বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:২২ পি.এম
মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দ আবুল হোসেন একাডেমিতে দুই ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ইফতাব জাহান প্রীতি। ২০২৬ সালের নির্বাচনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন এবং শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতিস্বরূপ তাকে পৃথক দুটি সম্মাননা দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের নির্বাচনী পরীক্ষায় ৮৫২ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে প্রীতি। পাশাপাশি পুরো শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড গড়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবেও স্বীকৃতি অর্জন করে সে।
গত সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী তার হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য মেধাবী ও কৃতী শিক্ষার্থীদেরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, নির্বাচনী পরীক্ষায় ৮৫২ নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করায় প্রীতির সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। আগামী এসএসসি পরীক্ষায় সে যেন গোল্ডেন জিপিএ অর্জন করতে পারে, সেই প্রত্যাশা ও দোয়া রইল। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো কাজ ও সাফল্যের স্বীকৃতি দিলে তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ে। পাশাপাশি নিয়মিত উপস্থিতি, সুস্থ প্রতিযোগিতা ও ভালো ফলাফল অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেয়ের এমন অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে প্রীতির মা লাইজু আক্তার বলেন, বিদ্যালয় থেকে মেয়ে দুই ক্যাটাগরিতে সম্মাননা পাওয়ায় তিনি অত্যন্ত খুশি। তার বাবা আব্দুর রব ইরান হাওলাদার আজ বেঁচে থাকলে মেয়ের এ সাফল্যে অনেক বেশি আনন্দিত হতেন। সামনে মেয়ের এসএসসি পরীক্ষা। সে যেন ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে পারে, এ জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থী ইফতাব জাহান প্রীতি বলে, দুই ক্যাটাগরিতে সম্মাননা পেয়ে সে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। বাবা বেঁচে থাকলে তার এ অর্জনে অনেক খুশি হতেন। বাবার স্মৃতিচারণ করে তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চায় সে। একই সঙ্গে বাবা-মায়ের স্বপ্ন পূরণ এবং আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করে। ভবিষ্যতে যে প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত হবে, সেই প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করে প্রীতি।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার এমন উদ্যোগ তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালে দায়ের করা টমটম পোড়ানোর মামলায় পেকুয়ায় কর্মরত সাংবাদিক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়ার চিরিংগা ম্যাক্স হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় এসেছে তার শিক্ষাজীবন। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
গিয়াস উদ্দিন পেকুয়া উপজেলার মগনামা এলাকার বাসিন্দা। তিনি পেকুয়া উপজেলায় সাংবাদিকতায় কর্মরত রয়েছেন। পাশাপাশি কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্বের শিক্ষার্থী। আগামীকালের পরীক্ষায় তার দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি বিষয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।
কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী নুরুল আবসার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে গিয়াস উদ্দিনের।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন ৪৮ নম্বর এজাহারনামীয় আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পরীক্ষার ঠিক আগের দিন গ্রেপ্তারের ঘটনায় তার নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
তবে মামলায় আসামি হওয়া বা গ্রেপ্তার হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ