০৮:২৫ পি.এম
ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে (এফপিএল) দল গঠনের প্রক্রিয়ার সময় গোপন দলীয় তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা নিয়ে নিজেদের খেলোয়াড় ও কর্মীদের সতর্ক করেছে চেলসি। ক্লাবের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইলে উল্লেখ করা হয়েছে, এফপিএলসহ বিভিন্ন অনলাইন গেমিং প্ল্যাটফর্মে দল নির্বাচন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে খেলোয়াড়দের চোট বা দলে ফেরার তথ্য প্রকাশিত হতে পারে।
চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর চোটের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হওয়ার আগে এফপিএল দলের পরিবর্তনের মাধ্যমে সেই তথ্য ছড়িয়ে পড়ার পর এই সতর্কবার্তা জারি করা হয়। গত মাসে টটেনহ্যামের বিরুদ্ধে ২-০ গোলে হারের সময় চেলসির একাদশে পেদ্রোর অনুপস্থিতি ছিল বিস্ময়কর। পরবর্তীতে জানা যায়, তিনি কোয়াড্রিসেপসের চোটে ভুগছিলেন।
বিবিসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, এফপিএলের কিছু প্রভাবশালী কনটেন্ট নির্মাতা দাবি করেছেন, ম্যাচ শুরুর আগে অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড মরগান রজার্স এবং চেলসির কয়েকজন কর্মী তাঁদের ফ্যান্টাসি দল থেকে পেদ্রোকে সরিয়ে দিয়েছিলেন। অথচ তখন পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে তাঁর চোটের বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
আরও পড়ুন: নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ
এই প্রসঙ্গে ম্যাচের পর চেলসি কোচ জাবি আলোনসোকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তিনি ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। তিনি বলেন, ‘আমি ফ্যান্টাসি দলের বিষয়গুলো নিয়ে থাকি না, তাই এ সম্পর্কে জানতাম না।’
চেলসির জন্য দলীয় তথ্য ফাঁসের ঘটনা নতুন নয়। গত মৌসুমে লিয়াম রোজেনিয়রের চার মাসের দায়িত্বকালে প্যারিস সেন্ট জার্মেইর বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের দুই লেগের ম্যাচের আগে দলের একাদশ ফাঁস হয়েছিল। এছাড়া গত মৌসুমে ব্রাইটনের বিপক্ষে ম্যাচের আগে মার্ক কুকুরেয়ারের নাপিত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, জোয়াও পেদ্রো ও কোল পালমার খেলতে পারবেন না। তিনি ক্লাবের খেলোয়াড়ের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এই তথ্য পেয়েছিলেন বলে জানা যায়।
তবে চেলসি এফপিএল খেলার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে না। ক্লাবটি ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে এবং খেলোয়াড় ও কর্মীদের মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণ সম্ভব বলেই মনে করছে।
ইংলিশ ফুটবলে এ ধরনের ঘটনা অতীতে ঘটেছে। আর্সেনাল, লিভারপুল, লেস্টার ও নিউক্যাসলের খেলোয়াড়দের এফপিএল দলে পরিবর্তনের মাধ্যমে সম্ভাব্য দলীয় তথ্য ফাঁসের একাধিক উদাহরণ রয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে লেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচের আগে অ্যাস্টন ভিলার জ্যাক গ্রিলিশের অনুপস্থিতির খবর ফাঁস হওয়া ছিল সবচেয়ে আলোচিত একটি ঘটনা। পরে লেস্টার কোচ ব্রেন্ডন রজার্স জানান, ম্যাচের আগেই গ্রিলিশের চোটের গুঞ্জন সম্পর্কে তিনি অবগত ছিলেন।
আরও পড়ুন: অ্যাসিস্টে ইউরোপসেরা ইয়ামাল, কেইনকে পেছনে ফেললেন
বর্তমানে ১ কোটি ১০ লাখের বেশি মানুষ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলছেন। ফুটবল সংস্কৃতির একটি বড় অংশ হয়ে ওঠা এই প্রতিযোগিতায় জুয়া-সংক্রান্ত কঠোর নিয়ম থাকলেও ক্লাবের সংশ্লিষ্ট ব্যক্তিরা কীভাবে বা আদৌ এফপিএলে অংশ নিতে পারবেন, সে বিষয়ে প্রিমিয়ার লিগের নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। বিষয়টি সাধারণত সংশ্লিষ্ট ক্লাবগুলোর নিজস্ব ব্যবস্থাপনার ওপর নির্ভর করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন