০৭:০০ পি.এম
ভারতীয় সনাতন রীতির বিয়ের সঙ্গে জড়িত থাকে পুরোহিত, মন্ত্রপাঠ, অগ্নিসাক্ষী এবং ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান। যদি বিয়ের মূল ভিত্তি হয় দুজন মানুষের সম্মতি ও একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকার, তাহলে প্রচলিত আনুষ্ঠানিকতার গুরুত্ব কতটুকু? প্রায় এক শতাব্দী আগে এই প্রশ্নটি তোলেন ভারতের তামিলনাড়ুর একটি সমাজসংস্কার আন্দোলন। সেই আন্দোলনের ফলস্বরূপ শুরু হয় ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’ বা আত্মমর্যাদার বিয়ের প্রচলন।
সম্প্রতি এই বিয়ের রীতি আলোচনায় আসে ভারতের সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারানের বিয়ের মাধ্যমে। গ্রিসে বিয়ের পর গত ১১ নভেম্বর তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসে। ছবিতে দেখা যায়, তারা একে অপরকে মালা পরিয়েছেন এবং গলার হার বা চেন বিনিময় করেছেন। তবে প্রচলিত হিন্দু বিয়ের মতো পুরোহিত, অগ্নিসাক্ষী কিংবা মন্ত্রপাঠের কোনো ছবি দেখা যায়নি।
পরে জানা যায়, তারা ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’ রীতিতে বিয়ে করেছেন। স্থানীয় রাজনৈতিক দল ডিএমকের তথ্যপ্রযুক্তি শাখার সম্পাদক টিআরবি রাজা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অনিরুদ্ধ ও কাব্য একে অপরকে মালা পরিয়েছেন। তাদের পরিবারের দুই জ্যেষ্ঠ ব্যক্তি দুজনের হাতে চেইন তুলে দেন। পরিবার ও বন্ধুদের আশীর্বাদে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। তারা অন্য কোনো প্রথা অনুসরণ করেননি।
আরও পড়ুন: অভিনয়ের স্বপ্ন পূরণে মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন দীপিকা
কী এই সেলফ-রেসপেক্ট ম্যারেজ
সেলফ-রেসপেক্ট ম্যারেজের মূল কথা হলো, বিয়ের ক্ষেত্রে দুজন মানুষের স্বাধীন ইচ্ছা, সম্মতি ও সমান মর্যাদাই প্রধান। প্রচলিত ধর্মীয় আচার, পুরোহিত কিংবা দীর্ঘ আনুষ্ঠানিকতা এই বিয়ের জন্য অপরিহার্য নয়। যুগল নিজেরাই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণের ঘোষণা দেন। এ সময় আত্মীয়স্বজন, বন্ধু কিংবা পরিচিতজনেরা সাক্ষী হিসেবে উপস্থিত থাকেন। তাদের সামনে মালা, আংটি বা অন্য কোনো প্রতীক বিনিময়ের মাধ্যমে বিয়ের অঙ্গীকার করা হয়।
তামিল ভাষায় এই বিয়েকে বলা হয় ‘সুয়ামরিয়াথাই তিরুমানম’। এই রীতিতে নারী ও পুরুষের সমান অধিকার এবং ব্যক্তিস্বাধীনতার ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতপাতের বিভেদ, সামাজিক বৈষম্য, পণপ্রথা ও পুরুষতান্ত্রিক বিবাহব্যবস্থার বিরোধিতাও এর অন্যতম ভিত্তি।
অর্থাৎ, এই বিয়ের ধারণায় বিবাহের স্বীকৃতির জন্য ধর্মীয় কর্তৃপক্ষ বা পুরোহিতের উপস্থিতি বাধ্যতামূলক নয়। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বেচ্ছায় একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াই এখানে মুখ্য।
আরও পড়ুন: ন্যাশনাল লাইফ ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে
যেভাবে শুরু হয়েছিল এই বিয়ের প্রচলন
সেলফ-রেসপেক্ট ম্যারেজের ইতিহাস ভারতের সমাজসংস্কারক পেরিয়ার ইভি রামস্বামীর সঙ্গে জড়িত। ১৯২৫ সালে তিনি তামিলনাড়ুতে ‘সেলফ-রেসপেক্ট মুভমেন্ট’ বা আত্মমর্যাদা আন্দোলন শুরু করেন।
বিংশ শতকের প্রথম ভাগে শুরু হওয়া এই আন্দোলনের লক্ষ্য ছিল জাতপাতের বিভেদ, সামাজিক বৈষম্য এবং নারীর ওপর চাপিয়ে দেওয়া পুরুষতান্ত্রিক নিয়মের বিরোধিতা করা। প্রচলিত বিবাহব্যবস্থাও ছিল আন্দোলনের সংস্কার-আলোচনার অন্যতম ক্ষেত্র।
পেরিয়ারের আন্দোলন থেকে প্রশ্ন ওঠে, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, তাহলে তাদের বিয়ের স্বীকৃতির জন্য পুরোহিত কিংবা নির্দিষ্ট ধর্মীয় আচার কেন প্রয়োজন হবে? বিয়েতে পণপ্রথা এবং নারী-পুরুষের অসম অবস্থানের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হয়।
আরও পড়ুন: জয়পুরহাটের ৩০০ বছরের পুরোনো নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’
এই চিন্তা থেকেই এমন একটি বিবাহরীতির প্রচলন করতে চাওয়া হয়, যেখানে পাত্র-পাত্রীর সম্মতিই হবে প্রধান। ধর্মীয় আচার পালন না করেও দুজন মানুষ সামাজিকভাবে তাদের বিবাহিত জীবন শুরু করতে পারবেন।
১৯২৮ সালে প্রথম সেলফ-রেসপেক্ট ম্যারেজ অনুষ্ঠিত হয়। সেই বিয়েতে প্রচলিত ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুসরণ করা হয়নি। যুগলের সম্মতিকে গুরুত্ব দিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
আইনি স্বীকৃতি পায় ১৯৬৭ সালে
এই বিবাহরীতির ইতিহাসে ১৯৬৭ সাল গুরুত্বপূর্ণ। ওই বছর তামিলনাড়ুতে হিন্দু বিবাহ আইনে ৭এ ধারা যুক্ত করে সেলফ-রেসপেক্ট ম্যারেজকে আইনি স্বীকৃতি দেওয়া হয়।
আরও পড়ুন: জেমস বন্ডের নতুন নায়িকা হিসেবে কার নাম আলোচনায়?
এই ধারার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করে দুই হিন্দু ব্যক্তির বিয়ে পুরোহিত কিংবা প্রচলিত ধর্মীয় আচার ছাড়াই সম্পন্ন করা যায়। অর্থাৎ, যুগল নিজেরা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণের ঘোষণা দিতে পারেন এবং সাক্ষীদের উপস্থিতিতে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।
তবে এই আইনি স্বীকৃতির পরিধি সীমিত। হিন্দু বিবাহ আইনের ৭এ ধারা মূলত তামিলনাড়ুতে প্রযোজ্য। ফলে ভারতের অন্য রাজ্য কিংবা অন্য ধর্মের মানুষের বিয়ের ক্ষেত্রে এই ধারার সুবিধা সরাসরি প্রযোজ্য নয়।
অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের মধ্য দিয়ে তাই আবারও আলোচনায় এসেছে প্রায় এক শতাব্দী পুরনো এই বিবাহরীতি। যেখানে বিয়ের মূল ভিত্তি হিসেবে গুরুত্ব পেয়েছে দুজন মানুষের পারস্পরিক সম্মতি, স্বাধীনতা ও সমান মর্যাদা।
আরও পড়ুন: লোকগানে নতুন প্রজন্মের ছয় শিল্পীর এক মঞ্চে পরিবেশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন