১০:৫৪ এম
চট্টগ্রামে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার সময় লোহাগাড়া উপজেলা সদরের নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে ওই ব্যক্তি মারা যান।
নিহত মোহাম্মদ আলমগীর (৫০) বাসিন্দা ছিলেন লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ তজু মুন্সির গ্যারেজ এলাকার। তিনি সাউন্ড হেলথ হাসপাতালের সামনে একটি হোটেল পরিচালনা করতেন।
আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলমগীরের স্ত্রী নতুন সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে যাওয়ার জন্য মহাসড়কটি পার হচ্ছিলেন আলমগীর। ঠিক তখনই কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন এবং পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
নতুন সাউন্ড হেলথ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী জানান, আলমগীরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।
এ নিয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, সদক দুর্ঘটনায় আহত একজন ব্যক্তি চমেক হাসপাতালে মারা গেছেন। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন