বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৯ এম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। আধুনিক যুদ্ধের ধরন এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এসব অস্ত্রের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে তিনি কাজ করতে চান। একইসাথে, পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বৃদ্ধি করা হচ্ছে বলেও জানিয়েছেন কিম।
বৃহস্পতিবার, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
পারমাণবিক উপাদান উৎপাদন এবং অস্ত্র গবেষণার বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় কিম এসব মন্তব্য করেন। তবে, কোন কোন স্থাপনা তিনি পরিদর্শন করেছেন কিংবা সেগুলোর অবস্থান সম্পর্কে কেসিএনএ কোনো তথ্য জানায়নি।
কিম বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান ‘সম্পূর্ণ অলঙ্ঘনীয়’। বাস্তবতাকে উপেক্ষা করে এবং পরিবর্তিত পরিস্থিতি স্বীকার না করে যেসব পক্ষ পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বলছে, তাদের বক্তব্যে উত্তর কোরিয়ার এই অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
তিনি উল্লেখ করেন, ‘আমাদের পারমাণবিক সক্ষমতা এখন বাস্তবতা।’ পারমাণবিক অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক অর্জনকে দেশের পারমাণবিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় সাফল্য বলেও তিনি উল্লেখ করেন।
২০২৩ সালে সংবিধানে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিম বলেন, দেশটির এই মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টাকে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ হিসেবে গণ্য করা হবে।
কৌশলগত পারমাণবিক অস্ত্রের বহুমুখী ব্যবহার বাড়ানোকে গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজ হিসেবে উল্লেখ করেছেন কিম। তার ভাষায়, আধুনিক যুদ্ধে এসব অস্ত্রের সামরিক গুরুত্ব এবং সবচেয়ে বিপজ্জনক শত্রুর সঙ্গে সীমান্ত পরিস্থিতির অনিবার্য বাস্তবতা থেকেই এ প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
এদিকে, গত অক্টোবরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় পিয়ংইয়ংয়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল। দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে বলা হয়, এক বছরেরও বেশি সময় আগে উত্তর কোরিয়া এসব স্থলমাইন পুঁতে রেখেছিল।
এর জবাবে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি পাঠায় পিয়ংইয়ং। এতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিস্ফোরণের ঘটনা নিয়ে মিথ্যা তথ্য তৈরির অভিযোগ আনা হয়। এর এক সপ্তাহেরও কম সময় পর, উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার হাতে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারীর সৈয়দপুরে চলমান ২০২৬-২০২৭ মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কর্মসূচির আওতায় কৃষকদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের আমন মৌসুমে সরকারি খাদ্যগুদামে ৪৪৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছরও সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করা হবে এবং প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। কৃষকদের আবেদন সংক্রান্ত সহায়তার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা কৃষি অফিস অথবা স্থানীয় খাদ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহমেদ জানিয়েছেন, কৃষকের অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে কৃষকেরা সহজেই আবেদন করতে পারবেন। নির্ধারিত সময় শেষে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের তালিকা প্রকাশ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে পলিথিন মজুত ও বিপণনের অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার সময় উপজেলার বাসস্ট্যান্ড-সংলগ্ন পৌর কাঁচাবাজারের একটি গুদামে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন মজুত ও বিক্রির অপরাধে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল। অভিযানে বাকেরগঞ্জ থানা-পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল মন্তব্য করেন, ‘আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদনের জন্য পলিথিন একটি মারাত্মক হুমকি। প্রত্যেকের উচিত পলিথিনের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করা।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ। তবে সেই ধারায় ছেদ টানল লিল। ফরাসি ক্লাবটি ঘরের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জার্মান চ্যাম্পিয়নদের ২-১ গোলে পরাজিত করেছে। চ্যাম্পিয়নস লিগে এটি লিলের প্রথম জয়, আর বায়ার্নের মৌসুমের প্রথম হার।
পিয়েরে-মরোয়া স্টেডিয়ামে ম্যাচের শুরুটা বায়ার্নের পক্ষেই ছিল। ১৫ মিনিটে টম বিশফের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডায়ো উপামেকানো। হ্যারি কেইনের অনুপস্থিতিতে আক্রমণভাগে কিছুটা ঘাটতি দেখা গেলেও প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের হাতে।
দ্বিতীয়ার্ধে লিল ঘুরে দাঁড়ায়। বিরতির পর আয়াসে উয়েদার একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল হলেও ৬২ মিনিটে আর তাঁকে থামানো যায়নি। নাথান এনগয়ের তির্যক পাস থেকে নিচু শটে গোল করে সমতা ফেরান জাপানি ফরোয়ার্ড।
সমতায় ফেরার পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় লিল। ৬৫ মিনিটে ইথান এমবাপ্পে প্রতি-আক্রমণে এগিয়ে গিয়ে শট নেন। বল পোস্টে লেগে ফিরে এলেও সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন বায়ার্নের আলেক্সান্দার পাভলোভিচ। এই আত্মঘাতী গোলেই এগিয়ে যায় স্বাগতিকেরা।
শেষ দিকে বায়ার্ন সমতা ফেরানোর চেষ্টা করলেও লিলের রক্ষণ ভাঙতে পারেনি। এই হারে পাঁচ ম্যাচে বায়ার্নের অবস্থান নেমে এসেছে ১৫ নম্বরে। সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার পথও কঠিন হলো তাদের জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন গবেষকরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানিয়েছেন, ইসরাইলের কাছে ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যদিও দেশটি প্রকাশ্যে এটি স্বীকার করেনি।
ইসরাইলি গণমাধ্যম জেরুসালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী, পারমাণবিক অস্ত্রের মালিকানা নিয়ে চুপ থাকার জন্য ওয়াশিংটনের রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। ডিমোনা পারমাণবিক স্থাপনার নতুন নির্মাণকাজের কারণে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
বিশ্বের সামনে ইসরাইলের পারমাণবিক অস্ত্রের উপস্থিতি নিয়ে কয়েক দশক ধরে সরাসরি উত্তর দেয়া হয়নি। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস) এর সাম্প্রতিক গবেষণায় উল্লেখ করা হয়েছে, ইসরাইলের অস্ত্রভাণ্ডারে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে।
গবেষণায় ইসরাইলের পারমাণবিক অবকাঠামোর উপর বিনিয়োগ অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষভাবে নেগেভ মরুভূমির ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রের দিকে নজর দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে বড় ধরনের নির্মাণকাজের খবর পাওয়া গেলেও এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর সতর্কতা দিয়েছেন গবেষকরা।
অন্য একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান, বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস, একই তথ্য নিশ্চিত করেছে। তাদের ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পাঁচ বছর আগে এই সংখ্যা সম্পর্কে একই তথ্য পাওয়া গিয়েছিল।
পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইল এখনও প্লুটোনিয়াম মজুত করছে। দেশটির কাছে সর্বাধিক ১ হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে।
বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এই পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এই হিসাব নির্দিষ্ট ধরনের পারমাণবিক ওয়ারহেডের নকশার ওপর নির্ভরশীল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় প্রজন্মের একপর্যায়ের ফিশন-ইমপ্লোশন ওয়ারহেডে বুস্টেড পিট হিসেবে প্রতিটি ওয়ারহেডে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হলে এই সক্ষমতা তৈরি হতে পারে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৬ সালের মূল্যায়নে বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় ইসরাইলও অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, ইসরাইলের দীর্ঘদিনের পারমাণবিক নীরবতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে। গত মে মাসে টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দেন।
তাদের দাবি, মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য বুঝতে ইসরাইলের সক্ষমতা সম্পর্কে আরও স্বচ্ছতা প্রয়োজন। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ওয়াশিংটন ও তেল আবিবের পারমাণবিক নীরবতার ইতিহাসও দীর্ঘদিনের। ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে একটি সমঝোতা হয়েছিল বলে ধারণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ