০১:২৬ পি.এম
বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঋণের জন্য সর্বোচ্চ সুদের হার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এই সুদের হার নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে সংশোধিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
নির্দেশনার অধীনে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা লাভ করবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ হবে।
শরীয়াহভিত্তিক অর্থায়নের ক্ষেত্রেও মুনাফার হার ৭ শতাংশের বেশি হতে পারবে না।
আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
ঋণের মেয়াদ খাত ও প্রকল্পভেদে নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট খাতে ঋণের সর্বোচ্চ মেয়াদ ১৮ মাস হবে, যার মধ্যে তিন মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড থাকবে। অন্যদিকে, অন্যান্য নির্ধারিত খাত ও প্রকল্পে ঋণের মেয়াদ সর্বাধিক ৩৬ মাস এবং এ ক্ষেত্রে তিন থেকে ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন গ্রহণের তারিখ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আসল এবং ৩ শতাংশ সুদ বা মুনাফা বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করবে।
যদি তহবিলের অর্থ যথাযথভাবে ব্যবহার না করা হয় অথবা গ্রাহকের কাছ থেকে ৭ শতাংশের বেশি সুদ বা মুনাফা আদায় করা হয়, তবে সংশ্লিষ্ট অর্থের ওপর নির্ধারিত হারের অতিরিক্ত ২ শতাংশ সুদ বা মুনাফা ধার্য করে এককালীন আদায় করা হবে।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
এছাড়া, গ্রাহক পর্যায়ে ৭ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বিতরণের বিষয়টি জানাতে ব্যাংকের শাখার ভেতরে ও বাইরে দৃশ্যমান স্থানে ব্যানার স্থাপন করতে হবে। পাশাপাশি, বিশেষ প্রচারণার মাধ্যমে এ রেয়াতি ঋণ সুবিধার বিষয়ে গ্রাহকদের অবহিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশোধিত নির্দেশনায় উল্লেখিত বিষয় ছাড়া আগের সার্কুলারের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন