বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৫:০৬ পি.এম
কয়েক মাসের স্থগিতাদেশের পর আবারও মার্কিন ডলার ইরাকে সরবরাহ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের দুই সহকারীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিমানযোগে সীমিত পরিসরে নগদ মার্কিন ডলার আবার বাগদাদে পাঠানো হচ্ছে। ট্রাম্প প্রশাসন গত এপ্রিল মাসে প্রায় ৫০ কোটি ডলারের একটি চালান স্থগিত করে। একই সাথে ইরাকের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার কিছু অংশও স্থগিত করা হয়েছিল।
এর পেছনে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল যে, ইরান-সমর্থিত মিলিশিয়ারা ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনা ও স্বার্থসংশ্লিষ্ট স্থানে হামলা চালাচ্ছে এবং বাগদাদ সরকার তাদের নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
ইরাকে পাঠানো এই নগদ ডলার প্রধানত দেশের তেল বিক্রির আয় থেকে আসে এবং এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত থাকে।
এসব অর্থ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন স্থানীয় বৈদেশিক মুদ্রার বাজার, খুচরা ডলার লেনদেন এবং বিদেশ ভ্রমণ ও অন্যান্য বৈধ প্রয়োজন। তবে স্থগিতাদেশের সময় আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত ইলেকট্রনিক ডলার লেনদেন পুরোপুরি বন্ধ ছিল না।
প্রতিবেদন অনুযায়ী, ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলি আল-জাইদি দায়িত্ব নেওয়ার পর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ, দুর্নীতিবিরোধী অভিযান এবং আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন।
এ মুহূর্তে দুর্নীতির অভিযোগে বহু কর্মকর্তা ও আইনপ্রণেতাকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে। ওয়াশিংটন এ পদক্ষেপগুলোকে ইতিবাচক হিসেবে দেখছে বলেই যুক্তরাষ্ট্র ডলার সরবরাহ আংশিকভাবে পুনরায় চালু করেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এখনও যুক্তরাষ্ট্র ইরাকের সঙ্গে স্থগিত থাকা নিরাপত্তা সহযোগিতা পুরোপুরি পুনর্বহাল করেনি। এ বিষয়ে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর কিংবা ট্রেজারি তথা অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে ১ হাজার ৩৪০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
মোট পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ৮৬৩ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭২ হাজার ৫২৩ জন। এই হিসেবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর হার ১ দশমিক ৮১ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।
তিনি বলেন, বোর্ডের আওতাধীন চট্টগ্রামসহ ৫ জেলায় ১১৪টি কেন্দ্রে সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোনো বহিষ্কার নেই। অনুপস্থিত ছিল ১ দশমিক ৮১ শতাংশ ছাত্রছাত্রী।
তিনি আরো জানান, ১৫টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, এই বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির মোট ২৮৩টি কলেজের এবার মোট পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ১১ হাজার ২৫৫ জন ছাত্র ও ১২ হাজার ৬৪৮ জন ছাত্রীসহ মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৯০৩ জন; মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন (ছাত্র ১৬ হাজার ৩৪২ জন ও ২৭ হাজার ৮৯৬ জন ছাত্রী); ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৫৮৫ জন ছাত্র এবং ১৫ হাজার ৯৫৪ জন ছাত্রীসহ মোট ৩১ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী; গাহর্স্থ্য বিভাগে ৮ জন ছাত্রী।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম জেলার পরীক্ষার্থী ৭০ হাজার ৯৭৪ জন; কক্সবাজার ১২ হাজার ২৫৫; রাঙামাটি জেলায় ৫ হাজার ৪৩৯; খাগড়াছড়িতে সাত হাজার ৩৫৩ জন; বান্দরবান জেলায় তিন হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের গঙ্গাচড়ায় দাওয়াত খেতে যাওয়ার সময় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় সাত বছরের নাতি আহত হয়েছে।
তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছেন, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার নির্মল চন্দ্র রায় (৭৫) ও তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। উল্লেখ্য, প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
আহত শিশুর নাম বন্ধন চন্দ্র রায় (৭)। তিনি নির্মল চন্দ্রের নাতি। বর্তমানে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
স্থানীয়রা জানায়, নির্মল চন্দ্র রায়, তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় এবং নাতি বন্ধন চন্দ্র রায় মোটরসাইকেলযোগে তুলশীহাটে দাওয়াত খেতে যাচ্ছিলেন।
পথে মন্থনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে প্রশান্ত চন্দ্র রায় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার বাবা নির্মল চন্দ্র রায়কে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শিশু বন্ধন চন্দ্র রায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে।
তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জে একটি প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় জেলা যুবদলের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা, এরপর পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টায় শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বালুটুঙ্গি এলাকায় এই ঘটনা ঘটেছে।
আটক হওয়া ব্যক্তি আব্দুর রহমান বিশ্বাস, যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য এবং ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের আবু বাক্কারের ছেলে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, গভীর রাতে বালুটুঙ্গি এলাকার প্রবাসী মো. বুলুর স্ত্রী আনিকা ঘরে আব্দুর রহমানকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এই সময় উত্তেজিত জনতা তাদের দুজনকে ধরে বাড়ির বাইরে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম, সিফাত আলী ও মাহবুব আক্তার জানান, বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার কারণে এলাকার কয়েক যুবক রাতের আধারে বাইরে অবস্থান করছিলেন। এ সময় আব্দুর রহমান বিশ্বাসকে রাতের অন্ধকারে ওই বাড়ির দিকে প্রবেশ করতে দেখে স্থানীয়রা সন্দেহজনক ভাবে অনুসরণ করতে থাকেন। পরে তারা ঘরের ভেতর গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন।
ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, 'সকালে উঠে আমিও প্রবাসীর স্ত্রীর ঘরে এক যুবককে আটকের ঘটনায় শুনেছি। স্থানীয়রা আটকের পর তাদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। পরে তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।'
এই বিষয়ে কথা বলতে আটক আব্দুর রহমান বিশ্বাসের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তবে জেলা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া শাওন তার দলের পদ নিশ্চিত করে সময় সংবাদকে বলেন, 'আমিও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। খোঁজখবর নেয়ার জন্য তাকে ফোন দিলে নম্বরটি বন্ধ পাই। বিষয়টি যেহেতু আপত্তিকর, আশা করি দল তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।'
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, 'স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তাদের দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধি করাকে লক্ষ্য করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভার পর বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় ২২’শত কৃষক-কৃষাণীদের জনপ্রতি প্রদান করা হয়েছে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ এ.এম. মনজুরে মাওলা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব শাহাদাত হোসেন ঠান্ডু, সিনিয়র যুগ্ন-আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন এবং সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফা আক্তার প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ