০১:৪২ পি.এম
নেত্রকোনার পূর্বধলায় ফার্মেসিতে কাজ করা এক শিশুকে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে পুলিশ এক মাদ্রাসা পরিচালককে গ্রেফতার করেছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫০)-কে রোববার (১৮ অক্টোবর) রাতে গ্রেফতার করে।
অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলাল পূর্বধলা উপজেলার একটি মাদ্রাসার পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর একটি ফার্মেসির দোকানও রয়েছে, যেখানে ভুক্তভোগী শিশুটি কাজ করত।
লিখিত অভিযোগে শিশুটির বাবা উল্লেখ করেছেন, ঘটনার দিন রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে তাঁর সন্তান। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত দুলাল শিশুটিকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: শ্রীবরদীতে খালে ভাসা ড্রামে মিলল নারীর মরদেহ, শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন
অভিযোগ অনুযায়ী, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করেন এবং থানায় খবর দেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত দুলালকে গ্রেফতার করে। পরবর্তীতে নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ ও আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী ও কথিত প্রেমিকা পলাতক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন