বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৩ এম
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি আভিযানিক দল তাকে তার নিজ এলাকা থেকে আটক করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মুজিবুল হক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌর শহরের চিরিঙ্গায় জুলাই যোদ্ধাদের ওপর হামলা, মানুষের জায়গা দখল, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকায় সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার বেশ কয়েকজন অফিসার জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বায়তুশ শরফ সড়ক থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান নিশ্চিত করেছেন যে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুল হককে আটক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রবেশমূল্য এক লাফে ২০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে, তবে পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়নি, এবং অবকাঠামোগত উন্নয়নও হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পার্কের বিভিন্ন স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে। পর্যাপ্ত সুপেয় পানি এবং পরিচ্ছন্ন শৌচাগারের তীব্র সংকট রয়েছে। প্রতিবছর সরকার প্রায় কোটি টাকার রাজস্ব আয় করলেও অব্যবস্থাপনা এবং সুযোগ-সুবিধার অভাবে শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক থেকে দর্শনার্থীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা এবং ভ্রমণপিপাসুরা দ্রুত পার্কের আধুনিকায়ন ও পর্যটকবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ভারতের মেঘালয়ের পাহাড়ঘেঁষা নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়ায় মধুটিলা ইকোপার্ক অবস্থিত। ১৯৯৯ সালে বন বিভাগের উদ্যোগে প্রায় ৩৮০ একর বনভূমি নিয়ে পার্কের যাত্রা শুরু হয়। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় ২০০৪ সালে পার্কটির প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন হয়। পরবর্তী সময়ে তৎকালীন হুইপ ও স্থানীয় সংসদ সদস্য জাহেদ আলী চৌধুরীর উদ্যোগে এখানে নির্মিত হয় আরো বিভিন্ন স্থাপনা।
একসময় পার্কটি সীমানাপ্রাচীর, রেস্ট হাউস, ওয়াচ টাওয়ার, স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা, লেক, পিকনিক স্পট, শিশুপার্ক, পাহাড়ে ওঠার সিঁড়ি, আঁকাবাঁকা পাহাড়ি পথে চলাচলের ওয়াকওয়ে, শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা ও নিরাপত্তাকর্মীদের ব্যারাকসহ নানা স্থাপনা ও ভাস্কর্যে সমৃদ্ধ ছিল। এসব আকর্ষণে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসতেন।
২০০৪ সালের পর থেকে পার্কের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে আর কোনো উল্লেখযোগ্য উদ্যোগ চোখে পড়েনি। পরবর্তী সময়ে ঝুলন্ত সেতু ও ক্যাবল কার নির্মাণসহ নানা পরিকল্পনার কথা শোনা গেলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে একসময়ের আকর্ষণীয় শিশুপার্ক ও মিনি চিড়িয়াখানা পুরোপুরি বিলীন হয়ে গেছে। বিভিন্ন স্থাপনার পলেস্তারা খসে ভেঙে পড়ছে, উঠে গেছে রং। অনেক স্থাপনা এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। পাশাপাশি পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাবে দর্শনার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
এদিকে গত বছর পার্কের প্রবেশমূল্য ২০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে। এক লাফে ফি পাঁচগুণ বাড়ানো হলেও সেই অনুপাতে সেবার মান বৃদ্ধি পায়নি। ফলে বাড়তি টাকা খরচ করেও প্রত্যাশিত পরিবেশ ও বিনোদনের ব্যবস্থা না পেয়ে পর্যটকেরা হতাশ হচ্ছেন। অনেকেই পার্কের বেহাল দশা দেখে ফটক থেকেই ফিরে যাচ্ছেন।
দর্শনার্থীদের অভিযোগ, প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি পরিবেশের কারণে মধুটিলা ইকোপার্কের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো, পরিচ্ছন্নতা ও বিনোদন সুবিধার অভাবে পার্কটি দিন দিন আকর্ষণ হারাচ্ছে। প্রবেশমূল্য বাড়ানোর আগে দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত ছিল বলে মনে করেন তারা।
পার্কটির বেহাল অবস্থার কথা স্বীকার করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন, পার্কটির বিভিন্ন স্থাপনা সংস্কার ও উন্নয়নের জরুরি প্রয়োজন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর মধুটিলা ইকোপার্ক পরিদর্শন ও এক মতবিনিময় সভায় পার্কের আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রীলঙ্কার প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি সাফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। বুধবার তিনি জানান, আরবদের প্রতি সাফ সবসময় বর্ণবাদী আচরণ করে। ঢাকায় বাংলাদেশের কাছে ৪–০ গোলে হেরে শ্রীলঙ্কা সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে। ওই ম্যাচের পর তিনি এসব মন্তব্য করেন।
মুতাইরির ক্ষোভের কারণ হলো একটি শৃঙ্খলা-সংক্রান্ত ই-মেইল, যা তিনি মঙ্গলবার মাঝরাতে পেয়েছেন। রোববার ভুটানের সঙ্গে ২–২ গোলে ড্র করার পর তিনি কিছু মন্তব্য করেছিলেন। রেফারিংয়ের সমালোচনা করে তিনি গ্রুপ পর্বে ভিএআর চাওয়ার কথা বলেছিলেন। ন্যায্য খেলার কথাও তিনি উল্লেখ করেন। ই-মেইলে সেই মন্তব্যের উল্লেখ রয়েছে।
বাংলাদেশের কাছে পুরো ম্যাচেই কোণঠাসা ছিল শ্রীলঙ্কা। তবে হার নিয়ে কথা বলার মেজাজে ছিলেন না মুতাইরি। তিনি কেবল বলেন, ‘আজ আমাদের দিন ছিল না। বাংলাদেশকে অভিনন্দন।’
এরপর সংবাদ সম্মেলনে তিনি সেই ই-মেইলটি দেখান এবং জোরে জোরে পড়ে শোনান। তিনি জানান, পরে সব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবেন।
তার ভাষ্যমতে, ই-মেইলে নির্দিষ্ট কিছু রেফারিং সিদ্ধান্তের সমালোচনা রয়েছে। ভিএআর চাওয়ার কথাও উল্লেখ আছে। তিনি প্রশ্ন তোলেন, ‘আমি যদি কোনো গালিগালাজ না করে থাকি, তাহলে মাঝরাতে ই-মেইল পাঠালেন কেন?’ পরদিনই শ্রীলঙ্কার ম্যাচ ছিল, তাই ই-মেইলের সময় নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
মুতাইরি বলেন, ই-মেইলটি সাফের আইন বিভাগ থেকে এসেছে। জবাব দিতে ১০ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল। তিনি প্রশ্ন করেন, ‘মাঝরাতে কেন পাঠালেন? সকাল ৯টা পর্যন্ত কি অপেক্ষা করা যেত না?’
তার দাবি, ই-মেইলে ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার ডলার জরিমানার প্রস্তাব ছিল। তিনি ১৪ দফার জবাব পাঠিয়েছেন বলে জানান।
মুতাইরি জানান, তিনি আর কখনো সাফ অঞ্চলে ফিরবেন না। সাংবাদিকদের তিনি বলেন, ‘সাফ অঞ্চলে এটাই আমার শেষবার আসা।’ তার অভিযোগ, সাফ ‘আরবদের পছন্দ করে না’।
রোববার তিনি প্রশ্ন তুলেছিলেন, টুর্নামেন্ট কি বাণিজ্যিক স্বার্থে পরিচালিত হচ্ছে। তখন তিনি বলেছিলেন, ‘বাণিজ্যিক লাভের জন্য আপনারা যদি ভারত আর বাংলাদেশকে ফাইনালে চান, তাহলে ওই দুই দলকেই খেলিয়ে নিন।’
বুধবার তিনি ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন। সেবার ভারতের কোচের বিরুদ্ধে সাফ যে ব্যবস্থা নিয়েছিল, তার সঙ্গে নিজের সঙ্গে হওয়া আচরণের তুলনা করেন।
২০২৩ সালের আসরে ভারতের কোচ ইগর স্টিমাচ থ্রো-ইন থামাতে পাকিস্তানি ডিফেন্ডার আবদুল্লাহ ইকবালকে শারীরিকভাবে বাধা দিয়েছিলেন। এতে টাচলাইনে বড় ধরনের হাতাহাতি বাধে। টুর্নামেন্টের শেষ দিকে কুয়েতের বিপক্ষে ম্যাচে রেফারিদের গালিগালাজ করায় তিনি লাল কার্ড দেখেন। পরে তাকে ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়।
মুতাইরি স্টিমাচের সেই সামান্য জরিমানার কথা তুলেছেন। নিজের সঙ্গে হওয়া আচরণের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘সে ইউরোপীয়, সে ভারতের কোচ। তাকে কে থামাবে?’ তার প্রশ্ন, কোনো ইউরোপীয়, মার্কিন বা রুশ কোচের সঙ্গে সাফ কি একই আচরণ করত?
২০২১ সালের ফাইনালের কথাও তিনি উল্লেখ করেন। তখন তিনি নেপালের কোচ ছিলেন। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় তাকে টাচলাইনের বাইরে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘দুটি হলুদ কার্ড পাওয়া কর্মকর্তাকে নিষিদ্ধ করার মতো একটি ধারা যদি আপনারা ওই বিধিমালায় দেখাতে পারেন, আমি ফুটবল কোচিং ছেড়ে দেব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি শহরের কামারপট্টি মোড় থেকে মিনি পার্ক পর্যন্ত চারটি স্কুল ও একটি কলেজকে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ফুচকার দোকান। প্রতিদিন এখানে শত শত শিক্ষার্থী ও দর্শনার্থী ফুচকা খেয়ে থাকেন।
তবে অনুসন্ধানে উঠে এসেছে, অধিক মুনাফার আশায় অসাধু বিক্রেতারা তেঁতুলের পরিবর্তে ফুচকার টক তৈরিতে ব্যবহার করছেন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড, যা স্থানীয়ভাবে ‘টক লবণ’ নামে পরিচিত।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের কালীবাড়ি রোডের সুরেন বণিকের দোকানসহ বেশ কয়েকটি বানিয়ার দোকানে খোলা অবস্থায় এ টক লবণ বিক্রি হচ্ছে।
ফুচকা বিক্রেতারা জানিয়েছেন, এক কেজি তেঁতুল দিয়ে মাত্র চার লিটার টক তৈরি করা যায়। কিন্তু ওই এক কেজি তেঁতুলের সঙ্গে মাত্র ২০ টাকার টক লবণ মেশালে প্রায় ১২ লিটার টক পানি তৈরি হয়। অনেক বিক্রেতা তেঁতুল ছাড়াই শুধু টক লবণ ও কালো রঙ মিশিয়ে টক তৈরি করছেন।
ঝালকাঠি সদর চৌমাথার এক খুচরা বিক্রেতা জানান, প্রতি ১০০ গ্রাম টক লবণ ৪০ টাকায় বিক্রি করা হয়, যার মূল ক্রেতা ফুচকা বিক্রেতারা। ঢাকা থেকে বস্তায় করে আনা এসব খোলা টক লবণ ফুড গ্রেড নাকি কলকারখানার কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের, সে বিষয়ে বিক্রেতাদের কোনো ধারণা নেই।
সরেজমিনে দেখা যায়, স্কুল-কলেজ চলাকালীন এবং ছুটির পর শিক্ষার্থীরা রাস্তার পাশের এসব দোকানে লাইন ধরে ফুচকা খাচ্ছে। প্রতিদিন এ রাসায়নিক মিশ্রিত টক খাওয়ায় শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
এ বিষয়ে ঝালকাঠি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার বলেন, ‘খাবারে ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড মেশানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং ফুড গ্রেডের সাইট্রিক এসিডও অতিমাত্রায় ব্যবহার করা যায় না। খোলা বাজারে এত কম দামে যা বিক্রি হচ্ছে, তা নিঃসন্দেহে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের। এছাড়া তেঁতুলের কথা বলে টক লবণ খাওয়ানো এক ধরনের প্রতারণা।’
চিকিৎসকদের মতে, অতিমাত্রায় সাইট্রিক এসিড গ্রহণে দাঁতের মারাত্মক ক্ষয়, পাকস্থলীর তীব্র জ্বালাপোড়া ও আলসার, মুখের ভেতরের চামড়া ছিলে যাওয়া এবং কিডনি ও হাড়ের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।
ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, ‘দুই মাস আগেও সরকারি মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। ফুচকার টকে পুনরায় টক লবণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে, দ্রুতই আবারও অভিযান পরিচালনা করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ ক্রিকেটের মাঠে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ৪র্থ দিনের খেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি অ–১৯ এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে।
ক্রিকেট
রাওয়ালপিন্ডি টেস্ট: ৪র্থ দিন
পাকিস্তান–শ্রীলঙ্কা
সরাসরি, সকাল ১০–৩০ মি.,
টি-স্পোর্টস
অ–১৯ এশিয়া কাপ ক্রিকেট
বাংলাদেশ–পাকিস্তান
সরাসরি, বেলা ১১টা,
সনি টেন ১ ও ৩
ফুটবল
উয়েফা নেশনস লিগ
তুরস্ক–বেলজিয়াম
আর্মেনিয়া–সাইপ্রাস
সরাসরি, রাত ১১টা,
ইতালি–ফ্রান্স
সরাসরি, রাত ১–৪৫ মি.,
সনি টেন ২
ইংল্যান্ড–ক্রোয়েশিয়া
সরাসরি, রাত ১–৪৫ মি.,
সনি টেন ১
চেক প্রজাতন্ত্র–স্পেন
সরাসরি, রাত ১–৪৫ মি.,
সনি টেন ৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ