০৪:০৪ পি.এম
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ব্রাজিলের হেক্সা মিশন শুরু হওয়ার আগেই বাংলাদেশজুড়ে সেই পরিচিত সবুজ-হলুদ উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আর সেই উন্মাদনাই এবার খোদ ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমের নজর কেড়েছে।
ব্রাজিলের শীর্ষ গণমাধ্যম গ্রুপো গ্লোবোর ক্রীড়া প্ল্যাটফর্ম জিই. গ্লোবা বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে দেখা গেছে, কীভাবে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের বিভিন্ন শহর, গ্রাম, অলিগলি এবং ছাদে উড়ছে ব্রাজিলের পতাকা। দেখা যাচ্ছে, প্রিয় তারকাদের দেয়ালচিত্র আঁকা হচ্ছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে সমর্থকদের বিভিন্ন আয়োজনের ভিডিও।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর কাছে সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, দক্ষিণ এশিয়ার এই দেশে ফুটবলের নিজস্ব সাফল্য সীমিত থাকতে পারে, তবে ফুটবল নিয়ে মানুষের আবেগের কোনো ঘাটতি নেই। প্রায় ১৭ কোটি মানুষ কতগুলো মানুষ বাস করে এই দেশে, বিশ্বকাপ এলেই ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যা লাতিন আমেরিকার অন্যান্য দেশের কাছেও ব্যতিক্রমী।
আরও পড়ুন: মাদরাসা বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র একীভূত করার পরিকল্পনা সরকারের
প্রতিবেদনগুলোতে বাংলাদেশের ব্রাজিলপ্রেমের ইতিহাসও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ষাটের দশকে কিংবদন্তি পেলে ও গারিঞ্চাদের জাদুকরী ফুটবল বাংলাদেশের মানুষের মধ্যে ব্রাজিলের প্রতি ভালোবাসার সূচনা করে। পরে আশির দশকে জিকো ও সোক্রাতেসদের প্রজন্ম এই ভালোবাসাকে আরও গভীর করে।
বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে সম্প্রতি ‘ঢাকা ভাইব্রা: বাংলাদেশে ফুটবল অভিযাত্রা’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। প্রামাণ্যচিত্রটির পরিচালক রাফায়েল বারগামাস্কি বাংলাদেশে এসে পাওয়া অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, তিনি একজন ব্রাজিলিয়ান হিসেবে ঢাকায় এসে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তার ভাষায়, বাংলাদেশিরা শুধু ব্রাজিলের ফুটবলই নয়, বরং দেশটির ফুটবল সংস্কৃতি ও ঐতিহ্যকেও নিজেদের করে নিয়েছে।
ব্রাজিলিয়ান গণমাধ্যমে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আঁকা নেইমার, রোনালদো নাজারিও এবং পেলের বিশাল দেয়ালচিত্রের কথাও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সমর্থকদের মিছিল, শোভাযাত্রা ও পতাকা উৎসবের ছবিও প্রকাশ করা হয়েছে।
তবে উন্মাদনার পাশাপাশি কিছু উদ্বেগজনক ঘটনাও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের নজর এড়ায়নি। সম্প্রতি হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে একটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েক ডজন মানুষ আহত হওয়ার ঘটনাও তাদের প্রতিবেদনে স্থান পেয়ে গেছে।
আরও পড়ুন: মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ, গ্রেফতারের দাবি
তবে বিচ্ছিন্ন এসব ঘটনার চেয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নিঃশর্ত ভালোবাসা বেশি মুগ্ধ করেছে ব্রাজিলিয়ানদের। মরক্কোর বিপক্ষে যখন ব্রাজিল বিশ্বকাপ অভিযানে নামবে, তখন হাজার মাইল দূরের বাংলাদেশ থেকেও কোটি কোটি কণ্ঠে ভেসে আসবে সেলেসাওদের জন্য সমর্থনের ধ্বনি। এ কথা এখন ঠিকভাবেই জানে ফুটবলের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন