ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ফরাসি ফুটবলপ্রধান, সমর্থন উয়েফার


ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ফরাসি ফুটবলপ্রধান, সমর্থন উয়েফার

ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা উয়েফা সর্বসম্মতভাবে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালোকে ফিফার আসন্ন নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য সমর্থন প্রদান করেছে।

সোমবার (১৬ নভেম্বর) উয়েফা এক বিবৃতিতে জানায়, ২০২৭ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দিয়ালোকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে ইউরোপের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো তার প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় বুধবার (১৮ নভেম্বর) নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন: পিকের দাবি, ওওনোর ১২ ম্যাচ নিষেধাজ্ঞা অন্যায্য, এটি দুর্ঘটনা

৫৫টি সদস্যসংস্থার প্রতিনিধিত্বকারী উয়েফা জানিয়েছে, দিয়ালো প্রার্থী হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) এফএফএফ–এর একটি সভায় তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার কথা রয়েছে।

৬৩ বছর বয়সী দিয়ালো একজন সেনেগালিজ বক্সিং চ্যাম্পিয়নের পুত্র। ২০২৩ সালের জানুয়ারি থেকে তিনি ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সাবেক সভাপতি নোয়েল ল্য গ্রায়েত একাধিক বিতর্কের কারণে পদত্যাগ করতে বাধ্য হলে, প্রথমে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করেন দিয়ালো।

ফ্রান্সের আটলান্টিক উপকূলের শহর সাঁ-নাজেয়ারে জন্মগ্রহণকারী দিয়ালো ২০২৩ সালের জুনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে নতুন করে চার বছরের মেয়াদে পুনর্নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন: আইপিএলে না খেলার সিদ্ধান্ত জানালেন ট্রাভিস হেড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে উইলিয়াম-কেটের দিনভর ব্যস্ততা, সঙ্গী শচীন টেন্ডুলকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ এম


ভারতে উইলিয়াম-কেটের দিনভর ব্যস্ততা, সঙ্গী শচীন টেন্ডুলকার

মুম্বাই মেট্রোতে ভ্রমণ, স্কুলশিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেট খেলা এবং ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাৎ—ভারত সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন। তারা সোমবার ভারতে পৌঁছান ২০২৬ সালের আর্থশট পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে। সফরের প্রথম দিন মুম্বাইয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানায়, প্রিন্স উইলিয়াম মুম্বাইয়ে ২০২৬ সালের আর্থশট পুরস্কার নিয়ে আয়োজিত একটি সম্মেলনে বক্তব্য দেন। তিনি ভারতের পরিবেশ রক্ষায় ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই উন্নয়নে ভারতের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি মন্তব্য করেন যে, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষা একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব।

প্রিন্স উইলিয়াম তার বক্তব্যে বলেন, 'হিন্দিতে একটি কথা আছে—রং বিরঙ্গি দুনিয়া। অর্থাৎ নানা রঙে ভরা এক পৃথিবী। ভবিষ্যৎকেও আমাদের এভাবে দেখা উচিত। সাদা-কালো হিসেবে নয়। মানুষ ও পৃথিবী, অর্থনীতি ও প্রকৃতির মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার বিষয় হিসেবেও নয়। বরং সবকিছুর সমন্বয়ে একটি পৃথিবী হিসেবে দেখা উচিত। যেখানে যেকোনো জায়গা থেকেই সমাধান আসতে পারে।' তিনি আর্থশট পুরস্কারে ভারতের অবদানের কথাও তুলে ধরেন। প্রিন্স উইলিয়াম জানান, এ পুরস্কারের ইতিহাসে ভারত থেকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বিজয়ী হয়েছে এবং চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে।

তিনি ২০২৬ সালের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ভারতের দুটি উদ্যোগের প্রশংসা করেন। এগুলো হলো মাহিলা হাউজিং ট্রাস্ট ও মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি। প্রতিষ্ঠান দুটি সাশ্রয়ী আবাসন এবং পরিবেশবান্ধব শহুরে পরিবহনব্যবস্থা নিয়ে কাজ করছে। বক্তব্যের শেষ দিকে, তিনি পরিবেশ রক্ষায় নতুন সমাধান খুঁজে বের করা এবং উদ্ভাবকদের সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন, 'গত ছয় বছরে আর্থশট আমাকে দেখিয়েছে, সমস্যার সমাধান যাদের কাছে আছে, তারা আমাদের চারপাশেই রয়েছেন। আমাদের কাজ হলো তাদের খুঁজে বের করা, পাশে দাঁড়ানো এবং তাদের কাজ আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে সাহায্য করা।'

এর আগে, দিনের শুরুতে প্রিন্স উইলিয়াম ও কেট মুম্বাই মেট্রোর অ্যাকোয়া লাইন-৩-এ ভ্রমণ করেন। তারা বিধান ভবন স্টেশন থেকে বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি) পর্যন্ত যান। মুম্বাই মেট্রো রেল করপোরেশন লিমিটেড সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভ্রমণের ছবি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এ ঘটনাকে অ্যাকোয়া লাইনের জন্য বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেছে। মেট্রো ভ্রমণের সময় কেটের পরনে ছিল নীল রঙের হাঁটু পর্যন্ত লম্বা পোশাক। অন্যদিকে, সাদা শার্টের সঙ্গে আনুষ্ঠানিক পোশাক পরেছিলেন প্রিন্স উইলিয়াম।

পরে, মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন রাজদম্পতি। এ সময় তাদের মধ্যে ক্রিকেট নিয়ে আলোচনা হয়। টেন্ডুলকার তার ক্রিকেটজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগ করে নেন। এদিন একটি বিশেষভাবে তৈরি চায়ের দোকানেও যান প্রিন্স উইলিয়াম ও কেট। সেখানে তাদের মাটির ভাঁড়ে ঐতিহ্যবাহী ভারতীয় চা পরিবেশন করা হয়। দিনের আরেকটি কর্মসূচিতে, রাজদম্পতি স্কুলশিক্ষার্থীদের সঙ্গে গলির ক্রিকেট খেলেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন শচীন টেন্ডুলকার। পালা করে ব্যাট করেন প্রিন্স উইলিয়াম ও কেট। খেলার সময় প্রিন্স উইলিয়ামকে বিভিন্ন পরামর্শ দেন টেন্ডুলকার। মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখেন কেট। এ সময় প্রিন্স উইলিয়ামের পরনে ছিল গাঢ় নীল রঙের নেহরু জ্যাকেটের আদলে তৈরি হাতাকাটা পোশাক।

ভারত সফরের প্রথম দিনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন প্রিন্স উইলিয়াম ও কেট। ছবিগুলোতে মুম্বাইয়ের সমুদ্র উপকূল, ব্যস্ত সড়ক, ক্রিকেট ম্যাচ এবং ঐতিহাসিক রাজাবাই ঘড়ির মিনার দেখা গেছে। নিজেদের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তারা বলেন, 'ক্যাথরিন ও আমি এ বছরের আর্থশট পুরস্কার উপলক্ষে ভারতে আসতে পেরে খুবই আনন্দিত।' পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনে ভারতের অগ্রগতির কথাও তুলে ধরেন তারা। টেকসই ভবিষ্যৎ গড়তে কাজ করছেন এমন তরুণ, উদ্যোক্তা ও উদ্ভাবকদের সঙ্গে দেখা করার পরিকল্পনার কথাও জানান। ২০২০ সালে প্রিন্স উইলিয়াম আর্থশট পুরস্কার চালু করেন। পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ ও নতুন উদ্ভাবনকে উৎসাহিত করাই এ পুরস্কারের লক্ষ্য।

আজ ১৭ নভেম্বর মুম্বাইয়ে ২০২৬ সালের আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পাঁচটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। বিভাগগুলো হলো—প্রকৃতি রক্ষা ও পুনরুদ্ধার, বায়ুদূষণ কমানো, সমুদ্র পুনরুজ্জীবিত করা, বর্জ্যমুক্ত পৃথিবী গড়া এবং জলবায়ু সংকট মোকাবিলা। মুম্বাই সফর শেষে প্রিন্স উইলিয়াম ও কেটের নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে। ভারতে এটি রাজদম্পতির দ্বিতীয় আনুষ্ঠানিক সফর। এর আগে ২০১৬ সালে তারা একসঙ্গে ভারত সফর করেন। ওই সফরে ভুটানেও গিয়েছিলেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুনা লায়লার ৭৪তম জন্মদিনে আজীবন সম্মাননা পাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


রুনা লায়লার ৭৪তম জন্মদিনে আজীবন সম্মাননা পাচ্ছেন

আজ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরস্রষ্টা রুনা লায়লার ৭৪তম জন্মদিন। এই বিশেষ দিনটি উপলক্ষে সংগীতাঙ্গন ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, বর্তমান প্রজন্মের শিল্পীরা তার জনপ্রিয় গানগুলো কাভার করে প্রকাশ করছেন।

রুনা লায়লা তার জন্মদিন ও সংগীতজীবন সম্পর্কে বলেন, ‘এখন মূলত পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করা হয়, এবারও তেমনটাই হবে। দেখতে দেখতে অনেকগুলো জন্মদিন পেরিয়ে গেল। তবে ছোটবেলার জন্মদিনের কথা বেশি মনে পড়ে; আম্মা নতুন জামা বানিয়ে দিতেন, মজার মজার খাবার রান্না করতেন—সেই স্মৃতিগুলো আজও অমলিন।’

এই কিংবদন্তি, যিনি সংগীতজীবনের ছয় দশক পূর্ণ করেছেন, আরও বলেন, ‘আমার বাবা-মা ও বড় বোন দীনাসহ পরিবারের সবার সমর্থন না থাকলে এত দূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন এবং এখনো সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন আজীবন গান গেয়ে যেতে পারি।’

এদিকে, জন্মদিনের পরদিন বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন এই বরেণ্য শিল্পী। আগামীকাল ১৮ নভেম্বর প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ রুনা লায়লাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।

আয়োজনের প্রধান উদ্যোক্তা ও বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ‘শ্রদ্ধেয় রুনা আন্টি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব এবং আমাদের দেশের সংগীতের অন্যতম পরিচয়। পরবর্তী প্রজন্মের প্রতিটি গায়িকারই স্বপ্ন থাকে তার মতো হওয়ার। সম্প্রতি আমরা তার বাসায় গিয়ে আব্বাকে ঘিরে এই আয়োজনের কথা জানালে তিনি সম্মাননা গ্রহণে সম্মতি দেন। আমাদের অনুষ্ঠানে তার উপস্থিতি ও সম্মাননা গ্রহণ আমাদের জন্য পরম প্রাপ্তি এবং আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।’

উল্লেখ্য, আগামীকাল ১৮ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কবি হাসান মাহমুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রদেশের বন কর্মকর্তার সম্পদের পাহাড়ে সোনা-রুপা ও রিসোর্ট-ভিলার খোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


মধ্যপ্রদেশের বন কর্মকর্তার সম্পদের পাহাড়ে সোনা-রুপা ও রিসোর্ট-ভিলার খোঁজ

ভারতের মধ্যপ্রদেশে এক বন কর্মকর্তার বাসা ও কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা, রুপা, নগদ অর্থ এবং সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন সংস্থা লোকায়ুক্ত। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া সম্পদের মূল্য প্রায় ৭ কোটি ৬০ লাখ রুপি।

অভিযুক্ত কর্মকর্তা সঞ্জীব কুমার শর্মা সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। অভিযোগের তদন্তে দেখা গেছে, তার স্ত্রীসহ আরও কয়েকজন এই কাজে জড়িত।

প্রাথমিক তদন্তে দেখা যায়, শর্মার সম্পদের পরিমাণ তার বৈধ আয়ের তুলনায় ২২৮ শতাংশ বেশি। এই পরিস্থিতিতে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। আদালতের অনুমতি নিয়ে তল্লাশি অভিযান শুরু হয়।

লোকায়ুক্তের ভোপাল বিভাগের একটি দল পাচমাড়িতে শর্মার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়ারায় তার ব্যক্তিগত বাসভবনে অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ রুপি নগদ অর্থ উদ্ধার করা হয়। এ ছাড়া পাওয়া যায় ২ দশমিক ৫২৮ কেজি সোনা, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ রুপি। উদ্ধার হওয়া রুপার পরিমাণ ১ দশমিক ৬৫৬ কেজি, যার মূল্য প্রায় ২ লাখ ৯৪ হাজার রুপি।

অভিযানে চারটি যানবাহনের সন্ধান পাওয়া গেছে। এগুলো হলো একটি স্করপিও, একটি মাহিন্দ্রা কিউভি, একটি রয়্যাল এনফিল্ড বুলেট মোটরসাইকেল ও একটি স্কুটার। যানবাহনগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি। বাসায় প্রায় ৫০ লাখ রুপি মূল্যের আসবাব ও অন্যান্য গৃহস্থালি সামগ্রীরও সন্ধান মিলেছে।

তদন্তকারীরা শর্মার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি সম্পত্তির তথ্য পেয়েছেন। এর মধ্যে ‘ইকোটেল রিসোর্ট’-এর আনুমানিক মূল্য ২ কোটি রুপি এবং ‘সেরেনিটি দ্য ভিলা’র মূল্য প্রায় ১ কোটি রুপি।

অভিযানে জমি কেনাবেচাসংক্রান্ত ২৮টি নথিও উদ্ধার করা হয়েছে। তবে হোটেল ও রিসোর্টের আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি। ফলে উদ্ধার হওয়া সম্পদের মোট মূল্য আরও বাড়তে পারে।

লোকায়ুক্তের প্রাথমিক হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত শনাক্ত সম্পদের মূল্য শর্মার বৈধ আয়ের প্রায় ৫৬০ শতাংশ বেশি। তবে এ হিসাব চূড়ান্ত নয় বলে জানিয়েছে সংস্থাটি। জমির নথি যাচাই এবং হোটেল-রিসোর্টের মূল্যায়ন শেষ হলে সম্পদের প্রকৃত পরিমাণ জানা যাবে।

তল্লাশি অভিযান এখনো চলছে। প্রয়োজনে শর্মার সঙ্গে সংশ্লিষ্ট অন্য স্থানেও অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে লোকায়ুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দারিদ্র্য থেকে মুক্তি, তবু লাখো ভারতীয়দের দুবেলা খাবার জোটে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


দারিদ্র্য থেকে মুক্তি, তবু লাখো ভারতীয়দের দুবেলা খাবার জোটে না

ভারত দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে। এই সময়ের মধ্যে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। তবে কাগজে-কলমে দারিদ্র্য থেকে মুক্তি পেলেও বাস্তবে লাখো মানুষের জীবন এখনও অভাব ও অনটনে কাটছে।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে দেখা গেছে, ভারতের অনেক পরিবার দারিদ্র্যসীমার সামান্য ওপরে অবস্থান করলেও যেকোনো আর্থিক সংকটে তারা আবারও চরম দারিদ্র্যের দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মূল্যবৃদ্ধি, ঋণের বোঝা, চিকিৎসার খরচ এবং অনিশ্চিত কর্মসংস্থান তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে।

রাজস্থানের ২৫ বছর বয়সী হেমা প্রজাপতির পরিবার এই পরিস্থিতির একটি উদাহরণ। তিনি মাসে প্রায় ১১ হাজার রুপি আয় করেন, কিন্তু তিন সদস্যের সংসার চালাতে তাকে প্রচুর কষ্ট করতে হয়। বাড়তি আয়ের জন্য তিনি ঘর পরিষ্কার এবং থালাবাসন ধোয়ার কাজ করেন। কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ঋণের কারণে মাসের শেষ দিকে খাবার কেনার জন্য টাকাও থাকে না।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ভারতের দারিদ্র্য হ্রাসের পেছনে সরকারি খাদ্য সহায়তা এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধির ভূমিকা রয়েছে। দেশটির প্রায় ৮০ কোটি মানুষ প্রতি মাসে বিনা মূল্যে বা ভর্তুকিতে খাদ্যশস্য পান। তবে বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্যসীমার হিসাব দিয়ে মানুষের প্রকৃত জীবনযাত্রার মান বোঝা যায় না। মহামারি, বন্যা, খরা কিংবা চিকিৎসার অতিরিক্ত খরচের মতো একটি ধাক্কাই অনেক পরিবারকে আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%