ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী


রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন যে, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এই পরামর্শ প্রদান করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: এসপি জাহাঙ্গীরের স্ত্রী: আমার স্বামী নির্দোষ, মোবাইল হ্যাক হয়েছিল

আজ জাতীয় সংসদ ভবনে পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষকও এ পরিদর্শনে অংশগ্রহণ করেন।

সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে তিনি রাজনীতিতে যুক্ত হওয়ার পূর্বে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন।

আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার প্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমত, তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য। প্রধানমন্ত্রী বলেন, "ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।"

এছাড়া বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শও দেন তিনি।

প্রধানমন্ত্রী পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন যে নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবে। তবে তিনি পরামর্শ দিয়েছেন যে রাজনীতিতে প্রবেশের আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা উচিত।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণ করার বিষয়ে তিনটি বিশেষ পরামর্শ প্রদান করেন।

জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরিদর্শনকারী দলে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক এবং অভিভাবক। এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকও এতে অংশ নেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী যে তিনটি বিশেষ পরামর্শ দেন, সেগুলো হলো—

প্রথমত, পরিচ্ছন্নতা: প্রধানমন্ত্রী নিজের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানান। তিনি ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।

দ্বিতীয়ত, বৃক্ষরোপণ: বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবেদন আকারে উপস্থাপন করা হবে।

আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু’র সভাপতিত্বে দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস, এম, জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো এবং মোহাম্মদ নাজিবুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু-সহনশীল অবকাঠামো নিয়ে পাঁচটি তথ্যপত্র পর্যালোচনা করেছে এলজিইডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


জলবায়ু-সহনশীল অবকাঠামো নিয়ে পাঁচটি তথ্যপত্র পর্যালোচনা করেছে এলজিইডি

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে পাঁচটি তথ্যপত্র পর্যালোচনা করেছে, যা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট’ (সিআরআইএমপি) পরিচালিত ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার’ (সিআরইএলআইসি) এই কর্মশালার আয়োজন করেছে।

সিআরইএলআইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায়।

কর্মশালায় সভাপতিত্ব করেন সিআরইএলআইসি-এর পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী সালমা শহীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

মো. বেলাল হোসেন মন্তব্য করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এলজিইডি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টেকসই অবকাঠামো গড়ে তুলছে।

তিনি আরও বলেন, এই পাঁচটি তথ্যপত্র বিভিন্ন উদ্যোগ থেকে অর্জিত অভিজ্ঞতাকে সহজ ভাষায় নীতিনির্ধারক ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকৌশলী সালমা শহীদ বলেন, সিআরইএলআইসি-এর লক্ষ্য হলো বিভিন্ন প্রকল্প থেকে প্রাপ্ত ভালো অনুশীলন ও শিক্ষাগুলোকে নথিবদ্ধ করা এবং সেগুলোকে ভবিষ্যতের উদ্যোগের পরিকল্পনা ও নকশায় অন্তর্ভুক্ত করা।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং নির্বাহী প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় ঝিনাইদহের ৫ আ. লীগ নেতা আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় ঝিনাইদহের ৫ আ. লীগ নেতা আসামি

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাই বিপ্লবে সংঘটিত দুটি পৃথক হত্যা মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচ আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একই পরিবারের বাবা, ছেলে ও মেয়েসহ তিনজন রয়েছেন। মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট প্রতিবেদনে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে হামলা, গুলিবর্ষণ, লুটপাট ও সহিংসতায় তাদের সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও তারা নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জুলাই ঢাকার যাত্রাবাড়ী থানায় মো. বাবুল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৬২। দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩০২, ১০৯ ও ৩৪ ধারায় দায়ের করা এ মামলার একই তারিখে যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলা নথিভুক্ত হয়। দ্বিতীয় মামলাটির নম্বর ৬৮।

দ্বিতীয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, জুনায়েদ আহমেদ পলক, শামীম ওসমান ও সালমান এফ রহমানসহ বিভিন্ন পর্যায়ের ২৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের যে পাঁচজনকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন খোরশেদ আলম, তাঁর ছেলে শাহাদত হোসেন, মেয়ে জান্নাতুল ফেরদৌস তন্নি, একই গ্রামের সফিউদ্দীনের ছেলে আওয়ামী লীগ নেতা উজ্জল হোসেন এবং কাউসার আলীর ছেলে লাভলু রহমান লাবু।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম আদালতে পাঠানো প্রতিবেদনে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এসব আসামির সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করেছেন।

মামলার নথিতে ১৬১ নম্বর আসামি খোরশেদ আলমকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ঘনিষ্ঠ সহযোগী ও অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তার ছেলে শাহাদত হোসেনকে মামলার ১৬২ নম্বর আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে তাঁকে ঝিনাইদহ জেলা যুবলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণে জড়িত বলে অভিযুক্ত করা হয়েছে।

এ ছাড়া ১৬৩ নম্বর আসামি উজ্জল হোসেনকে জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৬৪ নম্বর আসামি খোরশেদ আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌস তন্নীকে যাত্রাবাড়ী থানা যুব মহিলা লীগের সাহিত্যবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করে মামলার এজাহারে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি শিশারকুণ্ডু গ্রামের লাভলু রহমান লাবুকে মামলার ২৩৬ নম্বর আসামি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ মামলার দুই আসামি শাহাদত হোসেন ও উজ্জল হোসেনের বিরুদ্ধে এর আগে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের হয়েছিল। ২০২৪ সালের ২৫ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান পুঁটেপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে ঝুমুর খাতুন বাদী হয়ে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১), ৭ ও ৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ও ৮(৩) ধারায় ওই মামলায় অভিযোগ আনা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও মামলাটির বর্তমান অবস্থা বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য এখনো জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাদের অভিযোগ, একাধিক গুরুতর মামলার আসামি হওয়া সত্ত্বেও অভিযুক্তরা কোটচাঁদপুর এলাকায় বহাল তবিয়তে অবস্থান করছেন। এ বিষয়ে ঝিনাইদহ জেলা জাসাসের সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির এবং কোটচাঁদপুর এনসিপির নেতা ইসমাইল হোসেন বলেন, মামলার আসামিরা এলাকায় প্রকাশ্যে চলাফেরার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড, ঝটিকা মিছিল ও নাশকতামূলক তৎপরতায় অংশ নিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, মামলাগুলো ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারসহ যেকোনো ধরনের আইনি সহায়তা চাইলে কোটচাঁদপুর থানা পুলিশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%