ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর উপলক্ষে জেলা বিএনপির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়


প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর উপলক্ষে জেলা বিএনপির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া জেলায় আসার প্রেক্ষিতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার উদ্দেশ্যে জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করেছে জেলা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় জেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জেলার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠাল আদালত

মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, ডিএসবি-র ডিআইও (১) মো. আবু হেনা মিলন এবং কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। সভায় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাকর্মীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে বিরোধীপন্থী সংবাদ চ্যানেল হাল্ক টিভি ধ্বংসের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


তুরস্কে বিরোধীপন্থী সংবাদ চ্যানেল হাল্ক টিভি ধ্বংসের অভিযোগ

তুরস্কের কর্তৃপক্ষ দেশটির অন্যতম জনপ্রিয় সংবাদ চ্যানেলকে ‘ধ্বংস’ করার অভিযোগ তুলেছেন চ্যানেলটির লন্ডন-ভিত্তিক মালিক। বিবিসির 'নিউজআওয়ার' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, তুরস্কের ’হাল্ক টিভি’র মালিক জাফের মাহিরওলু জানান, অর্থ পাচার, ঘুষ গ্রহণ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে চলতি সপ্তাহে তাদের টিভির সাথে যুক্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহিরওলু আরও উল্লেখ করেন, গত মাসে বিরোধীপন্থী এই চ্যানেলটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার সময় যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও ছিলেন। তিনি বলেন, তার এবং হাল্ক টিভির বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।

ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, সর্বশেষ আটককৃতদের মধ্যে চ্যানেলটির দুইজন সাবেক সংবাদ উপস্থাপকও রয়েছেন। কৌঁসুলিরা এক বিবৃতিতে ওই উপস্থাপকদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মিথ্যা প্রতিবেদন তৈরির অভিযোগ এনেছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, চ্যানেলটির সংবাদ সমন্বয়কারী কুরশাদ ওউজের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কর্তৃপক্ষ, যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন; তবে তার অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

মাহিরওলু বিবিসিকে জানান, তিনি তুরস্কে ফেরার চেষ্টা করলে তাকে কারাগারে পাঠানো হতে পারে। তিনি বলেন, ‘সরকার পুরো গণমাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। আমি আমার চ্যানেলের চেয়েও আমার দেশ এবং আমার দেশের গণতন্ত্র নিয়ে বেশি উদ্বিগ্ন।’ গত মাসে তুর্কি কর্তৃপক্ষ হাল্ক টিভির সদর দপ্তরে অভিযান চালায় এবং চ্যানেলটির সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়। তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান এবং তার প্রশাসনের সমালোচনামূলক সংবাদমাধ্যমগুলোর ওপর ধারাবাহিক দমন-পীড়নের এটিই সর্বশেষ ঘটনা। পরবর্তীতে চ্যানেলটি পরিচালনার জন্য সরকার একজন নতুন প্রশাসক নিয়োগ দেয়।

এরদোয়ানের সরকার দেশটির অধিকাংশ গণমাধ্যম নিয়ন্ত্রণ করে, যা সংবাদপত্রের স্বাধীনতার সূচকে বিশ্বব্যাপী সবচেয়ে নিচের সারিতে রয়েছে। যদিও সরকারের দাবি, সাংবাদিকতা করার কারণে তারা কোনো গণমাধ্যমকর্মীকে আটক করে না। তবে ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে জয়লাভের পর থেকে প্রেসিডেন্ট ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন আরও জোরদার করেছেন। চলতি মাসের শুরুর দিকে কর্তৃপক্ষ বিরোধীপন্থী আরেকটি নেটওয়ার্ক 'সোজচু টিভি'র নিয়ন্ত্রণ নেয়।

এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামওলুকে দুর্নীতির অভিযোগ এবং নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে কারাগারে পাঠানো হয়েছে, যা তিনি এবং তার দল তীব্রভাবে অস্বীকার করেছেন। ইমামওলুর শত শত সমর্থকও একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। এ ছাড়া সরকার অন্যান্য আন্দোলনকারী, আইনজীবী এবং কৌতুক অভিনেতাদেরও কারাবন্দী করেছে। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন রক্ষায় ১৭ বছরের সংগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন রক্ষায় ১৭ বছরের সংগ্রাম

বৃষ্টির দিনে শ্রেণিকক্ষে টিনের চালের মাধ্যমে পানি পড়ে। কিছু জায়গায় ভেজা মেঝে দেখা যায়, আবার কোথাও জরাজীর্ণ দরজা ও জানালা রয়েছে। মাঠজুড়ে জমে থাকে পানি। পর্যাপ্ত শিক্ষা উপকরণ, আধুনিক ল্যাব কিংবা কারিগরি শিক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। এমন প্রতিকূল পরিবেশে পড়াশোনা করছে খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের পিটিডি একাডেমি ও পিটিডি সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এমনকি এই প্রতিষ্ঠান গড়ে তুলতে একটি পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। স্কুলঘর নির্মাণের জন্য প্রতিষ্ঠাতার মায়ের গলার হার বন্ধক রাখতে হয়েছিল। কৃষিজমিও বন্ধক রাখতে হয়েছিল। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে রাজধানীর সাংবাদিকতার সম্ভাবনাময় ক্যারিয়ার ছেড়ে গ্রামে ফিরে আসেন ছেলে মো. শিমুল বিল্লাল বাপ্পি। গত ১৭ বছর ধরে বিনা বেতনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

একটি পরিবারের ত্যাগ ও স্বপ্নের ভিত্তিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আজও নানা সংকটে টিকে আছে। একদিকে শিক্ষার্থীদের সাফল্য, অন্যদিকে জরাজীর্ণ অবকাঠামো ও আর্থিক অনিশ্চয়তা। স্থানীয় বাসিন্দা ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিষ্ঠানটির জন্য দ্রুত একটি আধুনিক ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা জরুরি।

বাবার স্বপ্ন পূরণে ছেলের ফিরে আসা

১৯৮২ সালের ১৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। একুশে পদকপ্রাপ্ত প্রয়াত এম এ মান্নান তখন কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক এই জনপ্রতিনিধির স্বপ্ন ছিল এলাকায় একটি আধুনিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা। নিজের অর্থে জমি কিনে প্রতিষ্ঠান গড়ার উদ্যোগও নিয়েছিলেন তিনি। তৎকালীন খুলনার জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কিন্তু দীর্ঘ অসুস্থতার পর এম এ মান্নানের মৃত্যু হলে সেই উদ্যোগ থেমে যায়। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণের দায়িত্ব নেন ছেলে শিমুল বিল্লাল বাপ্পি।

২০০৮ সালে নতুন করে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু হয়। তবে অর্থসংকটে বারবার বাধাগ্রস্ত হচ্ছিল কাজ। একপর্যায়ে স্কুলঘর নির্মাণের জন্য মা রওশনারা মান্নানের গলার হার কপিলমুনি বাজারের একটি স্বর্ণের দোকানে বন্ধক রাখতে হয়। অর্থের জোগান দিতে কৃষিজমিও বন্ধক রাখা হয়।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে পরিবারের এই ত্যাগ আজও স্থানীয় মানুষ স্মরণ করেন। শিমুল বিল্লালের কাছে এটি কেবল একটি বিদ্যালয় নয়, বরং বাবার রেখে যাওয়া স্বপ্নের উত্তরাধিকার।

সাংবাদিকতার ক্যারিয়ার ছেড়ে শিক্ষার আলো ছড়াতে গ্রামে

শিমুল বিল্লালের নিজের জীবনও তখন অন্য পথে এগোচ্ছিল। ঢাকা কলেজের ইতিহাস বিভাগ থেকে ২০০৫ সালে স্নাতক এবং ২০০৭ সালে স্নাতকোত্তর শেষ করেন। সাংবাদিকতায় ডিপ্লোমা করার পর ২০০৭ সালে লন্ডন কলেজে সাংবাদিকতা বিষয়ে বৃত্তিও পান।

দৈনিক সংবাদ, সাপ্তাহিক শীর্ষ কাগজ, শীর্ষনিউজ ডটকম, দৈনিক ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ ও যুগান্তরের মতো গণমাধ্যমে কাজ করেছেন তিনি। বাংলাদেশ বেতার খুলনার খণ্ডকালীন প্রতিনিধিও ছিলেন। জাতীয় দৈনিকে স্থায়ীভাবে কাজ করার পাশাপাশি টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। পরে খুলনা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন।

কিন্তু ২০১০ সালের এপ্রিলে সাংবাদিকতার পেশা ছেড়ে গ্রামে ফিরে আসেন। বাবার স্বপ্ন পূরণ এবং এলাকার শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ তৈরি করাই হয়ে ওঠে তার জীবনের লক্ষ্য।

নিজের এই সিদ্ধান্ত সম্পর্কে শিমুল বিল্লালের সংক্ষিপ্ত বক্তব্য, ‘আমার এই পথ চলাতেই আনন্দ।’

এই আনন্দের পথ সহজ ছিল না। গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে কোনো বেতন ছাড়াই দায়িত্ব পালন করছেন তিনি। সংসার চলে পারিবারিক সম্পদ থেকে। তার স্ত্রী রুনা আক্তার স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তাদের একমাত্র সন্তান এম মুহাম্মদ সাদ পঞ্চম শ্রেণিতে পড়ে। বড় ভাই মোহাম্মদ পারভেজ হোসেনসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও কয়েকজন শুভানুধ্যায়ী প্রতিষ্ঠানটির পাশে রয়েছেন।

টিনের চালের নিচে কারিগরি শিক্ষার পাঠ

প্রতিষ্ঠানটিতে রয়েছে দুটি পৃথক শিক্ষাকার্যক্রম। পিটিডি একাডেমিতে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা। অন্যদিকে পিটিডি সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে নবম ও দশম শ্রেণির কারিগরি শিক্ষা কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটি পাইকগাছা উপজেলার প্রথম স্বতন্ত্র কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

বর্তমানে ভোকেশনাল শাখায় আটজন এবং প্রাথমিক শাখায় সাতজন শিক্ষক-কর্মচারী রয়েছেন। ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হয়েছে ৩৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৬ জন ছেলে ও তিনজন মেয়ে। আগের শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিল ৫১ জন।

তবে শিক্ষার পরিবেশ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বৃষ্টির সময় টিনের চাল দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষ ভিজে যায়। কোথাও দরজা-জানালা জরাজীর্ণ, কোথাও মেঝের অবস্থা নাজুক। মাঠে পানি জমে থাকে। আধুনিক ভবন, পর্যাপ্ত শিক্ষা উপকরণ কিংবা কারিগরি শিক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতি নেই।

কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হাতে-কলমে দক্ষতা অর্জন। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ল্যাবের অভাবে শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা গ্রহণের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। ফলে সম্ভাবনাময় এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে।

প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীদের সাফল্য

অবকাঠামোগত সংকট থাকলেও শিক্ষার্থীদের সাফল্য আশাবাদী করছে প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের। অধ্যক্ষ শিমুল বিল্লালের দাবি, এ প্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও এসএসসি পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী লিমা খাতুন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। আশিক মো. বিজয় বাংলাদেশ সেনাবাহিনীতে, তানজিম বারি বাংলাদেশ ডাক বিভাগে এবং বিজয় দাস একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করছেন। এ ছাড়া আরও অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কিংবা উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

তবে প্রতিষ্ঠানটির আর্থিক সংকট কাটেনি। ভোকেশনাল শাখার শিক্ষকেরা ২০২০ সালের ২৯ এপ্রিল এমপিওভুক্ত হলেও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সেই সুবিধার আওতায় আসেননি। অন্যদিকে প্রাথমিক শাখার শিক্ষকদের বেতন দিতে হয় রওশনারা-মান্নান শিক্ষা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে।

আধুনিক ভবন নির্মাণের দাবি

প্রতিষ্ঠানটির অবকাঠামোগত দুরবস্থার কথা তুলে ধরে স্থানীয় সমাজসেবক এম বুলবুল আহম্মেদ বলেন, প্রয়াত এম এ মান্নান মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। তার স্বপ্ন ছিল এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে কারিগরি শিক্ষা দেওয়া। সেই স্বপ্নের বাস্তবায়ন হলেও অবকাঠামোগত অবস্থা অত্যন্ত দুর্বল।

তিনি বলেন, কোনো কক্ষে ছাউনি আছে, কোনো কক্ষে নেই। কোথাও দরজা নেই, আবার কোথাও শ্রেণিকক্ষের মাটির মেঝে বৃষ্টিতে কাদায় পরিণত হয়। শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে পাঠদানের জন্য দ্রুত একটি সময়োপযোগী ভবন নির্মাণে সরকারের সহযোগিতা প্রয়োজন।

পাইকগাছা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগ প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখার অনুমোদন দিয়েছে। তিনি কয়েকবার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। বর্তমানে এর অবকাঠামো বেশ দুর্বল, তাই সংস্কার প্রয়োজন।

একটি পরিবারের ত্যাগে শুরু হওয়া যে শিক্ষাপ্রতিষ্ঠান একসময় এলাকার শিশুদের স্বপ্ন দেখাতে শুরু করেছিল, সেই প্রতিষ্ঠান আজ নিজেই সহযোগিতার অপেক্ষায়। মায়ের বন্ধক রাখা গহনা, বাবার অসমাপ্ত স্বপ্ন আর ছেলের দীর্ঘদিনের বিনা বেতনের শ্রমে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা চায় নিরাপদ শ্রেণিকক্ষ, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও হাতে-কলমে শেখার সুযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগই পারে তাদের সেই প্রত্যাশা পূরণ করতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


কুমিল্লায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

কুমিল্লার মনোহরগঞ্জে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা শুক্রবার (২৭ নভেম্বর) মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম ফজলুল বারী। তিনি সরসপুর ইউনিয়নের শাহপুর আল-হেরা ইসলামিয়া একাডেমির প্রধান শিক্ষক। তার পিতার নাম মাওলানা এনায়েত উল্ল্যাহ।

ভুক্তভোগীর বাবা জানিয়েছেন, ঘটনার দিন দুপুর ১টার দিকে তার মেয়ে কোচিংয়ে যায়। সেখানে শিক্ষক তাকে সামনের বেঞ্চে বসতে নিষেধ করে পেছনের বেঞ্চে বসতে বলেন। একপর্যায়ে মেয়েটি অভিযোগ করে যে শিক্ষক তার সঙ্গে অনাকাঙ্খিত আচরণ করেছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক ফজলুল বারী এ বিষয়ে বলেন, "আমি ওই বাচ্চার কাছে ৫ হাজার ৪০০ টাকা পাব। তার বাবা আর্থিকভাবে দুর্বল। কিছুদিন আগে মুরগির ফার্ম দিয়ে লস হয়েছে। এ কারণে ধারাবাহিকভাবে বেতন দিতে পারেন নাই। সামনে তাদের তৃতীয় শ্রেণির ফাইনাল পরীক্ষা। সেজন্য টাকাগুলো তোলার জন্য পেশার দেওয়া এবং বলা। তার অভিভাবকের পক্ষ থেকেও বলা হয়েছে। এখানে যে খরচ সে চালাতে পারতেছে না। তাকে এখান থেকে নিয়ে যাবে এবং সরকারি মাদরাসায় ভর্তি করাবে। তখন তাদের টাকাগুলো দিতে বলি।" শিশুটিকে হেনস্তার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "এমন ছোট শিশু বাচ্চাকে কেউ কি এমন করে?"

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ কালের কণ্ঠকে জানিয়েছেন, এ ঘটনায় শুক্রবার রাতে মেয়েটির বাবা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের ভাগ্য পরিবর্তনে সংস্কারের উদ্যোগ : মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের ভাগ্য পরিবর্তনে সংস্কারের উদ্যোগ : মাহদী আমিন

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি এবং বিকেন্দ্রীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ অংশ নিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য তুলে ধরেন।

এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বক্তব্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং কলেজগুলোর অধ্যক্ষদের উদ্দেশে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

মাহদী আমিন সম্মিলনে বলেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আলোচনায় তিনি বলেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে, এ প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার আনতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। সেই আকাঙ্ক্ষা নিয়েই সরকারের দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়টির বাজেট বাড়ানো হয়েছে, বিকেন্দ্রীকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর রূপকল্প অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন তৃণমূলের রাজনীতি করে আসার পর এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র পাশে দাঁড়াবে।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়া যে মানের জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, আজ সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তাইওয়ান কিংবা দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু বিগত ১৬ বছরে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোতে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, যার সবচেয়ে বড় আঘাত এসেছিল এই প্রতিষ্ঠানের ওপর।’

মাহদী আমিন গত নয় মাসে তৃতীয় ভাষা, কারিগরি দক্ষতা, আনন্দময় পাঠদান, ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘শিক্ষার মূল দুটি লক্ষ্য অর্জিত হলেই এসব উদ্যোগ সফল হবে। প্রথমত, শিক্ষার্থীদের সঠিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, এমন দক্ষতা তৈরি করা যাতে তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হতে পারে।’

অধিভুক্ত কলেজগুলোর বিদ্যমান বৈষম্য দূর করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেমন নামকরা কলেজ রয়েছে, তেমনি এমন কলেজও আছে যেখানে শিক্ষার্থী থাকলেও শিক্ষক নেই। অধিভুক্ত ২ হাজার ৩০০-এর বেশি প্রতিষ্ঠানে একটি অভিন্ন গুণগত মানদণ্ড নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি ল্যাবরেটরি ও লাইব্রেরির যথাযথ ব্যবহার এবং শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অধ্যক্ষদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা দর্শনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। দেশের দুর্গম এলাকাগুলোতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো আজ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে থাকা বর্তমান সরকার এই প্রতিষ্ঠানের সংস্কারের মাধ্যমে গণমানুষের শিক্ষাক্ষেত্রে ক্ষমতায়ন নিশ্চিত করবে।’

মাহদী আমিন বিএনপি সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময়ই একটি বিশেষ আবেগ ও অনুভূতির জায়গা বলে মন্তব্য করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। আজ আমরা ইনডোর স্টেডিয়ামে সমবেত হয়েছি, সেটিও তাঁর হাত ধরেই নির্মিত।

সম্মিলনে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সারা দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%