শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৭ পি.এম
সাতক্ষীরা, ২৭ নভেম্বর ২০২৬ : সদর উপজেলার সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ইমরান হোসেন (৩৭) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইমরান হোসেন সাতক্ষীরা শহরের চৌধুরীপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত পিলার-৩ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাথরের মাঠ নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সেখান থেকে ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ইমরান হোসেন নামের একজনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য একলাখ ৫১ হাজার পাঁচশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি উল্লেখ করেন যে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ২৭ নভেম্বর, ২০২৬ : প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষার উদ্দেশ্যে সাতক্ষীরার আশাশুনিতে আজ বিনামূল্যে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড প্রজেক্ট’র উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার সকাল ১০টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গোয়ালকাঠি ও মাদারবাড়িয়া গ্রামে ১ হাজার ৭১৭টি পশু-পাখিকে এই টিকা প্রদান করা হয়। এর মধ্যে ২৭০টি ছাগল, ৪৭টি ভেড়া, ১শ’টি গরু, ৫৫০টি হাঁস এবং ৭৫০টি মুরগি অন্তর্ভুক্ত রয়েছে।
টিকাদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড প্রজেক্ট-এর প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, প্রকল্পের প্রতিনিধি আসাদুল হাসান ও মো. হেদায়েতুল্লাহ খান।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার খামারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডা. আব্দুস সালাম বলেন, "গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা দেয়া হলে পশু-পাখির রোগব্যাধি ও মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি থেকেও সুরক্ষা দেয়া সম্ভব।"
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদ অনেক পরিবারের জীবিকা ও আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য গবাদিপশু ও হাঁস-মুরগি পালন পারিবারিক আয় বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে বিভিন্ন সংক্রামক রোগ ও প্রতিকূল পরিবেশের কারণে এসব প্রাণিসম্পদ প্রায়ই ঝুঁকির মুখে পড়ে।
এরই বাস্তবতায় বিনামূল্যে টিকাদান কর্মসূচি স্থানীয় খামারি ও প্রান্তিক পরিবারের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে পশু-পাখির রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে প্রাণিসম্পদ পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতির ঝুঁকি কমাতে এবং তাদের জীবিকা সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।
ফ্রেন্ডশিপের এএসডি-এর প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান বাসস’কে বলেন, "ফ্রেন্ডশিপ উপকূলীয় এলাকার প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জীবিকার সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সহায়তার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।"
এরই ধারাবাহিকতায় এ টিকাদান কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের প্রাণিসম্পদ সুরক্ষা, পশু-পাখির রোগ প্রতিরোধ এবং খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতির ঝুঁকি কমানোর পাশাপাশি পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ উদ্যোগ উপকূলীয় জনগণের টেকসই জীবিকা উন্নয়নে সহায়ক হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার চৌডালা ও রহনপুর ইউনিয়নের মচকইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতদের মধ্যে একজন হলেন— চৌডালা ইউনিয়নের সোনারপাড়া এলাকার বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা পরিষদ সদস্য হাবিবুর রহমান মিঠু (৫২)। অপরজন হলেন রহনপুর ইউনিয়নের মচকইল গ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মাহবুব হাসান বাবু।
মাহবুব হাসান বাবু, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা হাসান রশিদুজ্জামানের চাচাতো ভাই।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাসান রশিদুজ্জামানের কর্মী ও সমর্থকরা। ঘটনার পর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং রাতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শুক্রবার আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তোফাজ্জেল হোসাইন।
শুক্রবার (২৭ নভেম্বর) তিনি এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আজ থেকেই তার পদত্যাগ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করেছেন।
পদত্যাগের বিবৃতিতে তোফাজ্জেল হোসাইন উল্লেখ করেন যে, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এনসিপি যাত্রা শুরু করে। সংগঠনের লক্ষ্য ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার কার্যক্রমের সূচনালগ্ন থেকেই সক্রিয়ভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন।
পদত্যাগের কারণ হিসেবে তোফাজ্জেল হোসাইন জানান, একটি দুর্ঘটনার পর শারীরিক ও ব্যক্তিগত বাস্তবতা এবং বর্তমান কর্মব্যস্ততার কারণে সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিবৃতির শেষাংশে তিনি সংগঠনের সঙ্গে পথচলায় সহযোগিতা ও ভালোবাসা প্রদানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি পদ-পদবি কিংবা সাংগঠনিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ, মানুষের কল্যাণ ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক কর্মী। তিনি ফেসবুক লাইভে বলেন- ‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’
বুধবার (২৫ নভেম্বর) তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোহন আলোচিত ছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে মোহনকে বলতে শোনা যায়- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় দলের কিছু নেতাকর্মী তাকে ব্যবহার করেছেন এবং নিজেদের প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলায় জড়িয়েছেন। এখন দলের কঠিন সময়ে ওই নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশে থাকা কর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন।
ভিডিওতে তিনি আরও বলেন, দল ক্ষমতায় থাকার সময় যারা পদ-পদবি ও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাদের কারণে তাকে এখনো দলীয় মামলার বোঝা বহন করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের মামলার পাশাপাশি দলীয় মামলার চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় বিদেশে অবস্থানরত সাবেক নেতাকর্মীদের উদ্দেশে আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করেন মোহন।
ডিসেম্বর মাসের প্রসঙ্গ টেনে তাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দল ক্ষমতায় থাকতে তোরা আমাকে মামলায় ঢুকিয়েছিলি। এখন বিদেশে পালিয়ে গেলি কেন? ডিসেম্বরের অল্প কয়দিন আছে, তোরা আসছিস না কেন? তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না। তোরা পদ-পদবি নিয়ে সবকিছুতে ছিলি। তোদের দেওয়া দলীয় মামলা এখনো চালাতে হচ্ছে। এখন দলের কঠিন সময়ে জামায়াত-বিএনপির মামলা চালাব, নাকি দলীয় মামলা চালাব? এখন বিদেশে বসে লিয়াজোঁর কথা বলছিস। তোরা দুই নাম্বার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ