০৬:৪০ পি.এম
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্বটি ধারণ করা হয়েছে জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে, যা তিন শতাধিক বছরের পুরোনো। এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে দিঘির কোলঘেঁষে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে।
হানিফ সংকেতের উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) প্রচারিত হবে। অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয়েছিল দিঘির স্বচ্ছ জলরাশি, প্রাচীন স্থাপনার আবহ এবং নান্দনিক আলোকসজ্জায়। আয়োজনটি ঘিরে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক উপস্থিত হন।
এবারের পর্বে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান পরিবেশন করা হবে। এর মধ্যে একটি গান গেয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান, দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশীদ আলম। এই গানটি তার শ্রোতাপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: অভিনয়ের স্বপ্ন পূরণে মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন দীপিকা
এছাড়া চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলতে একটি মনোমুগ্ধকর জেলা পরিচিতিমূলক নৃত্যগীত পরিবেশন করা হয়েছে। মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন শিল্পী রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নাচটিতে অংশগ্রহণ করেছে স্থানীয় নৃত্যশিল্পীরা। সুরের মূর্ছনা এবং নৃত্যছন্দে মুগ্ধ হয়ে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
দর্শকপর্বের নিয়ম অনুযায়ী, জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা জয়পুরহাটের অন্যতম প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ এবং ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।
বরাবরের মতো ইত্যাদির এই পর্বেও দর্শকদের জন্য সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী কিছু প্রতিবেদন উপস্থাপন করা হবে। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি এবং দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রার পাশাপাশি এই জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর ওপর তৈরি করা হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন।
আরও পড়ুন: ন্যাশনাল লাইফ ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে
এছাড়া জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন রয়েছে। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যারা নিজেদের নীরবতাকেই শক্তিতে পরিণত করেছেন। বিশেষ প্রতিবেদন রয়েছে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিস্ময়কর শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর, যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি ফুটিয়ে তোলেন।
অনুষ্ঠানের শেষে রয়েছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ এক নীরব কর্মী লেয়াকত আলীর ওপর একটি মানবিক প্রতিবেদন। পেশায় একজন সাধারণ ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হলেও তিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।
এছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ। ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। দেয়ালবন্দী নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা, পর্দা সমাচারসহ বেশ কয়েকটি নাট্যাংশ উপস্থাপন করা হবে।
ইত্যাদির এবারের পর্বে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তাবেদার ই রসুল চান্নু, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, নিপু, মুকুল সিরাজ, সুর্বনা মজুমদার, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি, এমএনইউ রাজু, নূর এ আলম নয়ন, সাবরিনা নিসা, শাওন মজুমদার, সুজাত শিমুল, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ আরো অনেকে।
আরও পড়ুন: ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’: আইন ও এর মৌলিক ধারণা
ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।
নতুন এই পর্বটি ২৭ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন