মাসুদুর রহমান জামালপুর প্রতিনিধি
০৫:৪৪ পি.এম
জামালপুরের মেলান্দহে ৪০ গ্রাম হেরোইন সঙ্গে মোঃ আনোয়ার হোসেন (২২) এবং মোছাঃ শাপলা আক্তার (২১) নামের স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। আনোয়ার হোসেন ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে এবং মোছাঃ শাপলা আক্তার সেই এলাকার মোঃ আবু সাঈদ এর মেয়ে ও আনোয়ার হোসেনের স্ত্রী।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ৮(গ) ধারায় নিয়মিত মামলা দায়ের করার পর বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম।
তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন স্যারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) সদস্যরা জামালপুর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে আটটায় মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত এ অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ স্বামী-স্ত্রীকে আটক করে। স্থানীয় এলাকাবাসীর সম্মুখে তল্লাশি পরিচালনা করে আনোয়ার হোসেনের নিকট হতে ২০ গ্রাম এবং শাপলা আক্তারের নিকট হতে ২০ গ্রামসহ সর্বমোট ৪০ (চল্লিশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর স্বামী-স্ত্রী এবং তারা হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, জামালपुर জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের কাছে জানিয়ে জনসাধারণকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের জোয়ারীখোলা গ্রামের মোবারক মেম্বার বাড়িতে, পুকুরের পানিতে ডুবে নাদিম (২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
নিহত নাদিম হলেন প্রবাসী আলম মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১০টার সময় বাড়ির উঠানে দুই ভাই খেলাধুলা করছিল। হঠাৎ সবার অগোচরে নাদিম বাড়ির পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। ছোট ভাইকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে বড় ভাই হামিম (৪)। কিন্তু হামিমও পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর পানিতে ছটফট করার আওয়াজ শুনে পরিবারের সদস্যরা এবং আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং দুই শিশুকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে হামিমকে দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকের সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে, ছোট শিশু নাদিমকে উদ্ধার করার আগেই তার মৃত্যু ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটির (পিএনএসবি) কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ডা. শিরিন আফরোজ নির্বাচিত হয়েছেন।তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট এর শিশু নেফ্রোলজি বিভাগের প্রফেসর (অধ্যাপক)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. সৈয়দ সাইমুল হক, যিনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির শিশু নেফ্রোলজি বিভাগের এসোসিয়েট প্রফেসর (সহযোগী অধ্যাপক) হিসেবে দায়িত্ব পালন করছেন। পিএনএসবি’র দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. আমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এর সাথে আরও উল্লেখ করা হয় যে, ১৯ জুলাই (রোববার) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সোসাইটির কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশাবাদী যে, তারা দেশে শিশু কিডনি রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং এ সংক্রান্ত গবেষণামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে সক্ষম হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছে, তার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া।
তিনি বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে হতাশা প্রকাশ করেন।
ঢাবি শিক্ষিকা মোনামীও ফেসবুক পোস্টে লিখেছেন, 'দুইদিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে। দুইদিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম... Why!!! Simply why!!'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ ২ হাজার ৭১৯ টি মামলা করেছে।
মঙ্গলবার রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে, যার ফলে এসব মামলা তৈরি হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩৪ টি বাস, দু’টি ট্রাক, সাত টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ১৮১ টি মামলা হয়েছে। একইভাবে, ট্রাফিক-লালবাগ বিভাগে ৪৪ টি বাস, ১৪ টি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি এবং ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২০০ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬৩ টি বাস, তিনটি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৮৪ টি সিএনজি ও ১৩১ টি মোটরসাইকেলসহ মোট ৪৫৬ টি মামলা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮০ টি বাস, ৩৯ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ২৯৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৩ টি বাস, পাঁচ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫৬ টি বাস, ১২ টি ট্রাক, নয় টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজিসহ ২২৩ টি মোটরসাইকেল নিয়ে মোট ৩৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭৯ টি বাস, ২০ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯৫ টি বাস, পাঁচ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেল নিয়ে মোট ৩৪৭ টি মামলা করা হয়েছে।
অভিযানকালে মোট ৫৮৭ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩২৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ