অভিজ্ঞতাও স্বাধীনভাবে যাচাই করা উচিত। শুধুমাত্র কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারীর দেওয়া তথ্যের ওপর নির্ভর করা উচিত নয়।
৪. মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সনদ না থাকা
বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দেয় এমন প্রতিষ্ঠান বা এজেন্টের বিশ্বাসযোগ্যতাও যাচাই করা প্রয়োজন। অনেক রোগী হাসপাতাল ও চিকিৎসকের যোগ্যতা যাচাই করলেও যারা চিকিৎসার পুরো আয়োজন করছেন, তাদের পরিচয় ও সনদ সম্পর্কে খোঁজ নেন না।
এ ধরনের প্রতিষ্ঠানের গ্লোবাল হেলথকেয়ার অ্যাক্রেডিটেশনের (জিএইচএ) মতো স্বীকৃত সনদ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা যেতে পারে। বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তাদের সনদ, হাসপাতালের সঙ্গে কাজের সম্পর্ক এবং সেবার ধরন সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে আগ্রহী থাকবে।
৫. দ্রুত টাকা জমা দেওয়ার চাপ
কোনো প্রতিষ্ঠান যদি সীমিত সময়ের বিশেষ ছাড় বা বুকিংয়ের সুযোগ দেখিয়ে দ্রুত টাকা জমা দিতে চাপ দেয়, তাহলে সতর্ক হওয়া উচিত। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বা সহজে শনাক্ত করা যায় না এমন মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধও সন্দেহের কারণ হতে পারে।
অর্থ পরিশোধের পূর্বে প্রতিষ্ঠানের পরিচয় ও ব্যাংক হিসাব যাচাই করুন। লেনদেনের জন্য নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করুন এবং প্রতিটি অর্থ পরিশোধের আনুষ্ঠানিক রসিদ সংগ্রহ করুন। বাতিলের নিয়ম ও টাকা ফেরতের শর্তও লিখিতভাবে জানার প্রয়োজন রয়েছে।
৬. চিকিৎসকের মূল্যায়ন ছাড়াই খরচের হিসাব দেওয়া
রোগীর চিকিৎসার ইতিহাস, পরীক্ষার প্রতিবেদন ও চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে চিকিৎসার পরিকল্পনা এবং খরচ নির্ধারণ করা উচিত। শুধুমাত্র অনলাইন ফরম পূরণ করেই যদি কোনো প্রতিষ্ঠান চিকিৎসার পরামর্শ ও খরচের হিসাব দেয়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন।
চিকিৎসা শেষে দেশে ফেরার পর কোনো জটিলতা দেখা দিলে কী ধরনের সহায়তা পাওয়া যাবে, সেটিও আগে জেনে নেওয়া উচিত। পরবর্তী চিকিৎসার দায়িত্ব কে নেবে এবং হাসপাতাল বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কীভাবে সহযোগিতা করবে, তা পরিষ্কার করে নেওয়া জরুরি।
সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন
আদিত্য ওজার পরামর্শ, বিদেশে চিকিৎসার বুকিং বা ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করার পূর্বে তাড়াহুড়া না করে সব তথ্য যাচাই করা উচিত। হাসপাতাল ও চিকিৎসকের যোগ্যতা নিজে যাচাই করতে হবে, চিকিৎসার সব খরচ ও শর্ত লিখিতভাবে নিতে হবে এবং সম্ভব হলে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।
এছাড়া চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া প্রতিষ্ঠান কীভাবে আয় করে এবং হাসপাতালের সঙ্গে তাদের কোনো বাণিজ্যিক চুক্তি রয়েছে কি না, সেটিও জেনে নেওয়া ভালো। এসব বিষয়ে স্বচ্ছতা থাকলে রোগীর পক্ষে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়ি থেকে ৯৪ লাখ ২৫ হাজার টাকা আনুমানিক মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে, উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। প্রতি কেজি কষ্টিপাথরের আনুমানিক মূল্য এক লাখ টাকা হিসাবে এর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান ফয়েজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কৃষকদলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি জানিয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া শিবলিঙ্গটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নভেম্বর মাসের বেতন বিল সাবমিট করার কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে নবম পে স্কেলের জন্য পৃথক গেজেট এখনও জারি হয়নি, ফলে শিক্ষকরা আগের স্কেলেই বেতন গ্রহণ করছেন। এর ফলে নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পেতে তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদান করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি পৃথক গেজেট বা আদেশ জারি করা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অর্থ বিভাগে একটি চিঠি পাঠিয়েছে।
এখন পর্যন্ত পৃথক গেজেট প্রকাশিত না হওয়ায় চলতি নভেম্বর মাসের বেতন পুরনো স্কেল অনুযায়ী তুলতে হবে বলে জানিয়েছেন মাউশি কর্মকর্তারা। অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারির পর এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ওই নির্দেশনায় পে-ফিক্সেশন বা বেতন নির্ধারণসহ অন্যান্য প্রক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা নবম পে স্কেল অনুযায়ী বেতন পেতে পারেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমে জানান, যেহেতু এমপিওভুক্ত জনবলের পে স্কেলের পৃথক গেজেট এখনও জারি হয়নি, সেহেতু চলতি নভেম্বর মাসে পুরোনো স্কেলেই বেতন বিল সাবমিট করতে হবে। পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে জারি হওয়ার পর বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ধানমণ্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলার প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যানের চারপাশে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে এই দৃশ্য দেখা যায়।
সাঈদ খোকনকে আদালতে হাজির করার প্রেক্ষিতে কয়েকটি মবের ঘটনা সংঘটিত হয়। আইনজীবী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন মবের শিকার হন। এর মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগকে মারধর করা হয়। এছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হাতে অন্তত চারজন মবের শিকার হন।
সাঈদ খোকনকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় ছবি তুলতে ও ভিডিও করতে যান দৈনিক ‘আগামীর সময়’-এর প্রতিবেদক মাসুদ রানা। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে হেনস্তা করেন এবং বলেন, “ফ্যাসিস্টের সহযোগী, আওয়ামী লীগের দালালি করতে এসেছে।”
ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিএনপিপন্থী আইনজীবীদেরও স্লোগান দিতে দেখা যায়।
আজ সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। আদালতে হাজির করার খবর পেয়ে দুপুর থেকেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আদালতপাড়ায় জড়ো হতে থাকেন। তাদের হাতে ঝাড়ু দেখা যায় এবং তারা স্লোগান দিতে থাকেন, যেমন ‘লীগ ধর, জবাই কর’; ‘লীগ ধর, জেলে ভর’; ‘রশি লাগলে রশি নিয়ে, হাসিনাকে ফাঁসি দে’। তাদের নেতৃত্ব দেন কোতোয়ালি থানা ছাত্রদলের নেতা দ্বীন ইসলাম।
বিকেল সাড়ে ৫টার দিকে সাঈদ খোকনকে বহনকারী গাড়িটি আদালত চত্বরে প্রবেশ করে। এ সময় গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়। পরে দ্রুততার সঙ্গে গাড়িটি সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করে।
প্রায় ২৫ মিনিট পর সাঈদ খোকনকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে সিএমএম আদালতের হাজতখানা থেকে ঢাকার সিজেএম আদালতের বারান্দায় আনা হয়। এ সময় প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা ৬টার দিকে তাকে এজলাসে তোলা হয়। মিনিট ছয়েক পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজলাসে উপস্থিত হন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অবৈধ এমপি। তাকে যেন চেনা না যায়, এ জন্য চুল-দাড়ি বড় করে রেখেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দুদক, মানিলন্ডারিং, হত্যাসহ ৩০টির অধিক মামলা রয়েছে। ঢাকা দক্ষিণের বিভিন্ন নাশকতা, মিছিল, মিটিংয়ে তিনি নেতৃত্বে ছিলেন।”
তিনি আরও বলেন, “এ আসামি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। মামলার তদন্ত করতে গিয়ে তাকে খুঁজে পায়। ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।”
সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। তিনি বলেন, “এ আসামি একজন নির্বাচিত সাবেক মেয়র। ঘটনার ২২ দিন পর মামলা। এখানে মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। রিমান্ড আবেদনটা দেখবেন, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না? যৌক্তিকতা নেই। জামিন চাই না, তাকে কাস্টডিতে নিয়ে যান। রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি।”
মামলার যৌক্তিকতা নিয়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিউত্তরে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, “তখন মামলা করার পরিস্থিতি ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পুলিশরা থানা থেকে চলে গিয়েছিল।”
এ সময় সাঈদ খোকন কথা বলার জন্য হাত তোলেন। তিনি বলতে থাকেন, “মাই লর্ড, কথা বলতে চাই।” তবে কথা বলার অনুমতি মেলেনি তার। পরে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ