ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অবশেষে এক্সে অভিভাবকীয় নিয়ন্ত্রণ, তবে বাবা-মায়ের জন্য রয়েছে শর্ত


অবশেষে এক্সে অভিভাবকীয় নিয়ন্ত্রণ, তবে বাবা-মায়ের জন্য রয়েছে শর্ত

দুই দশক পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) অভিভাবকীয় নিয়ন্ত্রণ বা প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে। এই নতুন সুবিধার মাধ্যমে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট ব্যবহারের সময়সীমা এবং কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা অভিভাবকদের হাতে থাকবে। তবে এই সুবিধা ব্যবহারের জন্য একটি শর্ত রয়েছে। অভিভাবকেরা সন্তানের অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ চালু করতে পারবেন, কিন্তু এর জন্য কিশোর-কিশোরীদের সম্মতি প্রয়োজন হবে।

এক্সের অফিশিয়াল সেফটি অ্যাকাউন্টে প্রকাশিত ঘোষণায় উল্লেখ করা হয়েছে, নতুন এই সুবিধার উদ্দেশ্য হলো কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিভাবকদের প্রয়োজনীয় নিয়ন্ত্রণ প্রদান করা।

অভিভাবকেরা যেসব নিয়ন্ত্রণ পাবেন

আরও পড়ুন: মানিকগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একরামুল হক রবিন ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেফতার

নতুন সুবিধার আওতায় ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কিছু নিরাপত্তাব্যবস্থা ডিফল্টভাবে চালু থাকবে। এর মধ্যে প্রোফাইল ব্যক্তিগত রাখা, সংবেদনশীল কনটেন্ট সীমিত করা এবং টার্গেটেড বিজ্ঞাপন বন্ধ রাখা অন্তর্ভুক্ত রয়েছে।

অভিভাবকেরা সন্তানের এক্সে ব্যবহারের সময়সীমা গত সাত দিনে কতটুকু ছিল, তা দেখতে পারবেন। চাইলে তাঁরা দৈনিক ব্যবহারের সময়সীমাও নির্ধারণ করতে পারবেন, যা ১৫ মিনিটের ধাপে করা যাবে। নির্ধারিত সময় শেষ হলে স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাত পর্যন্ত অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।

এছাড়া, অভিভাবকেরা সন্তানের নতুন ফলোয়ারদের অনুমোদন দিতে পারবেন, নির্দিষ্ট শব্দ মিউট করতে পারবেন এবং ‘ফর ইউ’ ফিডে কনটেন্ট দেখার পরিধি সীমিত করার সুযোগ পাবেন। চাইলে এই ফিডে শুধুমাত্র অনুসরণ করা অ্যাকাউন্টের পোস্ট ও ভিডিও দেখানোর ব্যবস্থা করা যাবে।

ডাইরেক্ট মেসেজের ক্ষেত্রেও অভিভাবকদের নিয়ন্ত্রণ থাকবে। তাঁরা চাইলে শুধুমাত্র ভেরিফায়েড ব্যবহারকারী অথবা সন্তানের অনুসরণ করা ব্যক্তিদের কাছ থেকে বার্তা আসার অনুমতি দিতে পারবেন। পাশাপাশি, সন্তান যেসব অ্যাকাউন্টের সঙ্গে ব্যক্তিগতভাবে বার্তা আদান-প্রদান করে, সেগুলোর তালিকাও দেখতে পারবেন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয় মেসেজ পাঠানোর সুবিধা

অভিভাবকদের জন্য নিয়ন্ত্রণের সুযোগ থাকলেও কিশোর-কিশোরীদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করেছে এক্স। অভিভাবকেরা সন্তানের ব্যক্তিগত বার্তা পড়তে পারবেন না এবং সার্চ ও দেখার ইতিহাসও দেখতে পারবেন না। সন্তানের হয়ে পোস্ট করা কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগও থাকবে না।

অভিভাবকেরা যদি অ্যাকাউন্টে কোনো সেটিংস পরিবর্তন করেন, তবে তার রেকর্ড কিশোর-কিশোরীদের দেখানো হবে। এক্সের সেফটি বিভাগের প্রধান মাইকেল ও'হার্লিহি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, অভিভাবকেরা সন্তানের অনলাইন ব্যবহারে বাস্তবসম্মত নিয়ন্ত্রণ চান। অন্যদিকে কিশোর-কিশোরীদের নিজেদের মতো বেড়ে ওঠার সুযোগ থাকা প্রয়োজন।

যেভাবে চালু করবেন অভিভাবকীয় নিয়ন্ত্রণ

এই সুবিধা চালু করতে অভিভাবককে প্রথমে এক্সের প্যারেন্টাল কন্ট্রোলস বিভাগে যেতে হবে। সেখান থেকে একটি কিউআর কোড অথবা আমন্ত্রণের লিংক তৈরি করতে পারবেন। লিংকটির মেয়াদ থাকবে ৭২ ঘণ্টা।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে হিসাব পেশায় প্রস্তুতির আহ্বান

এরপর কিশোর-কিশোরীকে সেই কিউআর কোড স্ক্যান করতে হবে অথবা লিংকে প্রবেশ করতে হবে। সেখানে অভিভাবকেরা কী কী নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কোন বিষয়গুলো তাঁদের নাগালের বাইরে থাকবে, তার তালিকা দেখানো হবে। সবকিছু পর্যালোচনা করে সম্মতি দিলে তবেই সংযুক্ত হবে দুটি অ্যাকাউন্ট।

একজন অভিভাবক সর্বোচ্চ পাঁচটি কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট তদারক করতে পারবেন। তবে একজন কিশোর-কিশোরী সর্বোচ্চ একজন অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হতে পারবে। অ্যাকাউন্টে দেওয়া জন্মতারিখের ভিত্তিতে এই সুবিধার যোগ্যতা নির্ধারণ করা হবে। প্রয়োজনে বয়স যাচাইয়ের জন্য পরিচয়পত্র বা সেলফিও চাইতে পারে এক্স। কিশোর-কিশোরীর বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে এই তদারকি বন্ধ হয়ে যাবে।

সম্মতিই সবচেয়ে বড় বাধা

নতুন এই সুবিধা চালুর পেছনে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগও ভূমিকা রেখেছে। ২০২৬ সালে এক্সের মালিক ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রককে ঘিরে শিশুদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও ওরেগন অঙ্গরাজ্য গ্রকের নিরাপত্তাব্যবস্থা দুর্বল থাকার অভিযোগে মাস্কের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, চ্যাটবটটি ব্যবহার করে সম্মতিবিহীন যৌন আবেদনময় ডিপফেক ছবি এবং শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত উপাদান তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে নতুন ‘অডিও স্টিকার’ ফিচার, শব্দ যুক্ত হবে ভিডিওতে

তবে নতুন অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, এটি চালু করতে দুই পক্ষের সম্মতি বাধ্যতামূলক। অর্থাৎ, কিশোর-কিশোরীরা চাইলে অভিভাবকের পাঠানো আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারবে। ফলে অভিভাবকেরা চাইলেও সন্তানের অ্যাকাউন্টে সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন না।

এ ছাড়া বয়স যাচাইয়ের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। এক্সে অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীর দেওয়া জন্মতারিখের ওপর প্রাথমিকভাবে নির্ভর করা হয়। ফলে কেউ চাইলে প্রাপ্তবয়স্ক হিসেবে জন্মতারিখ দিয়ে কিশোর বয়সের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

বাংলাদেশের ফ্যাশন ও সৌন্দর্যশিল্পের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করে বিশেষ সম্মাননা লাভ করেছেন দেশের বিখ্যাত বিউটি ও হেয়ার বিশেষজ্ঞ কাজী কামরুল ইসলাম। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

‘হেয়ার এশিয়া’ আয়োজন প্রতিবছর ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এবারের আয়োজন অনুষ্ঠিত হয় ২৪ নভেম্বর, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। সেখানে কাজী কামরুল ইসলামের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে কাজী কামরুল ইসলাম বলেন, “এটি সত্যিই আমার জীবনের অন্যতম সেরা অর্জন। তবে এই অর্জন শুধু আমার একার নয়। হেয়ার এশিয়ার মতো আন্তর্জাতিক মঞ্চে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি, যা পুরো দেশের জন্য গর্বের বিষয়।”

পুরস্কার অর্জনের পাশাপাশি, এবারের ‘হেয়ার এশিয়া’র বিচারক প্যানেলেও দায়িত্ব পালন করেছেন কাজী কামরুল ইসলাম। এই বিচারক প্যানেলটি বিশ্বের আটটি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত, যারা এশিয়ার সেরা মেকআপ আর্টিস্ট ও সেরা হেয়ারস্টাইলিস্ট নির্বাচন করেন।

এদিকে, আন্তর্জাতিক এই আয়োজনে অংশ নিয়ে তিনি নিজের পরবর্তী বড় উদ্যোগের ঘোষণা দিয়েছেন। ব্লু বার্ড ইভেন্টসের সহযোগী প্রতিষ্ঠান বি কে করপোরেট সলিউশনের আয়োজনে আগামী বছরের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৭’-এর দ্বিতীয় আসর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পিছু হটেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পিছু হটেছে

পারস্য উপসাগরের হেঙ্গাম দ্বীপের নিকটবর্তী অঞ্চলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে পিছু হটতে বাধ্য হয়েছে।

এই তথ্যটি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে। এরপর বিমানটি দ্রুত গতিপথ পরিবর্তন করে পিছু হটে।

আইআরজিসি জানিয়েছে, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানটি হেঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলীয় সমুদ্রসীমার কাছে ইরানের আকাশসীমার নিকটে চলে এসেছিল। এ সময় বিমানটি কয়েকটি জাহাজকে পাহারা দিচ্ছিল এবং তাদের আকাশপথে নিরাপত্তা প্রদান করছিল। ইরানি বাহিনী দাবি করেছে যে, ওই জাহাজগুলো সামুদ্রিক চলাচল সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করছিল।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার কারণে মার্কিন যুদ্ধবিমানটি দ্রুত কৌশলগতভাবে দিক পরিবর্তন করে সরে যায়।

এদিকে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল নিয়ন্ত্রণের নিয়ম লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে আইআরজিসি। তারা জানিয়েছে, এ ধরনের নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষ এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে গুরুতর পরিণতির সম্মুখীন হতে হতে পারে।

আইআরজিসি আরও উল্লেখ করেছে যে, ইরানের আকাশসীমার নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। যুক্তরাষ্ট্রের বিমান যদি বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাচাদো ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংস্কারের উপায় খুঁজছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


মাচাদো ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংস্কারের উপায় খুঁজছেন

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছেন নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলায়। রাজধানী কারাকাসের নিকটবর্তী একটি বিশাল শ্রমজীবী এলাকায় নির্বাচনের সময় সম্পর্কে জানতে চাইলে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাসের সঙ্গে সমস্বরে বলেন, ‘আগামীকাল, আগামীকাল।’ তারা দ্রুত সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ উদ্যোগের লক্ষ্য হলো দেশজুড়ে এবং বিদেশে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকদের কাছ থেকে গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে প্রস্তাব সংগ্রহ করা। যুক্তরাষ্ট্রের অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ১১ মাস পর মাচাদো এই উদ্যোগ গ্রহণ করেছেন।

তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান এ পরামর্শ কার্যক্রমে কয়েক মাস ধরে ১০ লাখের বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

গত অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফেরার পর, মাচাদো যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলগুলোর একটি অংশের সঙ্গে চলমান ক্ষমতা হস্তান্তর বিষয়ক আলোচনায় অন্তর্ভুক্ত হননি।

তবুও তিনি সাধারণ মানুষকে এ উদ্যোগে অংশ নিতে উৎসাহিত করতে কারাকাসের নিকটবর্তী পেতারেসহ তিনটি শ্রমজীবী এলাকায় যান। সেখানে ছোট ছোট জনসমাগমে মানুষের সঙ্গে মিশে কথা বলেন।

মাচাদো সেখানে পৌঁছালে মানুষ ‘স্বাধীনতা’ স্লোগানে তাকে স্বাগত জানান। অনেকে তাকে জড়িয়ে ধরেন, চুম্বন করেন। কেউ আবেগে কেঁদে ফেলেন, আবার কারও কণ্ঠ আবেগে কেঁপে ওঠে। সবাই তার সঙ্গে ছবি তুলতে চান।

কাম্পো-রিকো এলাকার একটি ছোট বারান্দায় প্রায় ৩০ জন মানুষ বড় একটি কম্পিউটার পর্দার সামনে জড়ো হন। সেখানে মাচাদোর দলের তৈরি ‘পুন্তো দে আকুয়েরদো’ (সমঝোতার জায়গা) নামের অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ২০টি প্রশ্নের উত্তর দেন তারা।

প্রশ্নগুলোতে বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মজুরি ও পেনশন, সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা এবং বিশেষ করে নির্বাচনের বিষয় উঠে আসে।

অংশগ্রহণকারীরা একমত হন যে, ২০২৭ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিলেও এ বিষয়ে সময়ক্ষেপণ করছেন বলে মনে করা হচ্ছে।

২০২৪ সালের ভেনেজুয়েলার নির্বাচনে বিরোধী দল প্রায় ৮০ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফলপত্র সংগ্রহ করেছিল। এসব ফলাফলপত্রে তাদের প্রার্থী বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বলে দেখা যায়।

তবে সাইবার হামলার অজুহাত দেখিয়ে সরকার কখনোই নির্বাচনের বিস্তারিত ফলাফল প্রকাশ করেনি।

সামাজিক আন্দোলনকর্মী জোনাতান মোলানো মাচাদোকে বলেন, ‘এখানকার মানুষ ভোটের ফলাফলপত্র সংগ্রহ করেছিলেন। তারাও নাগরিক সমাবেশের অংশ। এখন তারা ভবিষ্যতের দেশ কীভাবে গড়ে তোলা যায়, তা নিয়ে আলোচনা করছেন। আপনি যে সরকারের নেতৃত্ব দেবেন, তার জন্য বিভিন্ন ধারণা ও প্রস্তাব নিয়ে তারা মতবিনিময় করছেন।’

সংকট মোকাবিলায় উদ্যোগ

এক মাস আগে নির্বাসন থেকে দেশে ফেরার পর মাচাদো তার সমর্থকদের সংগঠিত করার পাশাপাশি নিজ দলের বাইরের মানুষকেও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন।

বুধবার শিক্ষার্থীদের সঙ্গে এক সভায় তিনি প্রতিশ্রুতি দেন, রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় থাকবে ‘ক্ষোভ ছাড়াই সত্য এবং প্রতিশোধ ছাড়াই বিচার’।

মাচাদো বলেন, ‘পুন্তো দে আকুয়েরদো’ কর্মসূচির লক্ষ্য হলো একই পরিকল্পনার আওতায় ‘সব ভেনেজুয়েলানকে’ ঐক্যবদ্ধ করা।

পশ্চিম কারাকাসের শ্রমজীবী এলাকা লা ভেগায় একটি নাগরিক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। এটি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বাস্তব উদাহরণ। নতুন প্রজাতন্ত্রের ভিত্তি তৈরি হবে এই উদ্যোগের মধ্য দিয়েই।’

দেশটির চলমান সংকটের কথা তুলে ধরে মাচাদো বলেন, ‘আমাদের শিশুদের যে সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা মোকাবিলা করতে হবে। প্রায় ৪০ লাখ শিশু স্কুলে যায় না। তাই না? অবসরপ্রাপ্ত ব্যক্তিরা মাসে মাত্র এক ডলার পেনশন পান, যা দিয়ে তারা ওষুধও কিনতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। আর কত? আমাদের এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মানুষের যত্ন নেওয়ার মধ্য দিয়ে দেশকে আবার সচল করে তুলতে হবে।’

‘পুন্তো দে আকুয়েরদো’ প্ল্যাটফর্মের মহাপরিচালক ফাবিও ভ্যালেন্তিনি বলেন, ‘এখানে যে মতামত ও প্রস্তাব সংগ্রহ করা হচ্ছে, তা নিঃসন্দেহে মারিয়া কোরিনার সরকারের কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখবে। এ পর্যায়ে আমরা মানুষের কাছে যে বিষয়গুলো জানতে চাইছি, সেগুলো হলো প্রজাতন্ত্রের ভিত্তি নির্ধারণকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিমালা।’

২০ বছর বয়সী স্থাপত্যের শিক্ষার্থী হোর্হে পুলিদো শ্রমজীবী এলাকা আন্তিমানোর একটি বাড়ির ছাদে মাচাদোর সঙ্গে দেখা করে গভীর আবেগাপ্লুত হন। প্রশ্নমালাটি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এতে পুরো দেশের বিষয়গুলো খুব ভালোভাবে উঠে এসেছে। সব নাগরিকই এতে অংশ নিচ্ছেন। আমরা সবাই যেন একটি পরিবারের সদস্য। এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে এখন আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের নেতা মারিয়া কোরিনার সমর্থন বেশি প্রয়োজন।’

পুলিদো বলেন, তার জন্ম ২০০৬ সালে। জীবনের পুরোটা সময় তিনি ‘চাভিস্তা সরকারের’ কারণে সৃষ্ট বিপর্যয় দেখেই বড় হয়েছেন।

এর কিছুক্ষণ পর মাচাদোর বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন ৬৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মী এদুয়ার্দো আউলার। মাসে মাত্র ২৬০ বলিভার বা ২৫ মার্কিন সেন্ট পেনশন পান তিনি।

আউলার এএফপিকে বলেন, ‘আমি সারা জীবন গণতন্ত্রের পক্ষে ছিলাম। আমার পূর্বপুরুষ, দাদা-দাদির সময় থেকেই আমাদের পরিবার এ আদর্শে বিশ্বাসী। আমাদের পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রয়োজন। মাচাদো গণতন্ত্রের প্রতীক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%