ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

পেট্রোবাংলার পরিচালক পদের অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রকৌশলী মো. শোয়েব


পেট্রোবাংলার পরিচালক পদের অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রকৌশলী মো. শোয়েব

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্থাটির পরিচালক (পিএসসি) পদে কর্মরত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শোয়েব। 

এদিকে, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) প্রকৌশলী রফিকুল ইসলামকে সংস্থাটির চেয়ারম্যানের দপ্তরে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারীকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহানা বেগম স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারীকৃত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। অফিস আদেশের তথ্য অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অথবা পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) পদে নতুন কেউ সার্বক্ষণিক দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্রকৌশলী মো. শোয়েব নিজ পদের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব সামলাবেন। 

আরও পড়ুন: তৃতীয় টার্মিনাল ঘিরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে শুরু হলো আন্তর্জাতিক প্রতিযোগিতা

আদেশের মূল শর্তাবলির মধ্যে উল্লেখ রয়েছে: এই অতিরিক্ত দায়িত্ব প্রদানকে সম্পূর্ণ সাময়িক ব্যবস্থা হিসেবে গণ্য করা হবে। এই পদায়ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতায় কোনো প্রভাব ফেলবে না এবং পরবর্তীতে নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন করবে না। ভবিষ্যৎ পদায়নের বিষয়টি, পরবর্তীতে এ পদে যদি কোনো কর্মকর্তা পূর্ণাঙ্গভাবে নিয়োগ, বদলি বা পদোন্নতি পায়, তাহলে প্রকৌশলী মো. শোয়েব স্বীয় পরিচালক (পিএসসি) পদে ফিরে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশা দমনে যুক্তরাষ্ট্রে নতুন উদ্যোগ, ছাড়া হবে ৬ লাখ মশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মশা দমনে যুক্তরাষ্ট্রে নতুন উদ্যোগ, ছাড়া হবে ৬ লাখ মশা

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা টড মন্টগোমারি তার বাড়ির আঙিনায় ছোট একটি টিউবের ঢাকনা খুলে শত শত মশা ছেড়ে দেন। তবে এটি কোনো দুষ্টুমি নয়, বরং মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের একটি নতুন বৈজ্ঞানিক উদ্যোগ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি যে মশাগুলো ছাড়েন, সেগুলো সবই পুরুষ মশা। পুরুষ মশা মানুষকে কামড়ায় না। এদের শরীরে ওলবাকিয়া নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া থাকে। এসব পুরুষ মশা যখন এই ব্যাকটেরিয়াবিহীন স্ত্রী মশার সঙ্গে মিলিত হয়, তখন স্ত্রী মশার ডিম আর ফুটে না। ফলে নতুন মশার জন্ম বন্ধ হয়ে যায়।

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। গ্রীষ্মের শেষ নাগাদ পুরো এলাকায় প্রায় ৬ লাখ এশিয়ান টাইগার মশা ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মশা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ‘বি সেফ মসকুইটো কন্ট্রোল’-এর ৩২ বছর বয়সী প্রতিষ্ঠাতা টড মন্টগোমারি এএফপিকে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যেন একটি টিকটিক করা সময়বোমার ওপর বসে আছি।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির কারণে উষ্ণ ও আর্দ্র দিনের সংখ্যা বেড়েছে। এতে রোগবাহী মশার বংশবিস্তার ও সক্রিয় থাকার সময়ও দীর্ঘ হচ্ছে।

‘জ্যাপ মেলস ’ নামে বাজারজাত এই পদ্ধতি শুধু এশিয়ান টাইগার মশার ওপর কার্যকর। এই মশা যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রজাতি নয়, তবে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের জীবাণু বহন করে। সম্প্রতি উত্তর ভার্জিনিয়ায় স্থানীয়ভাবে ডেঙ্গু সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত হওয়ায় বিষয়টি নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

কেন্টাকির বাসিন্দা ও সাবেক বৈদ্যুতিক প্রকৌশলী মন্টগোমারি প্রতিরক্ষা খাতে চাকরির জন্য ওয়াশিংটন এলাকায় আসেন। পরে ২০২৩ সালে তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার লক্ষ্য ছিল আবাসিক এলাকায় মশা দমনে রাসায়নিক কীটনাশক ব্যবহারের বিকল্প তৈরি করা।

বর্তমানে কীটতত্ত্বে স্নাতকোত্তর অধ্যয়নরত মন্টগোমারি বলেন, ‘দেশীয় উদ্ভিদ ও পরাগায়নকারী প্রাণীর প্রতি আমার আগ্রহ থেকেই এই উদ্যোগের সূচনা। নিজের বাড়ির আশপাশে কীটনাশক ছিটাতে দেখে মনে হয়েছে, এর একটি নিরাপদ বিকল্প প্রয়োজন।’

মন্টগোমারির গ্রাহকদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। তারা প্রচলিত কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের পরিবার ও পোষা প্রাণীদের রক্ষা করতে চান। বিশেষ করে বাইফেনথ্রিন নামের বহুল ব্যবহৃত রাসায়নিকটি সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী পদার্থ হিসেবে বিবেচিত হওয়ায় অনেকেই এর ব্যবহার এড়িয়ে চলছেন।

৬৭ বছর বয়সী স্যান্ড্রা মারকুয়ার্ট বলেন, ‘আমাদের একটি সুন্দর বাগান আছে। কিন্তু মে বা জুনে গাছ লাগানোর পর অক্টোবর পর্যন্ত মশার উপদ্রবের কারণে সেখানে যাওয়া প্রায় অসম্ভব।’

স্তন ক্যানসার জয়ী মারকুয়ার্ট টেকসই বস্ত্র নিয়ে পরামর্শ দেন এবং একটি ছোট কৃষিপণ্যের বাজার পরিচালনা করেন।

তিনি বলেন, নিজের বাড়িতে কখনো কীটনাশক স্প্রে করাতে চাননি। তবে প্রতিবেশীরা স্প্রে করানোর পর তাদের স্বস্তি দেখে কখনো কখনো হিংসাও হতো।

ওলবাকিয়া পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্যভাবে কার্যকর।’ এখন তিনি স্বামীর সঙ্গে বাড়ির বারান্দায় বসে নিশ্চিন্তে খাবার খেতে পারেন, বাগানেও কাজ করতে পারেন। আগে যেভাবে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হতে হতো, এখন আর তা হয় না।

এ পর্যন্ত ২৫ জন গ্রাহক এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। প্রত্যেকে ১৬ সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে দেড় হাজার পুরুষ মশা পাচ্ছেন।

ওলবাকিয়া ব্যাকটেরিয়া মশার শরীরে প্রাকৃতিকভাবেই থাকতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন, যদি পুরুষ মশার শরীরে এই ব্যাকটেরিয়া থাকে কিন্তু স্ত্রী মশার শরীরে না থাকে, অথবা ভিন্ন ধরনের ওলবাকিয়া থাকে, তাহলে তাদের মিলনের পর ডিম নিষ্কি হয়ে যায় এবং বংশবিস্তার বন্ধ হয়।

এ ধরনের কর্মসূচির সবচেয়ে বড় সরকারি উদ্যোগ চলমান রয়েছে সিঙ্গাপুরে। ‘প্রজেক্ট ওলবাকিয়া’ নামে ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় বর্তমানে প্রতি সপ্তাহে ১ কোটিরও বেশি পুরুষ মশা ছাড়া হচ্ছে।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, এই পদ্ধতি এডিস ইজিপ্টাই প্রজাতির মশার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি ৭০ শতাংশেরও বেশি হ্রাস করেছে।

গত মে মাসে একই ধরনের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় ৩ কোটি ২০ লাখ মশা ছাড়ার অনুমতি চেয়ে আবেদন করেছে গুগল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেটা ইউজার ও প্রোভাইডার অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলাদেশি বিজ্ঞানী কবির উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


ডেটা ইউজার ও প্রোভাইডার অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলাদেশি বিজ্ঞানী কবির উদ্দিন

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ : জিওস্পেশিয়াল এক্সপার্ট বাংলাদেশি বিজ্ঞানী কবির উদ্দিন ডেটা ইউজার ও প্রোভাইডার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ২০২৬ সালের গ্লোবাল ফ্লাড পার্টনারশিপ (জিএফপি) বার্ষিক সম্মেলন যুক্তরাষ্ট্রের ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে তাকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে তিনি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের পানি, পরিবেশ ও স্বাস্থ্য ইনস্টিটিউটে (ইউএনইউ-আইএনডব্লিউইএইচ) দুর্যোগ ও বাস্তুতন্ত্র বিষয়ক ভূ-স্থানিক বিশ্লেষণের গবেষণা ফেলো হিসেবে কাজ করছেন।

‘ফ্রম রিসার্চ টু অপারেশনস: অ্যাডভান্সিং গ্লোবাল ফ্লুড ফোরকাস্টিং অ্যান্ড অপারেশনাল হাইড্রোলজি’ শিরোনামে সম্মেলনে অংশগ্রহণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭৮ জন জলবিজ্ঞানী, জিওস্পেশিয়াল এক্সপাট ও পেশাজীবী।

গ্লোবাল ফ্লাড পার্টনারশিপের স্টিয়ারিং কমিটি স্থানীয় পর্যায়ের অংশীজনদের কার্যকর সংযোগ স্থাপনে গবেষণালব্ধ প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য কবির উদ্দিনকে সম্মাননা প্রদান করেছে।

সম্মেলনে কবির উদ্দিন ‘বিয়ন্ড র‌্যাপিড ফ্লুড ম্যাপিং ফ্রম লোকাল টু ন্যাশনাল স্কেল ইউজিং অ্যাকশনেবল জিওস্পেশিয়াল ডেটা ফর রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ফ্লুড শেল্টার সুইটেবিলিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এই কার্যক্রমে তিনি উপগ্রহভিত্তিক ভূ-পর্যবেক্ষণ চিত্র ও ভৌগোলিক তথ্যব্যবস্থা (জিআইএস) ব্যবহার করে বন্যার ঝুঁকি মূল্যায়ন এবং উপযুক্ত আশ্রয়কেন্দ্র চিহ্নিত করার পদ্ধতি তুলে ধরেন।

ইউএনইউ-আইএনডব্লিউইএইচ-এ যোগদানের আগে, কবির উদ্দিন দুই দশকেরও বেশি সময় ধরে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিমড)-এ ডেটা বিশ্লেষক, ইন্টারন্যাশনাল চার্টার স্পেস অ্যান্ড মেজর ডিজাস্টার্স-এর প্রকল্প ব্যবস্থাপক এবং সেন্টিনেল এশিয়ার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্যাটেলাইটের মাধ্যমে বন্যার জলমগ্নতা মানচিত্র তৈরিতে তার উল্লেখযোগ্য কাজগুলো ২০০৮ সালের কোসি বন্যা, ২০১০ সালের পাকিস্তান বন্যা, ২০১৬ সালের বিহার বন্যা এবং নেপালের কাঠমান্ডু ও থামে এবং বাংলাদেশের ফেনী নদী অববাহিকায় ২০২৪ সালের বন্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও বন্যার ঝুঁকি হ্রাসে স্যাটেলাইট তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে, তিনি নেপালের জলবিজ্ঞান ও আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বাহিনীকে আরও আধুনিক করতে গুরুত্বের সঙ্গে ভূমিকা রাখবে : ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বাহিনীকে আরও আধুনিক করতে গুরুত্বের সঙ্গে ভূমিকা রাখবে : ডিএমপি কমিশনার

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার এবং জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি অর্থবহ ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অবদান রাখবে। তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই মন্তব্য করেছেন।

রাজধানীর পুলিশ অফিসার্স মেসে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া সভার শুরুতেই তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ডিএমপি কমিশনার পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকার ও পুলিশকে যারা বিতর্কিত করতে চায়, তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি পুলিশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সুফল প্রদান করবে।

সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তার সদস্যদের কল্যাণ নিয়ে উপস্থিত সদস্যগণ বিভিন্ন মতামত তুলে ধরেন। বর্তমান চ্যালেঞ্জসমূহ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে পুলিশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং পুলিশের উর্দ্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জামালপুর কমিউটার’ ট্রেনের চারটি বগি লাইচ্যুত হওয়ার পর প্রায় সাড়ে সাত ঘণ্টা অতিবাহিত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করেছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হওয়া এবং রেললাইন মেরামতের কাজ শেষ হওয়ার পর উভয়মুখী ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এ ঘটনাটির কারণ অনুসন্ধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি যখন গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের পূর্বে শিবগঞ্জ রোড রেলক্রসিংসংলগ্ন এলাকায় পৌঁছায়, তখন বিকট শব্দ হয়। এই সময় ট্রেনটির ইঞ্জিনের ঠিক পেছনের একটি পাওয়ার কারসহ চারটি বগি লাইচ্যুত হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, ট্রেনটির গতি কম থাকায় এই দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে বিভিন্ন স্টেশনে ঢাকাগামী ও ময়মনসিংহগামী কয়েকটি আন্তঃনগর ও লোকাল ট্রেন আটকা পড়ে। সাপ্তাহিক ছুটির দিনে এই আকস্মিক বিপর্যয়ে শত শত যাত্রী মাঝ‌পথে আটকা পড়ে চরম ভোগান্তির মুখে পড়েন। পরে খবর পেয়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানিয়েছেন, লাইচ্যুত বগিগুলো উদ্ধার করতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লাগে। বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ শেষ হওয়ার পর রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়।

এদিকে, চলন্ত ট্রেনের চারটি বগি কীভাবে ও কেন লাইচ্যুত হলো, তা খতিয়ে দেখতে রেলওয়ে প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

এরপর তদন্তের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%