রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪৪ পি.এম
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : রিয়াদের বিভিন্ন স্কুল আগামী এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে এবং অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ তথ্য অভিভাবকদের জন্য রোববার একটি ই-মেইলে জানানো হয়। বার্তা সংস্থা এএফপির কাছে প্রাপ্ত দুটি আলাদা বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, পুরো সপ্তাহ জুড়ে স্কুলগুলো বন্ধ থাকবে।
তবে, স্কুল বন্ধ রাখার পেছনে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এই সিদ্ধান্তটি এমন সময়ে জানানো হলো, যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলার কারণে সৌদি আরব প্রতিদিনই নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিয়াদে বসবাসকারী একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, “কোনো সিদ্ধান্ত যখন পুরো স্কুল কমিউনিটিকে এক সপ্তাহ ধরে প্রভাবিত করে, তখন ওই সিদ্ধান্তের কারণ সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়ার অধিকার শিক্ষার্থীদের অভিভাবকদের রয়েছে।”
লেবানিজ প্রবাসী আরেক অভিভাবক মন্তব্য করেন, “এটি একেবারেই শেষ মুহূর্তের সিদ্ধান্ত। কী ঘটছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই।”
স্কুল বন্ধের এই ঘোষণা এমন একদিন পর এসেছে, যখন ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
সাম্প্রতিক হামলাগুলো সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার অংশ।
জুলাই মাসে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন করে হামলা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ইয়েমেনের সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে চলমান বৃহত্তর যুদ্ধের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েছে।
এর আগে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সৌদি আরবের ওপর হুতিদের ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়েছে।
নিরাপত্তা পরিষদ বলেছে, এসব হামলায় “নারী ও শিশুসহ বেসামরিক মানুষ” আহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তবে, এ সময়ে নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঢাকা বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৭৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৬৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলায় ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত ৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মধুখালীতে ৪ জন এবং সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হয়েছেন। তবে, আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে কোনো রোগী ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে চিকিৎসা শেষে ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলেছে, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যাবশ্যক। এ জন্য বাসাবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড় এবং তালা উপজেলার পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় ঘটে এই দুর্ঘটনাগুলি।
নিহতদের মধ্যে রয়েছেন– সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান সবুজ (২৮) এবং সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের আব্দুস সবুরের ছেলে রাকিবুল হাসান (১৯)।
সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলচালক রাকিবুল হাসান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর একটি কভার্ড ভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক মেহেদী হাসান সবুজ ঘটনাস্থলেই মারা যান। মেহেদী ডুমুরিয়া এলাকায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানার ওসিরা জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রমের প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে আটক ২৮৯ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ১০৬ জনকে মুক্তি দিয়েছে পুলিশ। এই তথ্যটি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ওসি আরিফুর ইসলাম রোববার দুপুরে।
তিনি জানান, আটককৃতদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ১০৬ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ বা সংশ্লিষ্টতার তথ্য না পাওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শনিবার দুপুরে জাসদ কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। পরে সেখান থেকে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেওয়া হয়। পুলিশের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
আটকদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যও রয়েছেন। জাসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দলের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন।
পুলিশের বক্তব্য অনুযায়ী, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বৈঠকের পাশাপাশি সেখান থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার তথ্যও পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালায়। তবে জাসদ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগ অস্বীকার করেছে। দলটির দাবি, এটি ছিল পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভা এবং সভার বিষয়ে পুলিশকে আগেই অবহিত করা হয়েছিল।
এর আগে শনিবার দুপুর থেকেই জাসদ কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছিল যুবদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। কার্যালয়ের ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন—এমন অভিযোগ তুলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে অভিযান পরিচালনা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : মিরপুরের ‘রাড্ডা’ স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নয়জনকে আটক করেছে।
ডিএমপির একটি সংক্ষিপ্ত বার্তায় আজ জানানো হয়েছে যে, পুলিশ স্বাস্থ্য কেন্দ্রটি থেকে লুট করা দুই ট্রাকভর্তি মালামালও উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার মধ্যরাতে স্বাস্থ্য কেন্দ্রটিতে হামলা চালানো হয়। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ