রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪৩ পি.এম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নিউইয়র্কে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের মধ্যবর্তী সময়ে তারা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার রিপোর্ট অনুযায়ী, বৈঠকে চলমান ভূরাজনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং বিভিন্ন অমীমাংসিত আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আরাগচি আঞ্চলিক সংঘাত নিরসনে সংলাপ এবং বহুপক্ষীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেন।
নিউইয়র্কে ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে ইরানের কূটনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আরাগচি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। বৈঠকগুলোতে হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদানের বিষয়টিও আলোচনায় এসেছে।
অন্যদিকে, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক পরিচালনা করছেন। সংলাপ, পারস্পরিক আস্থা এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করাকে তাঁর সভাপতিত্বের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান। সেই আলোচনায় সাধারণ পরিষদকে আন্তর্জাতিক সংলাপের কার্যকর ও প্রতিনিধিত্বশীল মঞ্চ হিসেবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জ জেলা কারাগারে অবস্থানকালে অসুস্থ হয়ে কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল আমিন রুহুল সরকার (৫০) মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তিনি ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তি লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত উসমান গণির পুত্র ছিলেন। তিনি কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক এবং কটিয়াদী দলিল লেখক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই নুরুল আমিন জানিয়েছেন, তার ভাইয়ের মাঝে মাঝে বুকে ব্যথা অনুভব হতো। কারাগারে থাকার সময় তিনি কিছুদিন অসুস্থ ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইনি জটিলতার কারণে কয়েক ঘণ্টা সময়ক্ষেপণ হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। একপর্যায়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পর রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সম্প্রতি তিনি ওমরাহ পালন শেষে দেশে ফিরে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। দুদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও অভিযোগ রয়েছে যে তিনি সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাননি।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর দুপুরে খাইরুল আমিন রুহুল সরকারকে কটিয়াদী মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খাইরুল আমিন রুহুল সরকার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় প্রথমে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পুলিশি ব্যবস্থাপনায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেছেন যে, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপির কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তার মতে, নিউ গিনি প্রপার্টিজে লিমিটেডের জমি নিয়ে বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান উল্লেখ করেছেন, ‘নিউ গিনি প্রোপার্টিজ সংলগ্ন সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে আট কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সাবেক কর্মকর্তাদের অভিযোগ, নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দীন প্রভাব বিস্তার করে ওই জমি দখল করেছেন।’
তিনি আরও দাবি করেছেন যে, সম্প্রতি সালমান মুক্তাদির নাজিম উদ্দীনের কাছ থেকে পাঁচ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও স্থাপন করেন। পরে নাজিম উদ্দীন তিনটি নতুন গেট স্থাপন করেন, যাতে অন্য জমির মালিকরা ভেতরে প্রবেশ করতে না পারেন। সাবেক কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে লোকজন নিয়ে গেট ভাঙতে গেলে ভুলবশত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হয়।
রাশেদ খান লেখেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত। সরকারি সাবেক কর্মকর্তা হিসেবে তারা আইনের আশ্রয় নিতে পারতেন, তা না করে পাল্টা পেশিশক্তি দেখাতে গিয়ে পুরোপুরি বিএনপির ওপর দায় চাপিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানে পরে যারা ইসলামী ব্যাংক দখল থেকে শুরু করে বিভিন্ন সম্পদ নিজেদের দাবি করে দখল করা শুরু করেছিল, তারাই আজকে সব ঘটনায় বিএনপিকে দোষারোপ করে ভিলেন বানাতে অপচেষ্টা করে যাচ্ছে।’
রাশেদ খান উল্লেখ করেন, ‘সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে তারপর মন্তব্য করা। কিন্তু তিনি সব পক্ষের সঙ্গে কথা না বলে বিএনপির লোকজনকে চাঁদা দেয়নি বলে স্টুডিও ভেঙেছে মর্মে বক্তব্য দিলেন! আশা করি, এবার তিনি সত্যতা তুলে ধরবেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : রিয়াদের বিভিন্ন স্কুল আগামী এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে এবং অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ তথ্য অভিভাবকদের জন্য রোববার একটি ই-মেইলে জানানো হয়। বার্তা সংস্থা এএফপির কাছে প্রাপ্ত দুটি আলাদা বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, পুরো সপ্তাহ জুড়ে স্কুলগুলো বন্ধ থাকবে।
তবে, স্কুল বন্ধ রাখার পেছনে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এই সিদ্ধান্তটি এমন সময়ে জানানো হলো, যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলার কারণে সৌদি আরব প্রতিদিনই নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিয়াদে বসবাসকারী একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, “কোনো সিদ্ধান্ত যখন পুরো স্কুল কমিউনিটিকে এক সপ্তাহ ধরে প্রভাবিত করে, তখন ওই সিদ্ধান্তের কারণ সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়ার অধিকার শিক্ষার্থীদের অভিভাবকদের রয়েছে।”
লেবানিজ প্রবাসী আরেক অভিভাবক মন্তব্য করেন, “এটি একেবারেই শেষ মুহূর্তের সিদ্ধান্ত। কী ঘটছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই।”
স্কুল বন্ধের এই ঘোষণা এমন একদিন পর এসেছে, যখন ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
সাম্প্রতিক হামলাগুলো সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার অংশ।
জুলাই মাসে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন করে হামলা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ইয়েমেনের সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে চলমান বৃহত্তর যুদ্ধের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েছে।
এর আগে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সৌদি আরবের ওপর হুতিদের ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়েছে।
নিরাপত্তা পরিষদ বলেছে, এসব হামলায় “নারী ও শিশুসহ বেসামরিক মানুষ” আহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তবে, এ সময়ে নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঢাকা বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৭৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৬৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলায় ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত ৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মধুখালীতে ৪ জন এবং সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হয়েছেন। তবে, আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে কোনো রোগী ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে চিকিৎসা শেষে ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলেছে, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যাবশ্যক। এ জন্য বাসাবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ