ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

পোল্যান্ডের ক্রাকোতে ছয়জনকে হত্যার সন্দেহভাজন হামলাকারীর হাসপাতালে মৃত্যু


পোল্যান্ডের ক্রাকোতে ছয়জনকে হত্যার সন্দেহভাজন হামলাকারীর হাসপাতালে মৃত্যু

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিবর্ষণের মাধ্যমে ছয়জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হাসপাতালে মারা গেছেন। দেশটির পুলিশ জানায়, ২৪ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু সোমবার (৯ নভেম্বর) সকালে ঘটে।

শনিবার (৭ নভেম্বর) পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর ব্যস্ত মেইন মার্কেট স্কয়ারে গুলিবর্ষণ করেন তিনি। পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মন্ত্রীরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারী চরম ডানপন্থী মতাদর্শে অনুপ্রাণিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার খবর পেয়ে সশস্ত্র সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। হামলা শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে পুলিশ তাঁকে গুলি করে। কর্মকর্তারা জানান, এতে আরও বড় ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধ সম্ভব হয়েছে।

আরও পড়ুন: অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, বললেন ট্রাম্প

শনিবার স্থানীয় সময় বেলা ৩টার (জিএমটি দুপুর ২টা) কিছু আগে ক্রাকোর ব্যস্ত মেইন মার্কেট স্কয়ারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ হামলাকারীকে ২৪ বছর বয়সী এক পোলিশ নাগরিক হিসেবে শনাক্ত করে, তবে প্রাথমিকভাবে তাঁর নাম প্রকাশ করা হয়নি।

হামলার কয়েক ঘণ্টা পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারী চরম ডানপন্থী মতাদর্শে অনুপ্রাণিত ছিলেন। বিস্তারিত কিছু না জানিয়ে তাঁকে ‘উগ্র জাতীয়তাবাদী’ বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এ ঘটনায় চার নারী ও দুই পুরুষসহ মোট ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পোলিশ নাগরিক রয়েছেন। এছাড়া একজন ব্রিটিশ নাগরিক ও একজন অস্ট্রীয় নারীও নিহত হয়েছেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, হামলার পর সন্দেহভাজন বন্দুকধারীর বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ পাওয়া যায়। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ ছিলেন। পরে পুলিশ নিশ্চিত করে, তাঁরা হলেন হামলাকারীর ৫৩ বছর বয়সী বাবা, ৫২ বছর বয়সী মা এবং ২১ বছর বয়সী বোন।

আরও পড়ুন: ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্প

এ ঘটনায় হামলাকারীসহ মোট ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক ও দুজন পুলিশ সদস্য ছিলেন। আহত বিদেশিদের মধ্যে অস্ট্রিয়া, যুক্তরাজ্য, জার্মানি, পর্তুগাল ও রাশিয়ার নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তথ্যসূত্র: বিবিসি, এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে নৌকা থেকে ১২ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার, ১৮ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


গ্রিসে নৌকা থেকে ১২ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার, ১৮ জনকে জীবিত উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের নিকটবর্তী একটি নৌকা থেকে ১২ জন মৃত অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ সোমবার ভোরের দিকে এসব মরদেহ উদ্ধার করা হয়। গ্রিসের কোস্ট গার্ড এই তথ্য নিশ্চিত করেছে। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

কোস্ট গার্ডের একজন কর্মকর্তা জানান, কালোই লিমেনেস বন্দরের প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে ওই নৌকা থেকে আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও, ক্রিট দ্বীপের কাছাকাছি আরও দুটি পৃথক ঘটনার মাধ্যমে কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সকলকে তীরে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে আসা অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের জন্য দীর্ঘদিন ধরে ইউরোপে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে গ্রিস পরিচিত। ২০১৫ ও ২০১৬ সালের ইউরোপে অভিবাসন সংকটের সময় দেশটি সবচেয়ে বেশি চাপের সম্মুখীন হয়েছিল। ঐ দুই বছরে প্রায় ১০ লাখ মানুষ গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছানোর ঘটনা ঘটে। তাদের মধ্যে অধিকাংশই তুরস্ক থেকে এসেছিলেন।

পরবর্তীতে গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের সংখ্যা কমে এসেছে। এ সময়ে সমুদ্র ও সীমান্তে টহল বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। তবে ক্রিট দ্বীপ হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাদের অনেকেই উত্তর-পূর্ব লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বরিশালের হারানো খাল পুনরুদ্ধারের জন্য ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় নগরীর ২০টি খাল এবং ১০টি পুকুর পুনঃখনন করা হবে। এর পাশাপাশি, ১০টি খালের পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, সড়কবাতি স্থাপন, বৃক্ষরোপণ এবং সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়া হয়েছে।

নগরবাসীর প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে এবং বরিশালের ঐতিহ্যবাহী খালকেন্দ্রিক পরিবেশ ফিরে আসবে। একসময় বরিশাল নগরীর প্রাণপ্রবাহ ছিল এসব খাল। খালগুলো নৌপথে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং নগরীর পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু সময়ের পরিবর্তনে দখল, দূষণ এবং ভরাটের কারণে হারিয়ে গেছে সেই চিত্র। অনেক খাল বর্তমানে সরু নালায় পরিণত হয়েছে, আবার কোথাও খালের অস্তিত্বই খুঁজে পাওয়া কঠিন।

সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, কাগজে-কলমে বরিশাল নগরীতে ২৪টি খাল থাকলেও দখল ও দূষণের কারণে বর্তমানে কোনোরকমে টিকে আছে মাত্র সাতটি। দীর্ঘদিন ধরে নগরবাসী খালগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছেন। নতুন প্রকল্প অনুমোদনের খবরে তাই তারা আশার আলো দেখছেন।

কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা জহির উদ্দিন বলেন, "খালগুলো ভরাট ও দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে থাকে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। খালগুলো সঠিকভাবে পুনঃখনন ও দখলমুক্ত করা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।"

হাসপাতাল রোডের ষাটোর্ধ্ব আকবর মিয়া বলেন, "একসময় বরিশালের খালগুলো দিয়ে নৌকা চলাচল করত। খালগুলো ছিল নগরীর সৌন্দর্য ও যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এখন অনেক খাল ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে।" তিনি মনে করেন, "শুধু খনন করলেই হবে না, ভবিষ্যতে যাতে কেউ খাল দখল করতে না পারে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।"

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের উপপরিচালক দিপু হাফিজুর রহমান বলেন, "নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পের সুফল পেতে হলে পরিকল্পিতভাবে কাজ বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, "সাথে সাথে খালগুলো দখল ও দূষণমুক্ত রাখতে নাগরিকদের সম্পৃক্ত করে নিয়মিত তদারকির ব্যবস্থা প্রয়োজন।"

নগর ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের আওতায় ২০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন করা হবে। এছাড়া, ১০টি খালের পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন, বৃক্ষরোপণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়ার পাশাপাশি নগরীর পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন হবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুম্পা সিকদার বলেন, "প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন হবে। একই সাথে খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা, পাড় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার সুযোগ তৈরি হবে।" তিনি উল্লেখ করেন, "প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হবে।"

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, "বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল পুনরুদ্ধারের এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান, কারণ দীর্ঘদিনের দাবি পূরণে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। তার প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি হারানো খালগুলো ফিরে পাবে প্রাণচাঞ্চল্য। বরিশাল আবারও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টার মধ্যে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে। এই অভিযানের ফলে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গবাদিপশু, প্যান্টের কাপড়, কারেন্ট জাল, ওষুধ, সার ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা

জলবায়ু পরিবর্তনের প্রভাব, চরম খরা ও সেচের কারণে তীব্র আর্থিক লোকসানের সম্মুখীন হয়ে বিকল্প চাষাবাদের দিকে ঝুঁকছেন তুরস্কের কৃষকরা। সরকারি বা আন্তর্জাতিক সহযোগিতার জন্য অপেক্ষা না করে, খরাপ্রবণ পশ্চিমাঞ্চলের কৃষকরা কয়েক দশকের তুলা চাষ ছেড়ে কম পানি ও কম খরচের গম এবং সূর্যমুখী রোপণ শুরু করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্কের মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় ৫ শতাংশ আসে কৃষি খাত থেকে। দেশের মোট ব্যবহৃত পানির ৭৯ শতাংশ কৃষিতে ব্যবহৃত হয়, যার প্রায় অর্ধেক অদক্ষ সেচব্যবস্থার কারণে নষ্ট হয়ে যায়। ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ ৩১) শুরু হতে যাওয়ার ঠিক আগে মাঠ পর্যায়ের কৃষকরা জানাচ্ছেন, অতিরিক্ত সেচ খরচ এবং জ্বালানি ও সারের দামের সঙ্গে তাল মেলাতে না পেরে তারা বাধ্য হয়ে ফসল পরিবর্তন করছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, তুরস্ক এক সময় বিশ্বের অষ্টম বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ ছিল, কিন্তু বর্তমানে তুলা চাষ আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে বীজ তুলা উৎপাদন আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ কমে ১২ লাখ মেট্রিক টনে নেমে আসতে পারে। সোকে অঞ্চলের কৃষকরা খরার কারণে তুলা চাষের জমি প্রায় ৬০ শতাংশ কমিয়ে এনেছেন। অন্যদিকে মার্কিন কৃষি বিভাগের মতে, ২০২৬-২৭ মৌসুমে দেশটির তুলা চাষ আরো ৩০ শতাংশ কমে ২,৭৫,০০০ হেক্টরে নেমে আসতে পারে।

পানিসংকটের পাশাপাশি, তুরস্কের বিদ্যমান সেচ অবকাঠামোও বেশ দুর্বল। নদী ও বাঁধের অপরিশোধিত পানি ব্যবহারের কারণে পাইপ ও ড্রিপ হোস আটকে নষ্ট হয়ে যায়। আন্তর্জাতিক সংস্থা এফএও এবং ব্যাংকগুলোর তরফ থেকে প্রযুক্তি ও টেকসই অর্থায়নের কিছু উদ্যোগ থাকলেও, মূলধন ও জামানতের অভাবে ক্ষুদ্র কৃষকরা তার সুফল পাচ্ছেন না।

বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, দ্রুত টেকসই পদক্ষেপ না নিলে সেচের পানি ১০ শতাংশ কমে গেলে তুরস্কের জিডিপির প্রায় ৬ শতাংশ বা ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। (কপ ৩১) সম্মেলনে রাষ্ট্রীয় ও বেসরকারি অর্থায়নের নতুন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও, বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল কাগজ-কলমের প্রতিশ্রুতি নয়, বাস্তব সহায়তা সরাসরি কৃষকদের হাতে পৌঁছানোই হবে এই সংকটের মূল সমাধান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%