বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০১:৫৬ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বাংলাদেশ ও পাকিস্তানের শিবিরকে একটি ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এই চ্যালেঞ্জটি প্রকাশ করেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
‘গোটা বাংলাদেশের শিবিরের (সঙ্গে পাকিস্তান শিবিরকেও নিয়েন) প্রতি চ্যালেঞ্জ-০১।
আমি টাকার বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ দিয়েছি প্রমাণ দেন- যেহেতু মিথ্যা অপপ্রচার করেন আপনারা আপনাদের প্যাডে মানুষকে নিয়ে এটা মুনাফেকির চরম পর্যায়।
সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করেন। ০১টা পদ বাণিজ্যের প্রমাণ দেখান।
২৪ ঘণ্টা সময়...
(নিজেদের গোয়েন্দা বাহিনী, সরকারি গোয়েন্দা সংস্থাসহ যত জায়গা থেকে তথ্য নেওয়া যায় নেন, সামনে আরও চ্যালেঞ্জ আসছে)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
আজ বৃহস্পতিবার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থাগ্রহণ করে। এটি আবারও প্রমাণিত হলো।"
তবে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতের পক্ষ থেকে পদত্যাগে বাধ্য না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, "যদি জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকেও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পদত্যাগ করতে বাধ্য করতেন, তাহলে হয়তো ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা অপচেষ্টা করবে এবং যারা নিজের স্বার্থের জন্য দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হবে, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে। সুতরাং দেশ ও জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটি বাস্তবায়নে সহযোগিতা করুন।"
রাশেদ খান মন্তব্য করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ও ভালো কাজ কোনো ব্যক্তির অপরাধে মলিন হওয়ার সুযোগ নেই, তিনি সুযোগ দেবেন না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দলীয় নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিষ্টি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের নির্দেশ পাওয়ার পর পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। মাত্র ৫ মাস আগে শপথ নেওয়ার পর সংসদ ভবন ছাড়তে হচ্ছে এই বিএনপি নেত্রীর। গত ৩ মে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে বিএনপি কোটায় শপথ গ্রহণ করেছিলেন মিষ্টি।
মিষ্টির পদত্যাগের নির্দেশ আসার পর রাজনৈতিক মহলে এর কারণ নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে পদত্যাগের নির্দেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এমপি পদ থেকে পদত্যাগের বিষয়ে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও মিষ্টিকে পাওয়া যায়নি।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, "তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।" তার এই ঘোষণার পর বিএনপি বেশ কিছু কড়া সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে।
বিএনপির সাংগঠনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে রাড্ডার ঘটনার পরিপ্রেক্ষিতেই মিষ্টিকে বাদ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বিভাগের অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে পল্টন থানা পুলিশ ১৪ জন, খিলগাঁও থানা পুলিশ ১৩ জন, শাহজাহানপুর থানা পুলিশ ১৩ জন, সবুজবাগ থানা পুলিশ ১০ জন, মতিঝিল থানা পুলিশ ৭ জন, মুগদা থানা পুলিশ ৭ জন এবং রামপুরা থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, কারিগরি সমীক্ষা সম্পন্ন হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। তিনি উল্লেখ করেন, "তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে।"
এই মন্তব্য তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধনকালে করেন।
মন্ত্রী আরও বলেন, "গত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এর ফলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বিভিন্ন ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতি এখনো রয়ে গেছে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।"
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।"
কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থানের বিষয়েও মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, "বিএনপি থেকে আসন না পাওয়া জেলার মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থাও তৈরি হবে।"
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ