০১:১৭ পি.এম
দূরপাল্লার যাত্রায় উড়োজাহাজ এবং স্বল্প দূরত্বে গাড়ি, এটাই এত দিন ছিল যাতায়াতের প্রচলিত চিত্র। তবে এবার নতুন সম্ভাবনা তৈরি করতে যাচ্ছে হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ, যা মাঝারি দূরত্বের যাত্রায় কাজে আসবে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইলেকট্রা তৈরি করছে এমন একটি উড়োজাহাজ, যা রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গা থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম।
ভার্জিনিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানের তৈরি উড়োজাহাজটির নাম ‘ইএল৯ আল্ট্রা শর্ট’। এই উড়োজাহাজের বিশেষত্ব হলো, প্রচলিত বিমানের মতো দীর্ঘ রানওয়ের প্রয়োজন হবে না। হেলিপ্যাড, খোলা মাঠ কিংবা শপিং মলের পার্কিংয়ের মতো মাত্র ১৫০ ফুট সমতল জায়গা থেকেই এটি ওঠানামা করতে সক্ষম।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উড়োজাহাজটির প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরা হয়েছে। ইলেকট্রার তৈরি এই উড়োজাহাজে একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটর রয়েছে। এটি একসঙ্গে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড মালামাল পরিবহন করতে পারে। একবার উড্ডয়নের পর এটি টানা ৩৮০ মাইল পর্যন্ত উড়তে সক্ষম। উড়োজাহাজটির বিশেষ প্রযুক্তি হলো, আকাশে উড়ার সময়ই এর ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হয়।
আরও পড়ুন: ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী
প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত উড়োজাহাজের তুলনায় এটি ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে। অন্যদিকে, হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কমবে প্রায় ৭০ শতাংশ। শব্দদূষণও হবে তুলনামূলকভাবে কম। ডানায় বসানো আটটি পাখার সাহায্যে ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতে এটি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এর সক্ষমতা রয়েছে কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচ-ছয়তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছানোর।
যদি উড়োজাহাজটি বাণিজ্যিকভাবে চালু হয়, তবে মাঝারি দূরত্বের যাতায়াতে বড় পরিবর্তন আসতে পারে। যাত্রীদের আর বড় বিমানবন্দরে যেতে হবে না কিংবা দীর্ঘ যানজটে সময় নষ্ট করতে হবে না। ছোট পরিসরের অবকাঠামো ব্যবহার করেই যাত্রী ওঠানামা করানো সম্ভব হবে।
গত বছরের অক্টোবরে নিউইয়র্কে পানির ওপর ভাসমান ৩০০ ফুট দীর্ঘ একটি বার্জে উড়োজাহাজটির ছোট সংস্করণ সফলভাবে ওঠানামার পরীক্ষা চালানো হয়। ইলেকট্রার দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং এলাকা থেকে নিউইয়র্কে যেতে উড়োজাহাজটিতে সময় লাগতে পারে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। একই পথে গাড়ি কিংবা প্রচলিত ফ্লাইটে যাতায়াতের তুলনায় সময় উল্লেখযোগ্যভাবে কম লাগবে।
বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইন প্রতিষ্ঠান ইতোমধ্যে উড়োজাহাজটির ২ হাজার ২০০টির বেশি ইউনিটের আগাম অর্ডার দিয়েছে বলে দাবি করেছে ইলেকট্রা। এসব অর্ডারের সম্ভাব্য মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার। ২০২৭ সালের শেষ দিকে নরওয়েতে এর চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সাল নাগাদ সাধারণ যাত্রীদের জন্য এটি চালু হতে পারে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডিপোর ব্যবসা বাড়ছে, ২১টি আইসিডি কার্যকর
শুধু বেসামরিক পরিবহন নয়, সামরিক ক্ষেত্রেও উড়োজাহাজটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এটি কেনার জন্য চুক্তি করেছে। দুর্গম এলাকায় রসদ পরিবহনের পাশাপাশি, মাটিতে অবস্থান করেও এটি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। প্রতিষ্ঠানটির দাবি, জেনারেটর হিসেবে ব্যবহার করলে একটি উড়োজাহাজ দিয়ে ১৫টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।
তবে প্রযুক্তির এই সম্ভাবনার সঙ্গে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগের বিষয়টিও। প্রতিটি উড়োজাহাজের সম্ভাব্য দাম প্রায় ১ কোটি ডলার। ফলে আপাতত ব্যক্তিগত ব্যবহারের চেয়ে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পরিবহনেই এর ব্যবহার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: সিএনএন
আরও পড়ুন: রংপুরের ধাপেরহাট: উত্তরাঞ্চলের প্রধান জলপাইয়ের পাইকারি বাজার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন