রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৩৮ পি.এম
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র অধিবেশনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও রূপরেখা তুলে ধরবেন—নতুন বাংলাদেশ কেমন হবে, সে বিষয়টি তিনি বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করবেন।’
তিনি জানান, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকসহ তার ব্যস্ত কর্মসূচি রয়েছে।
হুমায়ুন কবির আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং কীভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হয়েছে, তা তুলে ধরবেন।
প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা ও ভাবনা বিশ্বনেতাদের সঙ্গে শেয়ার করবেন এবং বৈশ্বিক শান্তি, টেকসই সমাধান ও বিভিন্ন সংকটের সমাধানে বাংলাদেশ কীভাবে একটি প্রভাবশালী ও ইতিবাচক ভূমিকা রাখতে চায়, তার রূপরেখাও তুলে ধরবেন বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে দারিদ্র্য বিমোচন, অর্থনীতিতে নতুন আশার সঞ্চার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্ব—বিশেষ করে জলবায়ু অর্থায়নের বিষয়ে বাংলাদেশের ভূমিকা গুরুত্ব পাবে।
হুমায়ুন কবির উল্লেখ করেন, সফরকালে রোহিঙ্গা সংকটও বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে থাকবে। এ বিষয়ে বাংলাদেশ একটি উচ্চপর্যায়ের আলোচনা ও একটি সাইড ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে।
তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা ইস্যুতে একটি সাইড ইভেন্ট আয়োজন করব।’ দীর্ঘস্থায়ী এ সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে বাংলাদেশ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকসহ সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক প্রায়ই শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়া।’
হুমায়ুন কবির জানান, এ সমাবেশে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা করবে। চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া বৈঠকগুলোর বিস্তারিত যথাসময়ে জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন যে, বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারের চেষ্টা করছে। তিনি সরকারের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন যে, পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনা হবে।
আজ রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছি বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারের জন্য। সম্পদ চিহ্নিত ও উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাজ্যের সাথে একটি অংশীদারিত্ব স্থাপন করেছে। পাশাপাশি, এই পুনরুদ্ধার প্রক্রিয়া সহজতর করার জন্য আইনি ও ফরেনসিক দক্ষতা সম্পন্ন অন্যান্য দেশের সাথে সরকার যোগাযোগ রক্ষা করছে।’
তিনি আরও বলেন, যেসব দেশের আইনি ও ফরেনসিক দক্ষতা রয়েছে, তাদের সাথে আলোচনা চলছে। পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি এবং কূটনৈতিক উভয় পথ ব্যবহার করবে।
পাচারকৃত অর্থকে জনগণের সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের এই চুরি হওয়া টাকা ও সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগ এবং তা পুনরুদ্ধারে সরকারের আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬ : উন্মুক্ত প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মোহতাসিন আহমেদ হৃদয় এবং নারীদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাদিয়া রহমান মৌ।
পুরুষ বিভাগের রানারআপ হিসেবে জাভেদ স্থান পেয়েছেন এবং মেয়েদের বিভাগে রানারআপ হয়েছেন রেশমী তঞ্চঙ্গা। অনূর্ধ্ব-১৯ বালক এককে আবুল হাসেন হাসিব চ্যাম্পিয়ন হন, যেখানে নাফিজ ইকবাল রানারআপ হিসেবে নির্বাচিত হন। বালিকা বিভাগে খই খই সাই মারমা চ্যাম্পিয়ন হন এবং রেশমী তঞ্চঙ্গা রানারআপ হন।
অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মৃদুল রহমান চ্যাম্পিয়ন হন, শাহীন আহম্মেদ রানারআপ হন। অনূর্ধ্ব-১৫ বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা চ্যাম্পিয়ন হন এবং রাফিয়া চৌধুরী রানারআপ হন।
আজ রোববার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, এমপি। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সহসভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারন সম্পাদক সাইদুল হক সাদি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরাধীন বিভিন্ন প্রতিষ্ঠান, পরিবার ও ব্যক্তির মাঝে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক বরাদ্দকৃত এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। উপজেলার সুবিধাভোগী ১৩টি এতিম খানার মোহতামিম ও ৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতির হাতে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫টি পরিবার প্রধান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩ শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি নিজ হাতে বরাদ্দকৃত অনুদানের চেক ও নগদ অর্থ তুলেদেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমানসহ সুবিধাভোগী এতিম খানার মোহতামিমগন, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ