বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৩১ পি.এম
রংপুর, ২৬ নভেম্বর, ২০২৬ : রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল পরিকল্পিত চুরির উদ্দেশ্য। রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামি চুরির পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাদের হত্যা করে।
বৃহস্পতিবার বিকেলে আরপিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশিদ এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘বাড়ির ছাদে মাদক সেবনের সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলেছিলেন—এ কারণে হত্যাকাণ্ড ঘটেছে, বিষয়টি এমন নয়। বরং পরিকল্পিত চুরির অংশ হিসেবেই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে।’
এর আগে, এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা আরপিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের পরিদর্শক মো. জিন্নাত আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সংবাদ সম্মেলনে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা ও তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জিন্নাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী তদন্তের বিভিন্ন দিক তুলে ধরেন। পুলিশ কমিশনার জানান, দীর্ঘ তদন্তে গত ২১ আগস্ট ভোররাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা, ৩৮০ ধারায় চুরি এবং ৩৪ ধারায় একাধিক ব্যক্তির অভিন্ন উদ্দেশ্যে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, ৫৩ জন সাক্ষীর জবানবন্দি এবং ফরেনসিক পরীক্ষায় বিশ্লেষণ করা ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের রহস্য কোনো কাল্পনিক ঘটনা নয়, এটি একটি বাস্তব ঘটনা। আরপিএমপির গোয়েন্দা বিভাগ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে চুরির উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে। অভিযুক্তদের ধারণা ছিল, গণপতি চক্রবর্তীর অবসর গ্রহণের সময় পাওয়া ২০ লাখ টাকা এবং তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর প্রচুর স্বর্ণালঙ্কার বাড়িতে রাখা আছে।
পুলিশ জানায়, সিদ্ধার্থ দাসের পরিকল্পনা ছিল ওই টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পরিবারসহ ভারতে পালিয়ে যাওয়া। অন্যদিকে, মাছের দোকানে কর্মরত মুগ্ধ দাস চুরির অর্থ দিয়ে গবাদিপশুর খামার গড়ে তুলে নিজের জীবনযাত্রার মান উন্নত করতে চেয়েছিল।
চুরির উদ্দেশ্যে গত ২১ আগস্ট ভোররাতে তারা গণপতি চক্রবর্তীর বাড়িতে যায়। পরে ঘটনাটি হত্যাকাণ্ডে রূপ নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেদিন রাতে বাড়িতে বিদ্যুৎ না থাকায় কেউ বাড়ি থেকে বের হলে ভেতরে প্রবেশের অপেক্ষায় ছিল তারা। একপর্যায়ে বাড়ির ছাদে গণপতি চক্রবর্তীর নজরে পড়ে তারা। তখন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস একটি গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে সিঁড়িতে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীকে এবং বাড়ির ভেতরে ছেলে প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর তারা বাড়ির বিভিন্ন আলমারি ও ড্রয়ার তল্লাশি করে। তবে ২০ লাখ টাকা খুঁজে না পেলেও কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে। গ্রেফতারের পর এসব চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
তিনি বলেন, অপরাধস্থল থেকে সংগ্রহ করা আলামত ঢাকার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষায় দুই অভিযুক্তের ডিএনএ শনাক্ত করা গেছে। এতে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়ে পুলিশ আরও নিশ্চিত হয়েছে। তদন্তে হত্যাকাণ্ডের পেছনে চুরিই মূল উদ্দেশ্য বলে উঠে এসেছে।
দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জানান, মামলার বিচারিক কার্যক্রম এখনো শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তখন এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে, গত ২১ আগস্ট রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থি (২৫) এবং ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মকে (১২) নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার ওই তালাবদ্ধ বাড়ি থেকে পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করে।
পরে একই এলাকার প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : আগামী ২৮ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্স, যা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে অনুষ্ঠিত হবে।
‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানি’ এই প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের ১৬টি সহ-আয়োজক সংগঠনের সহযোগিতায় বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) সম্মেলনটির আয়োজন করছে।
সম্মেলনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রায় সাড়ে তিনশ অংশীজন উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারীদের মধ্যে নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বেসরকারি বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণরা অন্তর্ভুক্ত রয়েছেন।
এই তিন দিনের আয়োজনের মধ্যে উদ্বোধনী ও সমাপনী অধিবেশন ছাড়াও ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয়বস্তুতে জ্বালানি নীতির সমন্বয়, প্রাতিষ্ঠানিক সংস্কার, জ্বালানি রূপান্তরে দেশীয় অর্থায়ন, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, আঞ্চলিক জ্বালানি সহযোগিতা এবং শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া, জ্বালানি খাতে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা, জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা করা হবে।
বিডব্লিউজিইডির সদস্য সচিব হাসান মেহেদী বলেন, "২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া জাতীয় জ্বালানি সম্মেলন দেশের জ্বালানি নীতি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও প্রযুক্তি এবং জনগণের অংশগ্রহণ নিয়ে সংলাপের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করছে।"
আয়োজকেরা জানান, সম্মেলনে জ্বালানি নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা ও জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করে ২০৫০ সালের মধ্যে শূন্য নিঃসরণভিত্তিক ভবিষ্যতের দিকে বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হবে।
সম্মেলনের আলোচনা থেকে অংশগ্রহণকারী ও সহ-আয়োজকদের সম্মিলিত লক্ষ্য, অবস্থান ও দাবিগুলো তুলে ধরে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য জড়িতদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, হত্যাকারীদের কোনো রাজনৈতিক দল, ধর্মীয় পরিচয় কিংবা অন্য কোনো পরিচয়ে আড়াল করার সুযোগ নেই। অপরাধী যে-ই হোক, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে হত্যাকারী হিসেবেই চিহ্নিত করতে হবে।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল, স্মরণসভা এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দীর্ঘ দুই বছরেও এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা চিহ্নিত হয়ে কারাগারে রয়েছে। এখন দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কেবল একজন আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সম্মুখসারির একজন সাহসী কর্মী ছিলেন। গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং ২৪ জুলাই গণ-অভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অবদান ও আত্মত্যাগকে কোনোভাবেই বিস্মৃত হওয়ার সুযোগ নেই।
হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে চসিক প্রশাসক বলেন, একটি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা ন্যায়বিচার প্রত্যাশী মানুষের জন্য হতাশাজনক। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আইনজীবী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ইতোমধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি সুবিধাভোগীদেরও এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরে দেশের সব মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
ধর্ম প্রতিমন্ত্রী সরকারের ৩১ দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, “যে যে ধর্মেরই হোক না কেন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ তাদের সম্মানিত করলে জাতি সঠিক পথ পাবে। এই বিশ্বাস থেকেই সরকার কাজ করছে।” তিনি আরও জানান, যাদের তথ্য এখনও অন্তর্ভুক্ত হয়নি, তারাও জুলাই মাস থেকে বকেয়াসহ সম্মানী পাবেন।
ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের স্বাবলম্বী করা, কৃষক কার্ড, উন্নত স্বাস্থ্যনীতি, আনন্দমুখর শিক্ষাব্যবস্থা, ২৫ কোটি বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হলেই হবে না, মানুষকে হক ও বাতিলের পার্থক্যও বোঝাতে হবে। ধর্মীয় পথপ্রদর্শকেরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”
মাদরাসা শিক্ষাবোর্ডের সমন্বয় ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “কওমি মাদরাসার জন্য আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ”-এর আদলে মাদরাসা শিক্ষাবোর্ডগুলোর সমন্বয় ও স্বীকৃতির বিষয়টি আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে তা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ ড. আওয়াদ বিন সাবতী আল-আনাযী, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহহাব সাঈদানী এবং অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের আমির শাইখ আসগর আলী আলাফী মাদানীসহ অন্যান্য অতিথিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী ড. সাইমুম পারভেজ মন্তব্য করেছেন যে, ভিন্ন জাতিসত্তা ও সংস্কৃতির মানুষও বাংলাদেশি এবং নাগরিক মর্যাদাই জাতীয়তাবাদের ভিত্তি।
তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ‘বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহার ২০২৬ : প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় এই মন্তব্য করেন।
এই কর্মশালার উদ্দেশ্য ছিল বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম ও কর্মপরিকল্পনা সম্পর্কে নেতাকর্মীদের অবহিত করা।
সাইমুম পারভেজ বলেন, ভিন্ন ভাষা ও জাতিসত্তার মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি ও পরিচয় নিয়ে বাংলাদেশি। তিনি উল্লেখ করেন, নাগরিক হিসেবে সবার সমান মর্যাদা স্বীকার করে নেওয়ার মধ্যেই বাংলাদেশি জাতীয়তাবাদের অন্তর্ভুক্তিমূলক চরিত্র প্রকাশ পায়।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি হলো নাগরিক জাতীয়তাবাদ। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষা ও সংস্কৃতিতে পার্থক্য থাকলেও তারা একই জাতীয় পরিচয়ের অংশ। সাইমুম মন্তব্য করেন, ‘সবার আগে বাংলাদেশ’ কথাটির সঙ্গে ভিন্ন মত ও পরিচয়ের মানুষকে একসঙ্গে নিয়ে চলার এই ধারণার সম্পর্ক রয়েছে।
সরকারের প্রথম ১৮০ দিনের কাজের প্রস্তুতি প্রসঙ্গে ড. সাইমুম পারভেজ জানান, নির্বাচনের ছয়-সাত মাস আগে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা ও বৃক্ষরোপণ নিয়ে কাজ শুরু করেছিল বিএনপি। তাদের লক্ষ্য ছিল, নির্বাচনে জয়ী হলে প্রথম দিন থেকেই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কর্মসূচি চালু করা।
তার ভাষ্য অনুযায়ী, বিশেষজ্ঞদের সঙ্গে চার-পাঁচ ঘণ্টার বৈঠকে আলোচনা হতো কৃষক কার্ডে কী সুবিধা থাকবে, কতজন তা পাবেন এবং ফ্যামিলি কার্ডের অর্থ কোথা থেকে আসবে। পরিবেশ নিয়ে তিনি যে দলে কাজ করেছেন, সেই দলটি প্রায় ১০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছিল।
তিনি পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার উদাহরণ দিয়ে বলেন, কোথায় গাছ লাগানো যাবে, তা চিহ্নিত করতে তার দল স্যাটেলাইটের ছবি ব্যবহার করেছে। এরপর খতিয়ে দেখা হয়েছে কোন স্থানে কোন প্রজাতির গাছ টিকবে। উপকূলে নতুন জেগে ওঠা চরের মাটি ধরে রাখতে প্রস্তাবিত ২৫ কোটি গাছের মধ্যে আনুমানিক ১৪ থেকে ১৮ কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা রয়েছে।
এছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনায় খালকে ঘিরে গড়ে ওঠা বাস্তুতন্ত্র ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে কার্যকর বিমাব্যবস্থা চালুর সম্ভাবনা ও সর্বজনীন স্বাস্থ্য কার্ডের প্রস্তাব নিয়েও কথা বলেন ড. সাইমুম পারভেজ। শিক্ষায় আনন্দের গুরুত্ব বোঝাতে তিনি নিজের মেয়ের একটি প্রশ্নের কথা স্মরণ করেন।
ছোটবেলায় স্কুলে কী আনন্দ করতেন, মেয়ের এমন প্রশ্নে তিনি সহপাঠীদের কথা বলেছিলেন। কিন্তু শিক্ষকদের সঙ্গে আনন্দের কোনো স্মৃতি আছে কি না, মেয়ে জানতে চাইলে তিনি অনেক ভেবেও একটি ঘটনার কথা মনে করতে পারেননি।
তার মতে, শিক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে শ্রেণিকক্ষে শিশুর শেখার আগ্রহ ও আনন্দ তৈরি করার দিকে নজর দিতে হবে।
ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি ড. সাইমুম পারভেজ আহ্বান জানান, কর্মশালার বুকলেটে দেওয়া তথ্য আত্মস্থ করে প্রতিটি কর্মসূচির উদ্দেশ্য নিজের ভাষায় ব্যাখ্যা করা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রামে ফিরলে নানা বয়সের মানুষ তাদের কথা শুনতে চান। সেই আলাপে মানুষের প্রশ্নের উত্তর দেওয়া, একটি উদ্যোগে কার কি উপকার হবে তা বুঝিয়ে বলা এবং মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই শিক্ষার্থীরা জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চায় নেতৃত্ব দিতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ