০৩:৩৫ পি.এম
সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর জন্য একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে এবং ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, আধুনিক নজরদারি প্রযুক্তির সংযোজন এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ করা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে এসব উদ্যোগ গ্রহণ সরকারের বৃহত্তর প্রচেষ্টার প্রতিফলন।
তিনি আরও বলেন, এগুলো নির্বাচনী ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিকীর কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন একটি সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। কাজের বিচ্ছিন্নতা কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে একই ধরনের প্রকল্পগুলোকে একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
আরও পড়ুন: হোটেল ও পর্যটন খাতে ফ্রি প্রশিক্ষণ, শেষে ভাতা ও চাকরির সুযোগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি প্রকল্প অবকাঠামো সংক্রান্ত।
চলমান এসব প্রকল্পের জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থ ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকায়। এই ধীরগতি প্রকল্প বাস্তবায়নের কাজের গতি বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
চলমান প্রকল্পগুলোর বাইরে সংশোধিত এডিপি কাঠামোর আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা নতুন আরো ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ সালের মধ্যে এসব প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত বিনিয়োগের একটি বড় অংশ বাংলাদেশ পুলিশের জন্য বরাদ্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার ও অবকাঠামোগত উন্নয়নের ওপর সরকারের বিশেষ গুরুত্ব এতে প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন: বেতাগীতে আ. লীগের সাংগঠনিক সম্পাদক সংগ্রাম আমিনুল ইসলাম গ্রেপ্তার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণ এবং ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরো ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাবগুলো পুনর্মূল্যায়ন করছে সরকার।
আধুনিকায়নের এই পরিকল্পনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধার আধুনিকায়নও এর অংশ।
সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি জোরদার করতে অবকাঠামোগত সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: ভোলার মহিষের দুধের ঐতিহ্যবাহী টক দই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সমৃদ্ধ
বিজিবির চলমান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়ন।
নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাহিনীটি ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং উন্নত ল্যাবরেটরি সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনাও করছে।
এছাড়া একটি ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের আরো অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৭২৪ মামলা
এদিকে সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ছাড়া ১৩টি উচ্চগতির বোট কেনার একটি পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
উন্নয়ন এজেন্ডার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো জরুরি সাড়াদান বা রেসপন্স সক্ষমতা বাড়ানো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনাসহ অতিরিক্ত অবকাঠামো তৈরির পরিকল্পনা করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ এবং সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রবাসী তরুণ নিহত, আহত একজন
পাশাপাশি খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
কারাগারের অবকাঠামো উন্নয়নও সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রস্তাবিত প্রকল্পগুলোর আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ করা হবে। ঐতিহাসিক পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরো ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। এর পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
এই কর্মসূচির বিশাল ব্যাপ্তি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।
আরও পড়ুন: গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব ও সহিংসতা দেখা গেল: সাদিক কায়েম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন