০৯:৩২ পি.এম
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, দলের এক অংশের অপপ্রচার ও বিষোদগারের জবাবে পদত্যাগের সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি দলীয় শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় স্বার্থান্বেষী মহলের অব্যাহত ষড়যন্ত্রের নিরপেক্ষ বিচার দাবিতে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ‘কর্মী মূল্যায়ন সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৃণমূলের একাংশের সমালোচনা করে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব আজ এখানে উপস্থিত আছেন। যদি তারা তৃণমূলের নেতা না হয়ে থাকেন, তাহলে কি গুটিকয়েক ব্যক্তিই তৃণমূল? যদি আমাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী মনে করেন আমি অযোগ্য এবং পদত্যাগের নির্দেশ দেন, তবে এক মুহূর্ত দেরি না করে আমি পদত্যাগ করব।
আরও পড়ুন: কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু, মঙ্গল শোভাযাত্র অনুষ্ঠিত
নিজের বিরুদ্ধে চলা চক্রান্তের বিষয়ে তিনি আরও বলেন, মনোনয়নের সময় থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তারা শুধু আমার ব্যক্তিগত ক্ষতি করছে না, বরং শহীদ জিয়ার পরিবারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক চক্রান্তের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।
কর্মী মূল্যায়ন সভায় স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগে মনোনয়ন বঞ্চিত একটি পক্ষ দলের মধ্যে অন্তর্কোন্দল সৃষ্টি করেছে। সেই অসহযোগিতা উপেক্ষা করেও বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর, দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে ঈর্ষান্বিত হয়ে পরাজিত চক্রটি বিভিন্ন কুৎসা রটাতে ব্যস্ত। বক্তারা অবিলম্বে এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে সভার শুরুতে এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ, কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন